
মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিরাজদিখান উপজেলা কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর কলেজমাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে উপজেলার মালখানগর ইউনিয়নের গোড়াপীপাড়া কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন করা হয়।
মহিউদ্দিন আহমেদের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাজায় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল কুদ্দুস ধীরন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মমিন আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আনসার মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সুমন মিয়া, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাকিম হাওলাদার এবং বিকল্প যুবধারার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসচিব উপাধ্যক্ষ আসাদুজ্জামান বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা।

মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মহিউদ্দিন আহমেদ শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন তিনি স্থানীয় রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা পাঁচবার নির্বাচিত হন এবং সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তিনবার দায়িত্ব পালন করেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগপর্যন্ত তিনি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মুন্সিগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সাভারের আশুলিয়ায় একটি কুরিয়ার সার্ভিসের চলন্ত গাড়িতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।
৩০ মিনিট আগে
স্থানীয়রা জানান, মিলন ও ওহিদ খুলনা নগরের হার্ড মেটাল গ্যালারির সামনের ফুটপাতে জুতা বিক্রি করেন। ফুটপাতে দোকান বসানো নিয়ে দুর্বৃত্তরা তাঁদের দুজনের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। উপস্থিত অন্য ব্যবসায়ীরা তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
১ ঘণ্টা আগে
রাজধানীর হাতিরঝিল মধুবাগে বৃষ্টির সময় নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় ইট পড়ে রাশেদা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বাসাবাড়িতে ঝিয়ের কাজ করতেন।
১ ঘণ্টা আগে
ফরিদগঞ্জে কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে এক ব্যক্তির ঘুষিতে বিল্লাল হোসেন (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে