
পবিত্র ঈদুল ফিতরের দিন আজ শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মেঘলা আকাশ ও ঝিরিঝিরি বৃষ্টির মধ্য দিয়ে দিন শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই বৃষ্টিবলয় আরও অন্তত আগামীকাল রোববার পর্যন্ত সক্রিয় থাকতে পারে। এর পাশাপাশি দেশের আটটি বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা ছিল এবং কিছু কিছু এলাকায় ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টার পর থেকেই এই মেঘলা আবহাওয়া বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর জানিয়েছেন, আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে।
এই সময়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায় (১৮ মিলিমিটার)। এ ছাড়া ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে মাদারীপুরে ৩ মিলিমিটার ও টাঙ্গাইলে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজধানীতে আজ বিকেলের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদদের মতে, আফগানিস্তান থেকে পাকিস্তান হয়ে ভারত পর্যন্ত বিস্তৃত প্রায় ১ হাজার কিলোমিটার দীর্ঘ একটি বিশাল বৃষ্টিবলয় তৈরি হয়েছে, যার প্রভাব বাংলাদেশেও পড়ছে। সাধারণত ডিসেম্বর থেকে মার্চের মাঝামাঝি সময়ে এ ধরনের মেঘবলয় দেখা গেলেও এবার তা কিছুটা দেরিতে এবং মার্চ-এপ্রিলের বজ্রঝড়ের মৌসুমে সক্রিয় হওয়াকে ‘অস্বাভাবিক’ বলে মনে করছেন আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক। তার মতে, এবার ঋতুভেদে বায়ুপ্রবাহের পরিবর্তন ঠিকমতো না হওয়ায় পশ্চিমা লঘুচাপের এই সক্রিয়তা দেখা দিচ্ছে।
এদিকে আজ সকালে ঢাকায় বাতাসের গতি ছিল পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার। সকাল ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১ মিনিটে।
পরবর্তী ৫ দিনের আবহাওয়া পূর্বাভাস
আবহাওয়া অধিদপ্তরের ২১ মার্চ থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে:
২২ মার্চ: আকাশ পরিষ্কার হতে শুরু করলেও রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
২৩ মার্চ: দেশের অধিকাংশ স্থানের আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে। তবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
২৪ ও ২৫ মার্চ: বৃষ্টিপাতের এলাকা আরও সংকুচিত হয়ে আসবে। মূলত দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরে ৪৩ মিলিমিটার। এ ছাড়া রাজারহাটে ৩৯ মিলিমিটার, মাদারীপুরে ৩৩ মিলিমিটার এবং তেঁতুলিয়ায় ৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে ১৫.০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় তাপমাত্রা আরও বৃদ্ধি পেয়ে গ্রীষ্মের গরম অনুভূত হতে পারে।

ঈদ উদ্যাপনে সারা দেশের মানুষ এখন আপন ঠিকানায় আপনজনের কাছে। আজ সকাল থেকেই ঝরছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরই মধ্যে ঈদের নামাজের পর এই উৎসব পালনে কেউ রয়েছেন ঘরে অতিথি আপ্যায়নে, কেউবা বেড়াতে যাচ্ছেন পরিবার-পরিজনের সঙ্গে।
১৫ ঘণ্টা আগে
আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা আজকের পত্রিকাকে বলেন, আজ ভোরবেলা সেহরির পরপরই কালবৈশাখী বয়ে যেতে শুরু করে। এর উৎপত্তি হয় রংপুর বিভাগের উত্তর দিক থেকে। এরপর এটি বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, জামালপুর, সিলেট, মৌলভীবাজার, গাজীপুর এবং দুপুর ১২টার দিকে রাজধানী ঢাকার ওপর দিয়ে বয়ে যায়।
২ দিন আগে
এখন বর্ষা-পূর্ববর্তী সময়। বছরের এই সময়টাতে সাধারণত কালবৈশাখীসহ বৃষ্টি হয়ে থাকে এই অঞ্চলে। এর সঙ্গে বজ্রপাতও হয়ে থাকে। বছরের প্রথম কালবৈশাখীর আগে দেশের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিও হয়ে থাকে। যেটা কয়েক দিন আগে হয়ে গেছে।
২ দিন আগে
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় কয়েক দিন ধরে আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। এর মধ্যে ১৮ মার্চ (বুধবার) কালবৈশাখী আঘাত হানে এই অঞ্চলে। আজ শুক্রবারও দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে