Ajker Patrika

বাংলাদেশকে ৭৭ রানে থামিয়ে হেসেখেলে জিতল অস্ট্রেলিয়া

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বাংলাদেশকে ৭৭ রানে থামিয়ে হেসেখেলে জিতল অস্ট্রেলিয়া
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিদের কাছে ৯ উইকেটে হেরেছে জ্যোতিরা। ছবি: বিসিবি

চট্টগ্রাম থেকে লিডসের দূরত্ব ৮০০০ কিলোমিটারের বেশি। বিশাল এই দূরত্ব ঘুচিয়ে দুই জায়গাতেই দেখা গেল বাংলাদেশের ব্যাটারদের ব্যর্থতার চিত্র। দুই ম্যাচেই প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ব্যাটিং ব্যর্থতায় চট্টগ্রামের সাগরিকায় অজিদের কাছে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার গল্পটা আরও বেশি ছিল এদিন। লিডসের হেডিংলিতে আগে ব্যাট করে ৭৭ রানের বেশি করতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। সেই লক্ষ্য তাড়া করতে নেমে কোনো চাপই অনুভব করেনি অস্ট্রেলিয়া। হেসেখেলে ৬৩ বল ও ৯ উইকেট হাতে রেখে সহজ জয় তুলে নেয় ছয়বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ২৭ রানেই হারায় পঞ্চম উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায়। এরপর ইনিংস মেরামতের চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও রিতু মনি। জ্যোতি ৪৭ বলে সর্বোচ্চ ২৭ রান করেন। ২৬ বল খেলা রিতুর ব্যাট থেকে আসে ১৬ রান। এই দুজন ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৭৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সমান সফল ছিলেন কিম গার্থ, সোফি মলিনাক্স ও এলিসা পেরি। তিনজনই শিকার করেন দুটি করে উইকেট।

৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়া। জর্জিয়া বোল ও বেথ মনি উদ্বোধনী জুটিতে দ্রুত রান তুলতে থাকেন। দলীয় ৩১ রানে মারুফা আক্তারের বলে রিতু মনির হাতে ক্যাচ দিয়ে ফেরেন মনি; ১০ রান করেন তিনি। ১ উইকেট হারালেও রানের গতি কমেনি অস্ট্রেলিয়ার। জর্জিয়া বোল ও এলিসা পেরি বাকি কাজটা সহজেই শেষ করেন। বোল ৪৫ রানে অপরাজিত থাকেন। পেরি এনে দেন ১৯ রান। তাঁদের ব্যাটিংয়ে ৯.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত