Ajker Patrika

নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড
জালাল উদ্দিন। ছবি: সংগৃহীত

নাটোরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় জালাল উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই সঙ্গে আদালত তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. তৈয়ব আলী এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত জালাল উদ্দিনের বাড়ি নাটোরের গুরুদাসপুর উপজেলায়। রায় ঘোষণার পর তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মুন্সি আবুল কালাম আজাদ জানান, ২০২৩ সালের আগস্ট মাসে অভিযুক্ত জালাল উদ্দিন কৌশলে শিশুটিকে ফুসলিয়ে তাঁর ঘরে ডেকে নিয়ে যান এবং তাকে ধর্ষণ করেন। পরে শিশুটির কান্না ও শারীরিক অবস্থা দেখে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।

ঘটনার পরপরই শিশুটির মা বাদী হয়ে নাটোরের গুরুদাসপুর থানায় জালাল উদ্দিনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

পরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মামলাটি রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সেখানে শুনানি ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুন্সি আবুল কালাম আজাদ বলেন, ‘দেশে যেভাবে শিশু ধর্ষণের মতো অপরাধ বেড়ে চলেছে, তা প্রতিরোধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা মনে করি, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি যথার্থ বিচার পেয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত