ডিএসসিসির দুই অঞ্চলে গণশুনানি

মশার উৎপাত, জলাবদ্ধতা, নাগরিক সনদ পেতে ভোগান্তি, অবৈধ দখল, খেলার মাঠের সংকট ও পয়োনিষ্কাশন ব্যবস্থার দুরবস্থাসহ নানা সমস্যা তুলে ধরেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৩ ও অঞ্চল-৪ এর বাসিন্দারা। এসব অভিযোগ শুনে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।
আজ বুধবার বিকেলে রাজধানীর লালবাগের মির্জা আবুতালিব শায়েস্তা খাঁন কমিউনিটি সেন্টারে আয়োজিত গণশুনানিতে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা তাঁদের এলাকার সমস্যা তুলে ধরেন। অনুষ্ঠানে ডিএসসিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
গণশুনানিতে ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ইলিয়াস এলাকার সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরে বলেন, ভাঙাচোরা রাস্তার কারণে এলাকাবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
২৭ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা জানান, অল্প বৃষ্টিতেই এলাকায় দীর্ঘ সময় পানি জমে থাকে। ২২ নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা বলেন, কালুনগর খালে ময়লা-আবর্জনা ফেলার কারণে এলাকায় ব্যাপক মশার উপদ্রব সৃষ্টি হয়েছে। হাজারীবাগ থেকে বেড়িবাঁধ পর্যন্ত সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং এলাকায় চাঁদাবাজির ঘটনাও রয়েছে। তিনি অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান।
৩৭ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা অভিযোগ করেন, ফুটপাত দখল করে অবৈধ দোকান বসানো হয়েছে। এসব দোকানের বর্জ্যে ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
২৯ নম্বর ওয়ার্ডের একাধিক বাসিন্দা খেলার মাঠের অভাব, ওয়াসার পানির সঙ্গে ড্রেনের পানি মিশে দুর্গন্ধ সৃষ্টি হওয়া, মশার উপদ্রব এবং হাজী রহিম বক্স লেন এলাকায় জলাবদ্ধতার সমস্যা তুলে ধরেন। একই ধরনের অভিযোগ করেন ২৫ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দাও।
কামরাঙ্গীরচরের এক বাসিন্দা বলেন, এলাকায় পয়োনিষ্কাশন ব্যবস্থার সংকট প্রকট আকার ধারণ করেছে। সামান্য বৃষ্টিতেই কয়েক দিন পানি জমে থাকে। ইসলামনগর, ব্যাটারিঘাট ও রসুলপুর এলাকায় খালে যুক্ত পয়োনিষ্কাশন লাইনগুলো বন্ধ হয়ে আছে। অপরিষ্কার খাল ও জমে থাকা পানির কারণে মশার উপদ্রব বেড়েছে। পাশাপাশি মাদক ও কিশোর গ্যাংয়ের সমস্যাও রয়েছে।
১৪ নম্বর ওয়ার্ডের এক বাসিন্দা নাগরিক সনদ পেতে দীর্ঘসূত্রতার অভিযোগ করেন। তিনি বলেন, হাজারীবাগে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়।
এ সময় ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. জাহানে ফেরদৌস বিনতে রহমান বলেন, প্রতিটি ওয়ার্ডে তিন দিন পরপর মশার ওষুধ ছিটানোর চেষ্টা করা হচ্ছে। তবে বড় ওয়ার্ডগুলোতে জনবল সংকটের কারণে কিছুটা সময় বেশি লাগছে।
অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ গণশুনানির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ সচরাচর দেখা যায় না। তিনি পুরান ঢাকার জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় পানি জমে থাকা, রাস্তার কাজ ও গ্যাস লাইনের লিকেজের বিষয়েও দৃষ্টি আকর্ষণ করেন।
গণশুনানিতে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, বাজেটের সীমাবদ্ধতা থাকলেও কিছু মৌলিক সেবা কোনোভাবেই বন্ধ রাখা যাবে না। বর্জ্য অপসারণ, সড়কবাতি সচল রাখা, মশা নিয়ন্ত্রণ এবং নাগরিক সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, বাজেটের অভাবের কারণে অনেক কাজ করা কঠিন হলেও কিছু কাজ করতেই হবে। বর্জ্য অপসারণের ক্ষেত্রে বাজেটের দোহাই দিয়ে পার পাওয়া যাবে না। যেখানে খুঁটি আছে, সেখানে সড়কবাতি জ্বলতে হবে।
মশা নিয়ন্ত্রণে নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে প্রশাসক বলেন, শুধু ওষুধ ছিটিয়ে মশা দমন সম্ভব নয়। মশার ডিম ও লার্ভা ধ্বংস করতে হবে। এ জন্য বাসাবাড়ি ও আশপাশের এলাকায় পানি জমতে দেওয়া যাবে না এবং যেখানে-সেখানে বর্জ্য ফেলা বন্ধ করতে হবে।
বুড়িগঙ্গা নদীতে বর্জ্য ফেলা বন্ধে স্থানীয়দের সহযোগিতা কামনা করে তিনি বলেন, শুধু সিটি করপোরেশনের পক্ষে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।
নাগরিক সেবা বিষয়ে তিনি বলেন, বৈধ কাগজপত্র থাকলে নাগরিক সনদ, জন্মনিবন্ধন সনদ ও ওয়ারিশ সনদ পেতে কোনো ধরনের হয়রানি হওয়া উচিত নয়। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত সেবা দেওয়ার নির্দেশ দিয়ে বলেন, নাগরিক সনদ, জন্মনিবন্ধন ও ওয়ারিশ সনদ এই তিনটি সেবা চাহিবা মাত্র দিতে হবে, যদি আবেদনটি আইনগতভাবে সঠিক হয়।
অবৈধ দখল, খাল দূষণ, ফুটপাত দখল, অবৈধ দোকানপাট এবং মাদক নিয়ন্ত্রণে এলাকাভিত্তিক সামাজিক উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালাতে পারে, কিন্তু পুনরায় দখল রোধে স্থানীয় জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
গণশুনানিতে উত্থাপিত বিভিন্ন সমস্যা পর্যায়ক্রমে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন ডিএসসিসি প্রশাসক।

ঝালকাঠিতে বাসচাপায় মো. রাফি (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের বাসন্ডা ব্রিজের পূর্ব পাশের ঢালে এ দুর্ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নে একটি ঘর থেকে বাক্প্রতিবন্ধী এক নারীর (৫১) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার চাপাতি পাইকপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, সবার অগোচরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
১৫ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে মাদকসংশ্লিষ্টতার দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড, ১০০ টাকা করে অর্থদণ্ড এবং মুচলেকা নেওয়া হয়। বুধবার (১৭ জুন) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঈশ্বরদীর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্
২৯ মিনিট আগে
বাগেরহাটের মোংলার সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫২) নামের এক নারী মারা গেছেন। বুধবার (১৭ জুন) বিকেলে সুন্দরবনের শেলা নদীতে জাল দিয়ে মাছের পোনা শিকারের সময় কুমির তাকে আক্রমণ করে। এ সময় তার সঙ্গে আরও দুই জেলে ছিলেন।
৩৫ মিনিট আগে