বিশেষ কমিটির বৈঠক

বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা গণভোট অধ্যাদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে জাতীয় সংসদের বিশেষ কমিটিতে। আইন মন্ত্রণালয় এই সুপারিশ করেছে দাবি করে এর বিরোধিতা করেছে সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামী। গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠকে এই বিরোধিতা করেন জামায়াতের সদস্য।
সরকারি দল বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠকে গণভোট অধ্যাদেশ নিয়ে তেমন আলোচনা হয়নি। এ নিয়ে ২৯ মার্চের বৈঠকে অথবা সংসদ অধিবেশনে আলোচনা করা হবে।
সূত্র বলেছে, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৩টির বিষয়ে সরকারি ও বিরোধী দল একমত হয়েছে। তবে গণভোট অধ্যাদেশসহ ২০টির বিষয়ে গতকালের মুলতবি বৈঠকেও একমত হতে পারেনি বিশেষ কমিটি। এগুলোর মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) অধ্যাদেশ সংশোধন; জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ সংশোধন এবং পুলিশ কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ সংশোধনের সুপারিশে আপত্তি জানিয়েছে বিরোধী দল। ফলে এসব অধ্যাদেশ নিয়ে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি। ২৯ মার্চ আবার আলোচনা হবে। বিশেষ কমিটিতে ঐকমত্য না হলে সেগুলো সংসদে তোলা হবে।
ওই ১৩৩টি অধ্যাদেশকে আগামী ১২ এপ্রিলের মধ্যে আইনে পরিণত না করলে সেগুলো বাতিল হয়ে যাবে। এসব অধ্যাদেশ যাচাই-বাছাই করার জন্য ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন বিশেষ কমিটি গঠন করে সংসদ। পরে অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করতে বিশেষ কমিটিতে পাঠানো হয়। কমিটিকে ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বিশেষ কমিটি গত মঙ্গলবার বৈঠক করে। গতকাল মুলতবি বৈঠক হয়েছে। বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ড. মুহাম্মদ ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান এবং জি এম নজরুল ইসলাম। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর এমপি মোহাম্মদ নাজিবুর রহমান।
বৈঠক সূত্রে জানা গেছে, বিশেষ কমিটিতে গণভোট অধ্যাদেশ রহিতকরণের বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে সুপারিশ করা হয়েছে। সুপারিশে মন্ত্রণালয় বলেছে, যেহেতু যে আদেশের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হয়েছে, সেটি এখতিয়ারবহির্ভূত; সুতরাং এটাকে কোনোভাবে আইনে পরিণত করা যাবে না। অধ্যাদেশটি পাস করা যাবে না।
এই সুপারিশে আপত্তি জানান বিরোধীদলীয় হুইপ ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। তিনি বলেন, গণভোট মানে তো জনগণ ভোট দিয়ে তাঁদের রায় ঘোষণা করেছেন। কোনো আইন এখতিয়ারবহির্ভূতভাবে হয়েছে কি না, সেটি আদালতই ঘোষণা করবেন। বিদ্যমান আইনকে এভাবে বাতিলের সুপারিশ করা ঠিক হবে না।
বৈঠক শেষে রফিকুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘গণভোট বিল রহিতকরণের জন্য তাঁরা এনেছেন। এটা খুবই দুর্ভাগ্যজনক। এতে একমত হওয়ার প্রশ্নই থাকে না। কারণ, গণভোট অস্বীকার করলে জুলাই চেতনাই থাকে না। এটি নিয়ে আমরা তীব্র বিরোধিতা করেছি। পরে আলোচনা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।’
জানতে চাইলে বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘গণভোটের বিষয়ে বৈঠকে তেমন আলোচনা হয়নি। এটা নিয়ে ওই দিনই (২৯ মার্চ) আলোচনা করব। অথবা সংসদে আলাপ-আলোচনা হবে।’ আপনারা (সরকারি দল) ওই অধ্যাদেশ রহিত করার প্রস্তাব করেছেন কি না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমরা এটাকে রহিত করার প্রস্তাব করিনি, রাখারও প্রস্তাব করিনি। আমরা বলেছি এটা নিয়ে আলোচনা হতে পারে। সংবিধানের আলোকে এগুলো আলোচনা করতে হবে। কারণ, সংবিধান সবার ঊর্ধ্বে। সংসদ সংবিধান মোতাবেক চলবে। সে জন্য গণভোটসহ সবকিছু আলাপ-আলোচনার মাধ্যমে সমাপ্ত করতে চাই।’
গণভোট অধ্যাদেশ নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে জয়নুল আবেদীন বলেন, ‘এটা সংসদের বিষয়। বিশেষ কমিটি এ বিষয়ে ঐকমত্য হতে না পারলে আমরা সংসদে আলোচনা করব।’
সূত্র জানায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে বৈঠকে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ এবং মানবাধিকার-সংক্রান্ত অধ্যাদেশও বাতিলের সুপারিশ করা হয়েছে। বৈঠকে অংশ নেওয়া জামায়াতের সদস্য এর বিরোধিতা করায় কমিটি এ বিষয়ে একমত হতে পারেনি। ২৯ মার্চের বৈঠকে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ অনুযায়ী কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ হবে সার্চ কমিটির মাধ্যমে। তবে বিশেষ কমিটির বৈঠকে এই অধ্যাদেশ সংশোধনের সুপারিশ করা হয়েছে বলে দাবি করেন রফিকুল ইসলাম খান। তিনি বলেন, তাঁরা মনে করছেন, সার্চ কমিটি বাদ দিয়ে সরকারের নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করা হয়েছে। সরকার যাকে ইচ্ছা তাকে নিয়োগ দেবে, এ ব্যাপারে তাঁরা দ্বিমত পোষণ করেছেন।
পুলিশ কমিশনের ক্ষেত্রেও আগের নিয়োগকাঠামো বাদ দেওয়ার সুপারিশে দ্বিমত পোষণ করেন জামায়াতের সদস্য।
সূত্র জানায়, বিশেষ কমিটির সরকারি ও বিরোধী দলের সদস্যরা ১১৩টি অধ্যাদেশের বিষয়ে একমত হয়েছেন। ২৯ মার্চ কমিটির পরবর্তী বৈঠক হবে।
কমিটির সভাপতি বলেন, ‘আমরা আলাপ-আলোচনা করে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে আমাদের পক্ষ থেকেও কিছু আলোচনার বিষয় আছে, জামায়াতের এবং বিরোধী দলের পক্ষ থেকেও কিছু আলাপ-আলোচনা আছে। আমরা বলেছি, আলাপ-আলোচনা করে সিদ্ধান্তে পৌঁছালে আমরা এটা প্লেস করব, অন্যথায় এটা বিল আকারে পরবর্তী সময়ে আনার জন্য আইন রয়েছে, সেই আইন মোতাবেক ব্যবস্থা করব।’
দুদক অধ্যাদেশ; মানবাধিকার কমিশন অধ্যাদেশ; গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ আগামী বৈঠকে আলোচনার জন্য রাখা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অধ্যাদেশগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, একটা ভাগ হচ্ছে অধ্যাদেশগুলো যেভাবে উত্থাপিত বা প্রণীত হয়েছিল, সেভাবে পাস করা। পাস করতে গেলে নিয়ম হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সে বিলগুলো আবার আনবে এবং সেভাবে পাস করবে। আর কিছু কিছু বিষয়ে বেশ কিছু সংশোধনীসহ বিল থাকতে হবে, সেগুলো সংশোধনীসহ পাস হবে। আর কিছু কিছু বিষয়ে একমত না হলে সেগুলো এই অধিবেশনে বাতিল হয়ে যাবে। পরে যদি প্রয়োজন হয়, সেটা বিল আকারে পরবর্তী অধিবেশনে উত্থাপন করা যাবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা জুলাই জাতীয় সনদকে এখানে প্রাধান্য দিচ্ছি। সাংবিধানিকতা রক্ষা এবং জনপ্রত্যাশা অনুযায়ী প্রতিটি বিল বিবেচনা করা হচ্ছে।’
সরকার এখন পর্যন্ত জুলাই সনদের বাইরে কোনো পদক্ষেপ নেয়নি দাবি করে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘জুলাই সনদ আমাদের কাছে অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত সম্মানের জায়গা। সেখানে সংবিধান সংশোধন সাপেক্ষে বলা আছে। সনদের ৮৪টি প্রস্তাবের মধ্যে ১ থেকে ৪৭ পর্যন্ত সংবিধান সংশোধন সাপেক্ষে হওয়ার কথা এবং ৪৮ থেকে ৮৪ পর্যন্ত অধ্যাদেশ করে আইন করে অন্যভাবে করা সম্ভব হবে।’ বলা আছে, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ওটা জুলাই সনদের পরিপন্থী। তাহলে আপনারা কোনটিকে প্রাধান্য দেবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সংবিধান ও জুলাই সনদকে প্রাধান্য দিচ্ছি।’

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার দিবাগত মধ্যরাতে এসব রদবদল করে ১৭টি প্রজ্ঞাপন জারি করেছে।
১ ঘণ্টা আগে
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৫ মার্চ) দিবাগত গভীর রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের নিজ বাসা থেকে তাঁকে আটক করা হয়।
২ ঘণ্টা আগে
একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে রাখা হয়েছে।
৫ ঘণ্টা আগে
সরকার সাধারণত ১৫ দিনের জ্বালানি তেল মজুত করলেও এখন সরকারের কাছে এক মাসের মতো তেল মজুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। আজ বুধবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ তথ্য জানান।
৮ ঘণ্টা আগে