
রি-এজেন্ট সংকটে কিডনি ও ক্যানসারের মতো মরণব্যাধির বিশেষায়িত তিন ধরনের পরীক্ষা হচ্ছে না চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে। সংশ্লিষ্ট চিকিৎসকেরা জানিয়েছেন, দুই সপ্তাহ ধরে এসব পরীক্ষা করা যাচ্ছে না। এদিকে বেসরকারি ল্যাবে এসব পরীক্ষা করা যায় না বলে বিপাকে রোগী ও তাঁদের স্বজনেরা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন লাগার পর থেকে এসব টেস্টের রি-এজেন্ট আসছে না। বন্ধ হয়ে যাওয়া পরীক্ষা তিনটি হলো বোন স্ক্যান, রেনোগ্রাম ও থাইরয়েড স্ক্যান। এর মধ্যে বোন স্ক্যান ও রেনোগ্রাম টেস্ট ৩ হাজার টাকা করে এবং থাইরয়েড স্ক্যান টেস্ট ৭০০ টাকা।
জানা গেছে, চমেক হাসপাতাল ক্যাম্পাসের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সে (ইনমাস) আধুনিক মেশিনের মাধ্যমে কিডনি ও ক্যানসার নির্ণয়ে ওই তিনটি পরীক্ষা করা হয়। তথ্যমতে, গত ১৯ অক্টোবর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে। কার্গো ভিলেজের (পণ্য রাখার স্থান) যে অংশে আগুন লেগেছিল, সেখানে আমদানি করা পণ্য রাখা হয়। সেখানে ওষুধের বিভিন্ন উপকরণও ছিল। আগুনের হাত থেকে সেসব রক্ষা করা যায়নি। অগ্নিকাণ্ডের পর নতুন করে উল্লিখিত টেস্টের উপকরণ বিদেশ থেকে আনা হয়নি।
এ বিষয়ে ইনমাস চট্টগ্রামের পরিচালক অধ্যাপক পবিত্র কুমার ভট্টাচার্য বলেন, ‘ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার পরও কিছুদিন এ তিনটি পরীক্ষা চলছিল। আগের রি-এজেন্টগুলো শেষ হয়ে যাওয়ায় দুই সপ্তাহ ধরে কিডনি ও ক্যানসার নির্ণয়ে পরীক্ষাগুলো বন্ধ রয়েছে। এখন সমস্যা হলো, এই তিনটি পরীক্ষা বেসরকারিভাবে চট্টগ্রামে কোথাও হয় না। তাই এখন রোগীদের বিপাকে পড়তে হচ্ছে।’
পবিত্র কুমার আরও বলেন, ‘প্রতি সপ্তাহে গড়ে প্রায় ১৫০ জন রোগী তিনটি পরীক্ষা করাতে আসেন।
এখন পরীক্ষাগুলো বন্ধ হওয়ায় তাঁরা ঝুঁকিতে পড়ছেন। এ নিয়ে রোগীরাও আমাদের কাছে আসেন। তাঁদের আবার সময় নিয়ে কাউন্সেলিং করতে হয়।’ এই বিষয়ে খুব দ্রুত সংশ্লিষ্টদের নজর দেওয়া উচিত বলেও জানান এই চিকিৎসক।
চিকিৎসকেরা জানিয়েছেন, বোন স্ক্যান হলো চিকিৎসায় একটি পারমাণবিক ইমেজিং পরীক্ষা, যা হাড়ের বিভিন্ন রোগনির্ণয়, যেমন ফ্র্যাকচার, সংক্রমণ, হাড়ের ক্যানসার এবং অন্যান্য অস্বাভাবিকতা শনাক্তে ব্যবহৃত হয়। এই পরীক্ষায় শরীরে একটি তেজস্ক্রিয় ট্রেসার ইনজেকশন দেওয়া হয়, যা পরে হাড়ে জমা হয় এবং স্ক্যানার দিয়ে হাড়ের একটি বিস্তারিত ছবি তোলা হয়। এটি এক্স-রে বা সিটি স্ক্যানের চেয়েও দ্রুত হাড়ের সমস্যাগুলো চিহ্নিত করতে পারে।
অন্যদিকে, রেনোগ্রাম হচ্ছে একটি রেডিও নিউক্লিয়ার ইমেজিং পরীক্ষা, যা কিডনির গঠন এবং কার্যকারিতা মূল্যায়নে ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে একটি তেজস্ক্রিয় ট্রেসার শিরায় ইনজেকশন করা হয় এবং বিশেষ ক্যামেরা ব্যবহার করে কিডনির ছবি তোলা হয়; যাতে দুটি কিডনি সঠিকভাবে কাজ করে কি না এবং এতে কোনো অস্বাভাবিকতা আছে কি না, তা পরীক্ষা করা হয়।
থাইরয়েড স্ক্যান হলো একটি ইমেজিং পদ্ধতি, যা থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা এবং গঠন পরীক্ষা করতে ব্যবহৃত হয়। এটি থাইরয়েডের আয়োডিন শোষণ করার ক্ষমতা মূল্যায়ন করে এবং হাইপারথাইরয়েডিজম, ক্যানসার বা অন্য কোনো অস্বাভাবিকতা বৃদ্ধি শনাক্ত করতে সাহায্য করে। থাইরয়েড স্ক্যানের দুটি প্রধান পদ্ধতি হলো নিউক্লিয়ার মেডিসিন স্ক্যান এবং আলট্রাসাউন্ড (ইউএসজি) স্ক্যান।
দ্রুততার সঙ্গে এই সংকটের সমাধান না হলে রোগীদের অবস্থা আরও নাজুক হবে বলে মন্তব্য করেন কাপ্তাই থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা আপ্রুমা মারমা।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩১ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৪ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
৪২ মিনিট আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
১ ঘণ্টা আগে