Ajker Patrika

হামলা জোরদার দুই পক্ষেরই

  • উন্নত অস্ত্র এখনো ব্যবহার করিনি: ইরান
  • ইরানের আরও ভেতরে হামলা করব: যুক্তরাষ্ট্র
  • আরও মার্কিন সেনা পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যে।
আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৩: ৩৩
হামলা জোরদার দুই পক্ষেরই
ফুজাইরা বন্দরের কাছে বিস্ফোরণে একটি জ্বালানি ডিপো থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। গতকাল সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শহরে। ছবি: এএফপি

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে যে যুদ্ধ ছড়িয়ে পড়েছে, তা আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। দুপক্ষের কথা থেকে এর ইঙ্গিত পাওয়া গেছে। ইসরায়েল ও আশপাশের দেশগুলোতে হামলা অব্যাহত রাখার পাশাপাশি ইরান গতকাল বুধবার বলেছে, সবচেয়ে উন্নত অস্ত্র এখনো তারা ব্যবহার করেনি। এদিকে যুক্তরাষ্ট্রও বলেছে, তারা ইরানের আরও ভেতরে হামলা করবে। আরও সেনা পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যে।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পঞ্চম দিন ছিল গতকাল। এর আগের রাতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা আল-উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালায় ইরান। সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সে দেশ লক্ষ্য করে ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটিকে মাঝপথেই ধ্বংস করে দেয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

তবে দ্বিতীয়টি রাজধানী দোহার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত মার্কিন ঘাঁটির ওপর পড়ে।

গতকাল ইরান হামলা করেছে সৌদি আরবেও। সেখানে সিআইএর একটি দপ্তরে হামলা চালিয়েছে তারা। এ ছাড়া আরও কিছু স্থাপনা লক্ষ্য করে হামলা হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা রাজধানী রিয়াদের দক্ষিণ অংশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

যুদ্ধ শুরুর পর এই প্রথম ন্যাটোর একমাত্র মুসলিমপ্রধান সদস্যদেশ তুরস্ক লক্ষ্য ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তবে ক্ষেপণাস্ত্রটি ঠেকিয়ে দেওয়া হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ন্যাটো প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। এ ঘটনার নিন্দা জানিয়েছে পশ্চিমা সামরিক জোটটি।

হামলা হয়েছে কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া ১০টি ড্রোন এবং ২টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের প্রতিরক্ষা বাহিনী তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১২১টি ড্রোন ভূপাতিত করেছে। এ ছাড়া আটটি ড্রোন দেশের ভেতরে আঘাত হেনেছে।

আল জাজিরা আরবির একজন সাংবাদিক জানিয়েছেন, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন দূতাবাসের লজিস্টিক সাপোর্ট ক্যাম্প লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে।

গতকাল ইরানের প্রভাবশালী বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) পক্ষ থেকে হামলার হালনাগাদ তথ্য দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, তারা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ১৭তম হামলায় ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

আল আজিরার খবরে বলা হয়েছে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে গতকাল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি রয়েছে ইরানের এবং তারা এখনো তাদের সবচেয়ে উন্নত অস্ত্রগুলো ব্যবহার করেনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেন, ‘এই চাপিয়ে দেওয়া যুদ্ধে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ার ও আক্রমণাত্মক প্রতিরক্ষা চালিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের আছে।’ তিনি আরও বলেন, ‘যুদ্ধের প্রথম দিনগুলোতেই আমরা আমাদের সমস্ত উন্নত অস্ত্র ও সরঞ্জাম ব্যবহার করি না।’

এদিকে ইরানের ফারস নিউজের খবরে বলা হয়, ইরানি বাহিনী বিশ্ববাণিজ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নিয়েছে।

ইরানে তীব্র মার্কিন-ইসরায়েলি হামলা

গত মঙ্গলবার রাতে ও গতকাল বুধবার ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রাখে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গতকাল তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বেশ কিছু এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ইরানের বিভিন্ন বাহিনীর দপ্তরসহ সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আইআরজিসি, বাসিজ, কুদ্‌স বাহিনী, সামরিক বাহিনীর গোয়েন্দা সদর দপ্তর। এ ছাড়া গতকাল ডুবোজাহাজ থেকে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র শ্রীলঙ্কার উপকূলে থাকা ইরানের একটি সামরিক জাহাজ ডুবিয়ে দিয়েছে। এতে জাহাজের অন্তত ৮৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার গতকাল এক্সে এক ভিডিও পোস্টে জানান, এই অভিযানে যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরি এবং বোমারু বিমান অংশ নিচ্ছে। এ সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে।

যুক্তরাষ্ট্রের আগামী পরিকল্পনা

গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে সংবাদ সম্মেলন করেন। এ সময় তাঁরা বলেন, এত দিন ইরানের দক্ষিণ প্রান্তে বেশি শক্তি প্রয়োগ করা হয়েছে। এখন ভূখণ্ডের আরও ভেতরে অভিযান চালানো হবে।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মতে, যুদ্ধ শুরুর এক সপ্তাহের কম সময়ের মধ্যে অর্থাৎ আগামী কয়েক দিনের মধ্যে ইরানের আকাশসীমার ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নেওয়ার আশা করছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। হেগসেথ আরও বলেন, মধ্যপ্রাচ্যে আরও সেনা পৌঁছাচ্ছে। এই যুদ্ধে জয় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সময় নেবে। ... এটি খুবই প্রাথমিক পর্যায়। প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলেছেন, সফল হওয়া নিশ্চিত করতে আমাদের যতটুকু সময়ের প্রয়োজন, আমরা ততটুকু নেব।’

এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র ফ্রান্স তাদের একমাত্র বিমানবাহী রণতরি শার্ল দ্য গলকে ভূমধ্যসাগরে পাঠানোর নির্দেশ দিয়েছে।

প্রাণহানির খতিয়ান

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে হতাহতের হালনাগাদ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)। গতকাল তারা বলেছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংস্থাটি জানায়, নিহত ব্যক্তিদের মধ্যে ১০ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ১৮১।

এইচআরএএনএ আরও জানিয়েছে, ইরানে বেসামরিক মানুষ আহত হওয়ার সংখ্যা ৫ হাজার ৪০২-এ পৌঁছেছে। তাদের মধ্যে ১০০ শিশু। গতকালের এ প্রতিবেদনে বলা হয়েছে, আগের ২৪ ঘণ্টায় ইরানে অন্তত ১০৪টি হামলার ঘটনা ঘটেছে। সংস্থাটির মতে, এসব হামলা সামরিক ঘাঁটি ছাড়াও চিকিৎসাকেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে।

এদিকে হামলার পঞ্চম দিনে এসে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধসংক্রান্ত ক্ষমতায় লাগাম টানার চেষ্টা করছে সিনেট। তাঁর ক্ষমতা হ্রাসের প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা গতকাল দিবাগত রাতে। আইন অনুযায়ী যুদ্ধ ঘোষণা করতে মার্কিন আইন পরিষদ কংগ্রেসের অনুমোদন লাগে। প্রেসিডেন্ট নিজে শুধু সীমিত কিছু সামরিক ব্যবস্থা নিতে পারেন। বিরোধী দল ডেমোক্র্যাটরা এই যুক্তিতে ইরানে হামলার সমালোচনা করছেন।

খামেনির দাফনের আনুষ্ঠানিকতা শুরু

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয় গত শনিবার। এরপর গতকাল রাত থেকে তাঁর শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা। তিন দিন ধরে চলবে এই আয়োজন। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গতকাল রাষ্ট্রীয় জানাজা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে সম্ভাব্য ‘নজিরবিহীন জনসমাগমের’ বিবেচনা থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, খামেনির উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া হয়েছে। গতকাল সন্ধ্যায় ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল, কয়েক ঘণ্টার মধ্যেই নতুন নেতা নির্বাচন শেষ হবে। তবে কখন তাঁর নাম ঘোষণা করা হবে, সেই বিষয়ে কিছু জানানো হয়নি।

এদিকে নতুন নেতা নির্বাচনের আগেই হুমকি দিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা এএফপি জানায়, দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গতকাল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, খামেনির উত্তরসূরি হিসেবে যাঁকেই বেছে নেওয়া হবে, তাঁকেই হত্যা করবে ইসরায়েল।

ভারতের অস্বীকৃতি

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন নৌবাহিনীকে নিজেদের বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর কট্টরপন্থী সংবাদমাধ্যম ‘ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক (ওএএন)’ এ দাবি করেছিলেন, এই সংঘাতে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো ভারতীয় বন্দর ব্যবহার করে থাকতে পারে।

বিশেষ দূত পাঠাবে চীন

এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মধ্যস্থতার জন্য চীন মধ্যপ্রাচ্যে বিশেষ দূত পাঠাবে। সৌদি আরব ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপের পর চীনা মন্ত্রী একথা জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত