বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কথা নিশ্চয় কেউ ভোলেননি। শুধু ‘শিবির’ সন্দেহে তাঁকে অমানুষিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছিল। আবরার শিবির করতেন কি না; কিংবা শিবির সমর্থন করতেন কি না, সে ব্যাপারে তাঁর নিহত হওয়ার পরও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তাঁকে যাঁরা মারধর করতে করতে মেরেই ফেলেছিলেন, তাঁরা যে ছাত্রলীগের কর্মী ছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। কে কোন দল সমর্থন করল, সেটা এখানে বড় বিষয় নয়।
বরং গুরুত্বপূর্ণ হচ্ছে, এই অপ্রত্যাশিত ঘটনায় কে বা কারা অপরাধী। আদালত ঠিক সেই কাজটিই করেছেন—২০ আসামির মৃত্যুদণ্ড এবং ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
দুঃখজনক হলেও সত্য, প্রায় একই রকম একটি কাণ্ড আমরা আবার দেখতে পেলাম সম্প্রতি। ১০ মার্চ, মঙ্গলবার আজকের পত্রিকার শেষের পাতায় প্রকাশিত ছোট একটি খবর আবরার হত্যাকাণ্ডের কথাই মনে করিয়ে দেয়। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছেন জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতা-কর্মী। এমনটাই অভিযোগ করেছেন রাহিদ খান পাভেল নামের ভুক্তভোগী ওই শিক্ষার্থী।
রোববার রাতে দর্শন বিভাগের শিক্ষার্থী পাভেলকে ছাত্রলীগ সন্দেহে আটক করে কয়েক দফায় মারধর করা হয়। এরপর আহত অবস্থায় তাঁকে শাহবাগ থানার সামনে ফেলে রেখে যায় নির্যাতনকারীরা। তাঁর কাছ থেকে মোবাইল ফোন, মানিব্যাগ ও মোটরসাইকেলের চাবিও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন পাভেল। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক হাসিব আল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মহিউদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন তিনি।
সোমবার ভোরে ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তাঁর ফেসবুক আইডিতে ‘ছাত্রলীগ ধরেছি’ লিখে শাহবাগ থানায় নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও এই সম্পাদকীয় লেখা পর্যন্ত পাভেলের রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য নিশ্চিত হওয়া যায়নি। কিন্তু সাইফুল্লাহ বা তাঁর ছাত্রশক্তি কি তাঁকে সন্দেহের বশে মারধর করতে পারে? তারা নিশ্চয় কোনো আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পায়নি। তারা একটি ছাত্রসংগঠনমাত্র।
ধরে নেওয়া যাক, পাভেল ছাত্রলীগের কর্মী কিংবা সমর্থক। কিন্তু তিনি কি কোনো অপরাধের সঙ্গে জড়িত? এমন কোনো প্রমাণ কি ছাত্রশক্তি পেয়েছে? যদি পেয়েও থাকে, তাহলে তাঁকে মারধর করে আইন হাতে তুলে নেওয়ার অধিকার কে দিয়েছে তাদের? সন্দেহভাজনকে আটকে পুলিশে সোপর্দ করে দিলেই তো হতো।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের এক সাক্ষাৎকারে বলেছিলেন, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকার পতনের পর ছাত্ররাজনীতিতে ছাত্রলীগের অনুপস্থিতি পূরণের জন্য ছাত্রশক্তি গঠন করা হয়। সাম্প্রতিক এই ঘটনা তাহলে কি কাদেরের ওই বক্তব্যে সত্যে পরিণত করেছে? ছাত্রলীগ যেমন শিবির সন্দেহে যে কাউকে নির্যাতন করতে পারত, ঠিক একই লাইসেন্স কি ছাত্রশক্তিও পেয়ে গেল?
আদালতে এই ঘটনার সুষ্ঠু বিচার হবে বলেই আমাদের প্রত্যাশা।

জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার পর চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে ত্বরিত এই সিদ্ধান্ত নেওয়ায় কর্তৃপক্ষকে সাধুবাদ জানানো যেতেই পারে।
৫ মিনিট আগে
কাজী মারুফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা সদস্য এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১ দিন আগে
মানবসভ্যতার অগ্রযাত্রা মূলত কৌতূহল, জ্ঞান, শ্রম ও উদ্ভাবনের সমন্বিত ফল। আগুন আবিষ্কার থেকে শুরু করে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পর্যন্ত—প্রতিটি স্তরে মানুষ নিজের জীবনকে সহজ, নিরাপদ ও উন্নত করার চেষ্টা চালিয়েছে।
১ দিন আগে
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় নিহত হয়েছিলেন সোহেল ফকির। ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য বাবা, সন্তানসম্ভবা স্ত্রীসহ যাচ্ছিলেন বরিশালে। গত ১৭ মার্চের কথা সেটা। ঈদুল ফিতরের সেই আনন্দ আর অন্যদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পারেননি সোহেল ও তাঁর বাবা মিরাজ ফকির।
১ দিন আগে