Ajker Patrika

ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যায় আরও ২ আসামি গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যায় আরও ২ আসামি গ্রেপ্তার
গ্রেপ্তার দুই আসামি। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বুধবার (৪ মার্চ) রাতে ভালুকার পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভালুকার বাটাজোর ডাকুরিয়া এলাকার সিয়াম আহম্মেদ (১৯) এবং হবিরবাড়ী ইউনিয়নের কড়ইতলা মোড় এলাকার আব্দুল্লাহ (২৮)।

পুলিশ জানায়, দীপু চন্দ্র দাস হত্যার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় বুধবার রাত সাড়ে ৮টায় বাটাজোর ডাকুরিয়া এলাকা থেকে সিয়ামকে এবং রাত ১০টায় জামিরদিয়া এলাকা থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার দিন দীপু চন্দ্র দাসের মরদেহ যখন স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় মেইন রোডের পাশে গাছে ঝুলানো ছিল, তখন গ্রেপ্তার এই দুই আসামি সেখানে সরাসরি উপস্থিত ছিলেন। তাঁরা রশি টেনে মরদেহ নিয়ে স্লোগান দেন এবং উপস্থিত জনতাকে উত্তেজিত করে তোলেন। শুধু তা-ই নয়, উত্তেজিত জনতাকে উসকানি দিয়ে মরদেহের ওপর নির্যাতন চালাতে তাঁরা মুখ্য ভূমিকা পালন করেন বলে জানায় ডিবি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আলোচিত এই হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ২৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে ১২ জন ইতিমধ্যে আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত