
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মাঝ আকাশে আকস্মিক ঝাঁকুনির কারণে গুরুতর আহত হয়েছেন একজন কেবিন ক্রু। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকার পথে ছিল উড়োজাহাজটি। দুর্ঘটনার পরপরই কেবিন ক্রু শাবামা আজমী মিথিলাকে দ্রুত রাজধানীর পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক্স-রে পরীক্ষায় দেখা গেছে, তাঁর বাঁ হাতের কনুইয়ের ওপরের হাড় ভেঙে গেছে। চিকিৎসকেরা তাঁর অঙ্গহানিরও আশঙ্কা করছেন।
আবহাওয়ার কারণে এ ধরনের ঝাঁকুনি স্বাভাবিক হলেও বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে তা বেড়েছে। শুধু বিশেষজ্ঞই নন, নিয়মিত আকাশপথে ভ্রমণ করেন এমন অনেকে বিষয়টি খেয়াল করেছেন বলেও জানিয়েছেন। আগে যেসব রুট তুলনামূলকভাবে মসৃণ ছিল, এখন সেখানেও টার্বুলেন্স বা হঠাৎ কাঁপুনির শিকার হতে হচ্ছে। প্রশ্ন হলো, আকাশে উড়ন্ত অবস্থায় উড়োজাহাজের ঝাঁকুনি কেন আজকাল বেড়ে গেল।
বিমান চলাচলে টার্বুলেন্স নতুন কোনো বিষয় নয়। আকাশে বাতাস সব সময় সমানভাবে প্রবাহিত হয় না। কখনো মেঘের ভেতর দিয়ে, কখনো পাহাড়ি বায়ুপ্রবাহের কারণে কিংবা বড় কোনো বিমানের পেছনের ঘূর্ণিতে পড়ে যাত্রীবাহী বিমান হঠাৎ ঝাঁকুনি খায়। তবে ‘নেচার ক্লাইমেট চেঞ্জ’ জার্নালে প্রকাশিত ইউনিভার্সিটি অব রিডিংয়ের এক গবেষণায় বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এই স্বাভাবিক ঘটনাই এখন আরও ঘন ঘন দেখা দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বাড়ায় বায়ুমণ্ডলে অস্থিতিশীলতা বেড়ে গেছে। উষ্ণ বাতাস ওপরে উঠে এবং ঠান্ডা বাতাস নিচে নেমে আসতে গিয়ে আকাশে যে অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটিই বিমানযাত্রাকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে।
সবচেয়ে উদ্বেগজনক হলো ক্লিয়ার এয়ার টার্বুলেন্স বা পরিষ্কার আকাশে ঝাঁকুনি। আগে ধরে নেওয়া হতো, মেঘের ভেতরে বা বজ্রঝড়ের কাছে গেলে কাঁপুনি হবে, কিন্তু এখন ঝকঝকে আকাশেও বিমান হঠাৎ প্রবলভাবে কেঁপে উঠছে।
২০২৩ সালে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, উত্তর আটলান্টিক অঞ্চলে গত চার দশকে ক্লিয়ার এয়ার টার্বুলেন্স প্রায় ৫৫ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর পেছনে মূল কারণ হলো জেট স্ট্রিমের পরিবর্তন। উচ্চ আকাশে যে সরু ও দ্রুত বায়ুপ্রবাহকে জেট স্ট্রিম বলা হয়, সেটির গতি ও পথ এখন জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনিশ্চিত হয়ে পড়ছে। ফলে পাইলটরা অনেক সময় আগাম ধারণা না পেয়ে ঝাঁকুনির মধ্যে পড়ছেন।
যাত্রীদের দৃষ্টিতে এই অভিজ্ঞতা আতঙ্কজনক। হঠাৎ কাঁপুনিতে বিমানের ভেতরে অনেক সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বিশেষজ্ঞরা আশ্বস্ত করে বলছেন, আধুনিক বিমান এমনভাবে তৈরি করা হচ্ছে, যেন টার্বুলেন্সে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা না থাকে। যাত্রীদের সিটবেল্ট বাঁধার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তা না হলে হঠাৎ ঝাঁকুনিতে অনেকে ছিটকে পড়ে আঘাত পান।
তবে ঝাঁকুনির বাড়তি প্রবণতা বিমানশিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এখন রুট পরিকল্পনা থেকে শুরু করে আবহাওয়ার পূর্বাভাসে আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন দেখা দিয়েছে। কারণ, যাত্রীদের আরাম ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে আকাশে বাড়তি অস্থিরতা মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। আর জলবায়ু পরিবর্তন গতি থামানো না গেলে ভবিষ্যতে এ ধরনের ঝাঁকুনি আরও ঘন ঘন দেখা দেবে বলে ধারণা গবেষকদের।
আরও খবর পড়ুন:

পুরুষদের চুল পড়া বা টাক পড়া (অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেসিয়া) সমস্যার চিকিৎসায় ঐতিহ্যবাহী চীনা চিকিৎসায় ব্যবহৃত একটি উদ্ভিদের শিকড় অত্যন্ত কার্যকর সমাধান হতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বিজ্ঞানীদের দাবি, এই আবিষ্কারটি প্রাচীন চিকিৎসাবিদ্যা ও আধুনিক বিজ্ঞানের মেলবন্ধন ঘটিয়েছে।
৪ দিন আগে
সৌরজগৎকে সাধারণত মানব সভ্যতার অন্যতম স্থিতিশীল ও পূর্বানুমানযোগ্য কাঠামো হিসেবে দেখা হয়। পৃথিবীতে যাই ঘটুক না কেন, গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট নিয়মে পরিক্রমা করে চলেছে এবং আকাশে একটি সুশৃঙ্খল বিন্যাস তৈরি করছে। তবে বিজ্ঞানীদের মতে, সৌরজগতের অতীত হয়তো এতটা শান্ত ও সুশৃঙ্খল ছিল না।
৮ দিন আগে
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) রুশ অংশে নতুন করে এয়ার (বাতাস) লিক বা ছিদ্র শনাক্ত হওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পাঁচ মহাকাশচারীকে একটি মহাকাশযানে আশ্রয় নিতে নির্দেশ দিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা...
৯ দিন আগে
প্রায় ৫ হাজার ৩০০ বছর আগে মারা যাওয়া বিশ্বের অন্যতম প্রাচীন ও সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত মানব মমি ওৎজি দ্য আইসম্যানের দেহে আজও কিছু অণুজীব সক্রিয় থাকতে পারে বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। গবেষকদের মতে, তাঁর শরীরে পাওয়া কিছু জীবাণু সম্ভবত মমিটির মতোই প্রাচীন। আবার কিছু জীবাণু বর্তমান সংরক্ষণাগারের
১২ দিন আগে