সাভারের আশুলিয়ায় একটি কুরিয়ার সার্ভিসের চলন্ত গাড়িতে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের চেষ্টায় প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
আজ শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় থাকা কাভার্ড ভ্যানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে ব্যাটারিচালিত রিকশার কয়েক যাত্রী। পরে দ্রুত কাভার্ড ভ্যানের চালককে আগুনের বিষয়টি জানিয়ে কাভার্ড ভ্যান থামাতে বলে। চালক কাভার্ড ভ্যান থামিয়ে পেছনের দরজা খুলে ভেতরে আগুন দেখতে পান। পরে চালকসহ আশপাশের লোকজন পানিয়ে ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
এ সময় তাঁরা ঢাকা ইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনকে বিষয়টি জানালে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আরও একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। এর আগেই আগুনে কাভার্ড ভ্যানে থাকা মালপত্রের অধিকাংশ পুড়ে যায়। এ ছাড়া নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কের চন্দ্রামুখী লেনে এ ঘটনায় প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
প্রত্যক্ষদর্শী মো. ফরজ আলী বলেন, ‘আমরা বাইপাইল থেকে আসছিলাম। দেখি গাড়ির ভেতরে আগুন। পরে অটো (ব্যাটারিচালিত রিকশা) টান দিয়া আইসা ওদের (কাভার্ড ভ্যান) থামায়া কইছি যে তোমাদের গাড়িতে আগুন লাগছে। পরে পানি দিয়া আগুন নিভানোর চেষ্টা করছি। পরে ফায়ার সার্ভিস আইসা নিভাইছে।’
কাভার্ড ভ্যানের চালক মো. এমদাদ বলেন, ‘কেরানীগঞ্জ থেকে চন্দ্রার উদ্দেশে যাচ্ছিলাম। হঠাৎ দেখি ধোঁয়া বের হইতেছে, পরে গাড়ি চাপায়া ডালা খুলে দেখলাম আগুন লাগছে। পরে ফায়ার সার্ভিস আসছে। আমরা আগুন নেভানোর চেষ্টা করছি, পারি নাই। ফায়ার সার্ভিস আইসা আগুন নিভাইছে। গাড়িতে লোকজনের পার্সেল ছিল, আর কিছু না।’
ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। প্রথমে দুটি ইউনিট কাজ শুরু করলেও পরে আরও একটিসহ মোট তিনটি ইউনিট দিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রণব চৌধুরী বলেন, ক্যাভার্ড ভ্যানের ভেতর থেকেই আগুনটা লেগেছে। তবে আগুন লাগার কারণ তদন্তের আগে বলা সম্ভব নয়। কুরিয়ার সার্ভিসের গাড়ি হওয়ায় এতে মোটরসাইকেল, বইপত্র, চাল-ডাল, মুড়িসহ নানা ধরনের মালপত্র ছিল। অধিকাংশ মালপত্র পুড়ে গেছে।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৫ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৮ ঘণ্টা আগে