Ajker Patrika

অতিরিক্ত গতিতে বাইক চালানোর শাস্তি পেলেন ধোনি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৪ মার্চ ২০২৬, ২০: ০৮
অতিরিক্ত গতিতে বাইক চালানোর শাস্তি পেলেন ধোনি
এক হাজার রুপি জরিমানা গুনতে হচ্ছে মহেন্দ্র সিং ধোনিকে। ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে একটা ভিডিও ছড়িয়ে পড়ার পরই লাইমলাইটে মহেন্দ্র সিং ধোনি। আলোচনার চেয়ে বরং সমালোচনা চলছে বেশি। নিজ এলাকায় জোরে বাইক চালানোর শাস্তি পেয়েছেন তিনি। ভারতের ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অধিনায়ককে করা হয়েছে জরিমানা।

ঝাড়খণ্ডের রাজধানী শহর রাঁচিতে অতিরিক্ত গতিতে বাইক চালানোর বিষয়টি ধরা পড়ে ট্রাফিক মনিটরিং সিস্টেমে। মোটরযান আইনের ১৮৩ ধারা অনুযায়ী একটি ই-চালান ইস্যু করা হয়। জোরে বাইক চালানোর শাস্তি হিসেবে তাঁকে এক হাজার রুপি জরিমানা দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় তা ১৩৩০ টাকা। কবে এই ঘটনা ঘটিয়েছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু সামাজিক মাধ্যমে এটা ছড়িয়ে পড়ার পর চলছে সমালোচনা।

কদিন আগে জমিজমা সংক্রান্ত এক ঝামেলায় ফেঁসে গিয়েছিলেন ধোনি। রাঁচিতে একটি আবাসিক প্লটের অপব্যবহারের অভিযোগে ঝাড়খণ্ড রাজ্য আবাসন বোর্ড ভারতের সাবেক অধিনায়ককে আইনি নোটিশ দিয়েছিল। প্লটটি আবাসিক ভবন হিসেবে ব্যবহার করার কথা ছিল। কিন্তু বাণিজ্যিক কার্যকলাপের জন্য ব্যবহার করার কারণেই মূলত ধোনির কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৯০ টেস্ট, ৩৫০ ওয়ানডে ও ৯৮ টি-টোয়েন্টি খেলেছেন ধোনি। তাঁর নেতৃত্বে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফি—এই তিন শিরোপা জেতে ভারত। ২০২০ সালে সামাজিক মাধ্যমে এক ঘোষণায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। বর্তমানে ধোনিকে শুধুৃ আইপিএলেই খেলতে দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত