
অগ্রণী ব্যাংকের ৫১ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে নুরজাহান গ্রুপের চার কর্ণধারসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম-১ সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করেন দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল।
মামলার আসামিরা হলেন নুরজাহান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মেসার্স মিজান ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান, জাসমীর ভেজিটেবল অয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ, পরিচালক টিপু সুলতান ও ফরহাদ মনোয়ার।
এ ছাড়া অগ্রণী ব্যাংকের চট্টগ্রাম সার্কেলের বর্তমান মহাব্যবস্থাপক মোস্তাক আহমেদ, সাবেক উপমহাব্যবস্থাপক মো. আবুল হোসেন তালুকদার, ঢাকা সার্কেল-২-এর সাবেক মহাব্যবস্থাপক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, পরিচালন ও সিলেট সার্কেলের সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ শামস উল ইসলাম, সাবেক উপমহাব্যবস্থাপক তাজরীনা ফেরদৌসী, সাবেক মহাব্যবস্থাপক (প্রধান শাখা) মো. মোফাজ্জল হোসেন এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ আব্দুল হামিদকে মামলায় আসামি করা হয়েছে।
চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপপরিচালক সুবেল আহমেদ বলেন, অগ্রণী ব্যাংক লিমিটেডের আছাদগঞ্জ শাখা থেকে ৫১ কোটি টাকা (বর্তমানে সুদসহ এই অর্থের পরিমাণ ১৮৯ কোটি ৮০ লাখ টাকা) ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক, ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা ও ব্যবস্থাপনা পর্যায়ের ১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা হয়েছে। তদন্তে নতুন কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁদেরও অন্তর্ভুক্ত করা হবে।
দুদকের এজাহারে উল্লেখ করা হয়, ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে মেসার্স মিজান ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান নগরের কোতোয়ালি থানার অগ্রণী ব্যাংকের আছাদগঞ্জ শাখায় হিসাব খোলে। নতুন প্রতিষ্ঠান হয়েও তারা ১২৬ কোটি টাকার টিআর (Trust Receipt) ঋণ-সুবিধা পায়। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী জামানত বা নগদায়নযোগ্য সম্পদ ছাড়া এত বড় অঙ্কের ঋণ দেওয়া যায় না।
কিন্তু ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিয়ম না মেনে কেবল অগ্রিম তারিখের চেক জামানত হিসেবে নিয়ে ঋণ মঞ্জুর করেন। পরে মিজান ট্রেডার্স ও এর সংশ্লিষ্টরা পরিকল্পিতভাবে ৫১ কোটি টাকা ঋণ পরিশোধ না করে আত্মসাৎ করেন। বর্তমানে সুদসহ এই অর্থের পরিমাণ ১৮৯ কোটি ৮০ লাখ টাকা।
উল্লেখ্য, মেসার্স মিজান ট্রেডার্স একসময়ের ভোগ্যপণ্যের ব্যবসাপ্রতিষ্ঠান নুরজাহান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান। গ্রুপটি চট্টগ্রামের খাতুনগঞ্জভিত্তিক ভোগ্যপণ্য আমদানি, মোড়কজাত ও বিপণন ব্যবসায় যুক্ত ছিল।
দেশের বিভিন্ন ব্যাংক থেকে হাজার কোটি টাকা ঋণ নিয়ে ফেরত না দেওয়ায় গ্রুপটির পরিচালকদের বিরুদ্ধে আদালতে ২০টির বেশি মামলা চলমান রয়েছে। গ্রুপটির কাছে বিভিন্ন ব্যাংকের পাওনা ২ হাজার ৬০০ কোটি টাকারও বেশি।

নীলফামারীর সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে ঢাকা ব্যাংকের শাখা কার্যালয়সহ ২৫টি দোকান। সোমবার বেলা ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভবনে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে।
৩৬ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে লাঙ্গলবন্দ সেতুর সংস্কারকাজ চলায় ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটারজুড়ে যানবাহন স্থবির হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনের চালকেরা।
৩৯ মিনিট আগে
চাঁদপুরের কচুয়ায় নিখোঁজ হওয়ার এক দিন পর পুকুরে মিলল শিশু নাদিয়ার মৃতদেহ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণপাড়া উপজেলা সীমান্তে বিজিবি সদস্যদের নিয়ে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জসিম উদ্দিন জসিম। এ সময় নম্বরবিহীন তিনটি মোটরসাইকেল আটক করা হয়। নির্বাচনী এলাকাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতি ঘোষণার পরপরই এ অভিযানে...
২ ঘণ্টা আগে