
মৌসুমি বায়ুর বিস্তারের সঙ্গে দেশের বেশির ভাগ অঞ্চলে কম-বেশি বৃষ্টি হচ্ছে। তাপমাত্রা কিছুটা কমলেও ভ্যাপসা গরম রয়ে গেছে। গতকাল মঙ্গলবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেট জেলায় ৬৭ মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

মুন্সিগঞ্জের গজারিয়ায় আজ মঙ্গলবার বিকেল পৌনে ৪টার দিকে আকস্মিক ঝড়ে অর্ধশতাধিক গাছ উপড়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিদ্যুতের লাইন ও খুঁটির ওপর গাছ পড়ায় পুরো উপজেলা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়ে। সন্ধ্যা ৬টার দিকে ঢাকাগামী লেনে যান চলাচল শুরু হয়।

বগুড়ার ধুনটে ঝড়ের সময় একটি শতবর্ষী বটগাছ উপড়ে পাকা সড়কের ওপর পড়ে যায়। এতে গোসাইবাড়ী ও ভান্ডারবাড়ী ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা দ্রুত গাছ অপসারণের দাবি জানিয়েছেন।

নওগাঁর পত্নীতলা উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ঘরবাড়ি ও দোকানপাট। মাটিতে নুয়ে পড়েছে ধানখেত। এ ছাড়া গাছপালা ভেঙে বিদ্যুতের খুঁটির ওপর পড়ায় বিভিন্ন এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে।