জাতীয় সংসদ নির্বাচন সবে শেষ হয়েছে। যখন এই সম্পাদকীয় লেখা হচ্ছে তখনো শপথ গ্রহণ করেনি নবনির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যেই শুরু হয়ে গেছে! কী শুরু হয়ে গেছে? মারধর! বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতা এক শিক্ষককে মেরেছেন বলে অভিযোগ উঠেছে। পাঠক, দৃশ্যটি কল্পনা করলেই বুঝতে পারবেন, চেনা চেনা লাগে, যেমনটা হয় একই গল্পে ভিন্ন অভিনেতাদের অভিনয়ে দুটি ভিন্ন সিনেমা!
১৪ ফেব্রুয়ারি ছিল ভালোবাসা দিবস। সেই সঙ্গে স্বৈরাচার প্রতিরোধ দিবস। আবার পয়লা ফাল্গুনও। এতগুলো দিবস একসঙ্গে পালন করতে অনেকে হিমশিম খেতে পারেন। যেমনটা খেয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মোহাম্মদ সিরাজুল ইসলাম ফরাজী। সেদিন বিকেলে তাঁর নেতৃত্বে হারতা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক উত্তম কুমারের ওপর হামলা করা হয়। এরপর তাঁকে একটি নির্মাণাধীন ঘরের ভেতর নিয়ে বেধড়ক পেটানো হয়। স্থানীয়রা এসে ওই শিক্ষককে উদ্ধার করেন। আর এই মারধরের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে আজকের পত্রিকার অনলাইন সংস্করণে একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, উত্তম কুমারের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা তাঁকে মারধর করেন। নেতার দাবি, চার মাস আগে এক শিক্ষার্থীর সঙ্গে ওই শিক্ষকের ঘনিষ্ঠতার ছবি ছড়িয়ে পড়ে। তাই তিনি উত্তমকে ‘শাস্তি’ তথা উত্তম-মধ্যম দিয়েছেন! এদিকে শিক্ষকের দাবি, ওই নারী তাঁর ছাত্রী নন বরং উভয় পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের কথাবার্তা চলছিল। কে বা কারা তাঁদের ছবি ছড়িয়ে দিয়েছে, এ ব্যাপারে তাঁর কিছু জানা নেই।
যাই হোক, স্বেচ্ছাসেবক দলের নেতা ফরাজী যে ‘শাস্তি’ দিলেন, তা কেন ঘটনার চার মাস পরে দিলেন, সেটা বোধগম্য নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিনি ‘শাস্তি’ দেওয়ার কে? তিনি কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য নাকি বিচারক? তাঁর কাছে কেউ অভিযোগ করেছেন কি না, এ ব্যাপারটিও তিনি স্পষ্ট করেননি। আর ঘনিষ্ঠতার ছবি ছড়িয়ে পড়ার ঘটনায় যদি ভুক্তভোগী কেউ অভিযোগ করেন, তাহলে তাঁকে সেই অভিযোগ তো করতে হবে থানায়। পুলিশ আইন অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেবে এবং আদালত বিচার করবেন। সেখানে স্বেচ্ছাসেবক দলের একজন নেতার কাজ কি আইন নিজের হাতে তুলে নেওয়া? নাকি তিনি তাঁর প্রভাব জানান দিতে এহেন কাণ্ড করেছেন?
দাপট দেখাতে এ ধরনের ঘটনা আমরা আগেও বহুবার ঘটতে দেখেছি। ‘জোর যার মুলুক তার’ প্রবাদে বিশ্বাসীদের একদিন যে পতন হয়, সেই উদাহরণও আমরা পেয়েছি। বিএনপির শপথ গ্রহণের আগেই যখন কর্মীদের এই মনোভাব, তখন শপথের পর তাঁরা কী রূপ নিয়ে সমাজে চলবেন, তা ভেবে আতঙ্কিত হওয়াটা স্বাভাবিক। আমরা কোনোভাবেই চাই না প্রভাব বিস্তারের সংস্কৃতি ফিরে আসুক। প্রত্যাশা থাকবে, বিএনপি দলের নেতা-কর্মীদের করা অন্যায়-অপরাধকে একবিন্দু ছাড় দেবে না।

আলতাফ পারভেজ লেখক ও গবেষক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর। ডাকসুর নির্বাচিত সদস্য ছিলেন। ‘মুজিব বাহিনী থেকে গণবাহিনী: ইতিহাসের পুনঃপাঠ’, ‘বার্মা: জাতিগত সংঘাতের সাত দশক’, ‘শ্রীলঙ্কার তামিল ইলম’, ‘গ্রামসি ও তাঁর রাষ্ট্রচিন্তা’ প্রভৃতি তাঁর গুরুত্বপূর্ণ বই।
১ দিন আগে
নরসিংদীর মাধবদীতে ১৫ বছরের এক কিশোরীকে তার বাবার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। কিশোরীটি ১৫ দিন আগে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিল। কিন্তু তাৎক্ষণিকভাবে আইনি ব্যবস্থা না নিয়ে স্থানীয় ইউপি সদস্যের কাছে বিচার চাইতে গেলে সেই ইউপি সদস্য মীমাংসা করার প্রতিশ্রুতি দিয়ে এলাকা ছেড়ে যাওয়ার কথা বলেন।
১ দিন আগে
নবনিযুক্ত আইজিপি মব মোকাবিলার বিষয়ে কথা বলেছেন। এ জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন। আইজিপির বক্তব্যের মাধ্যমে পরিষ্কার হলো, বিগত সময়টিতে মব সংস্কৃতি যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তা এখন সত্যিই সবার মধ্যে নিরাপত্তাহীনতার বোধ সৃষ্টি করেছে। অন্তত আইজিপি সেটা স্বীকার করেছেন।
২ দিন আগে
একটি গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার গঠনের পর তারা দেড় বছরের এলেবেলে শাসন চালিয়েছে। অনেক অনিশ্চয়তার পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দেশের শাসনভার গ্রহণ করেছেন।
২ দিন আগে