Ajker Patrika

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আরও বেশি বই লেখা উচিত: নাহিদ ইসলাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ২১: ১২
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আরও বেশি বই লেখা উচিত: নাহিদ ইসলাম
রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপিকে নিয়ে রচিত বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় দলটির নেতারা উপস্থিত ছিলেন। ছবি: আজকের পত্রিকা

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আরও বেশি গবেষণা এবং বই লেখা উচিত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ শুক্রবার রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এনসিপিকে নিয়ে রচিত বই ‘এনসিপির যাত্রা’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আরও বেশি গবেষণা এবং বই লেখা উচিত। গান, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি বেঁচে থাকবে। ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনাই শিল্প ও সাহিত্যের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের মধ্যে টিকে থাকে।

এনসিপির পথচলা সম্পর্কে নাহিদ বলেন, গণ-অভ্যুত্থানের সময় যে তরুণ শক্তি তৈরি হয়েছিল, সেই শক্তির বড় অংশই পরে এনসিপি গঠনের পেছনে ভূমিকা রাখে। বাংলাদেশের রাজনীতিতে তরুণদের স্বপ্ন ছিল একটি গণতান্ত্রিক ও পুনর্গঠিত বাংলাদেশ গড়া। সেই স্বপ্নকে সামনে এগিয়ে নিতে যে রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন ছিল, তার পটভূমি তৈরি করে জাতীয় নাগরিক কমিটি এবং ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মগুলো।

‘এনসিপির যাত্রা’ বইটির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, এনসিপি গঠনের শুরু থেকে নির্বাচন পর্যন্ত প্রায় এক বছরে দলটি কী কী করেছে, কোন কোন ইস্যুতে অবস্থান নিয়েছে এবং কী ধরনের কর্মসূচি দিয়েছে—এসবের একটি ধারাবিবরণী এতে তুলে ধরা হয়েছে।

এনসিপি আহ্বায়ক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম, আন্তর্জাতিক মহল কিংবা কূটনৈতিক অঙ্গনে অনেক সময় এনসিপি সম্পর্কে নানা ধরনের প্রচারণা দেখা যায়। অনেক ক্ষেত্রে এমন কথাও প্রচার করা হয়, যা এনসিপি কখনো বলেনি। আবার কোনো কোনো সময় বিচ্ছিন্নভাবে কোনো নেতার বক্তব্যকে দলের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে উপস্থাপন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, এই বইটি পড়লে অন্তত বোঝা যাবে বিভিন্ন ইস্যুতে এনসিপির প্রকৃত অবস্থান কী ছিল। সেই সময় যত ইস্যু সামনে এসেছে, এনসিপি সেগুলো নিয়ে বক্তব্য দিয়েছে এবং কর্মসূচি দিয়েছে।

নাহিদ ইসলাম বলেন, সাংবিধানিক সংস্কারসহ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্কারের প্রশ্নে এনসিপির দৃঢ় অবস্থানও বইটিতে তুলে ধরা হয়েছে। তাঁর মতে, একটি রাজনৈতিক দলের ইতিহাস আসলে সেই দেশের রাজনীতির ইতিহাসেরই একটি অংশ। রাজনৈতিক দলগুলোর উত্থান, বিকাশ ও অবস্থান বোঝা গেলে দেশের রাজনীতির গতিপথ সম্পর্কেও ধারণা পাওয়া যায়।

নাহিদ ইসলাম বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে নানা ধরনের প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল। তবে রাজনৈতিক দল হিসেবে সংগঠিতভাবে দাঁড়াতে পেরেছে এনসিপি। এর পেছনে দুটি কারণ উল্লেখ করেন তিনি। প্রথমত, গণ-অভ্যুত্থানের নেতৃত্বের বড় অংশ এনসিপিতে যুক্ত হয়েছে। দ্বিতীয়ত, ক্ষমতা পরিবর্তনের রাজনীতির বাইরে গিয়ে সংস্কার ও বিচারের রাজনীতির প্রশ্ন সামনে আনার চেষ্টা করেছে দলটি। তবে গত এক বছরে দলটির নানা সীমাবদ্ধতার কথাও স্বীকার করেন তিনি।

এনসিপির এই নেতা বলেন, নির্বাচন এবং জুলাই পদযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি থেকে দলটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছে। এসব অভিজ্ঞতা নিয়েও আলাদা আলাদা বই বা গবেষণা হতে পারে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর ইতিহাস নিয়ে তুলনামূলকভাবে খুব বেশি লেখালেখি হয় না। অথচ কোনো দেশের রাজনীতির গতিপথ বোঝার জন্য রাজনৈতিক দলগুলোর ইতিহাস জানা গুরুত্বপূর্ণ।

দেশের লেখক, গবেষক, গণমাধ্যমকর্মীদের তুলনায় বিদেশিদের এনসিপি ও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আগ্রহ বেশি করে উল্লেখ করেন নাহিদ। তিনি বলেন, এনসিপি ও জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে দেশের তুলনায় বিদেশি গবেষক ও গণমাধ্যমকর্মীদের আগ্রহ বেশি দেখা যায়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমকর্মী, গবেষক ও ডকুমেন্টারি নির্মাতা এনসিপি এবং গণ-অভ্যুত্থান নিয়ে কাজ করতে বাংলাদেশে এসেছেন, সাক্ষাৎকার নিয়েছেন এবং নথিভুক্ত করার চেষ্টা করেছেন।

দেশের গবেষক, লেখক ও সংস্কৃতিকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, এনসিপি, জুলাই গণ-অভ্যুত্থান এবং তরুণ নেতৃত্বের উত্থান নিয়ে নিরপেক্ষভাবে আরও বেশি গবেষণা ও লেখালেখি হওয়া উচিত।

নাহিদ ইসলাম বলেন, সাম্প্রতিক সময়টি বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে থেকে যাবে। এই সময়ের রাজনৈতিক অভিজ্ঞতা ও আন্দোলন ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণে ভূমিকা রাখবে।

‘এনসিপির যাত্রা’ রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে রচিত প্রথম বই। বইটি লিখেছেন দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম। তিনি জানান, বইয়ে এনসিপির রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক বক্তব্য সন্নিবেশিত হয়েছে। যার মাধ্যমে দলটির প্রথম দিকের কর্মকাণ্ডের একটি সামগ্রিক চিত্র পাঠকের সামনে উপস্থাপিত হবে। একই সঙ্গে বইটিতে শেখ হাসিনার দীর্ঘমেয়াদি ফ্যাসিবাদী শাসনের একটি সমালোচনামূলক বিশ্লেষণ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো, নাগরিক অধিকার এবং রাজনৈতিক সংস্কৃতির জটিল বাস্তবতা বোঝার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মধ্যপ্রাচ্যের আকাশে চীনা স্যাটেলাইট ইরানের নীরব ঢাল

ভারতকে চীনের মতো শক্তিশালী শত্রু হতে দেবে না যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে পালানটিরের ‘মেভেন’ যেন ১২ ঘণ্টায় ৯০০ আজরাইল

জর্ডানে গুরুত্বপূর্ণ মার্কিন রাডার ধ্বংস করেছে ইরান: সিএনএনের অনুসন্ধান

ইরানকে গোপনে মার্কিন সামরিক গতিবিধির তথ্য দিচ্ছে রাশিয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত