গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই করে, সেই গরুর মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়ছে মানুষ। এ কথা শুনে মন খারাপ হয়ে গেল। আমাদের এই দেশে খানিকটা প্রোটিন খাওয়া যে অনেকের কাছেই বিলাসিতা, সে কথা কে না জানে! পৃথিবীর সবচেয়ে কম প্রোটিন খায় যে দেশগুলো, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। ফলে, অর্ধেকের কম দামে সুন্দরগঞ্জে যখন গরুর মাংস বিক্রি হচ্ছিল, তখন সে মাংস কেনার লোভ সামলাতে পারেননি অনেকে। কিন্তু অজ্ঞাত রোগে আক্রান্ত এই গরুগুলো যে খাওয়ার অযোগ্য, সেটা তাঁদের জানা ছিল না।
আজকের পত্রিকার সারা দেশ পাতায় ২৫ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনটিতে দেখা যাচ্ছে, গত ১৫ দিনে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে এই সুন্দরগঞ্জেই মারা গেছে অর্ধশতাধিক গরু-ছাগল। অসুস্থ গরু-ছাগল দ্রুত জবাই করা হচ্ছে। যাঁরা গরুর মাংস কাটছেন, তাঁদের শরীরেও হচ্ছে ফোড়া। যারা খাচ্ছে, তারা অসুস্থ হয়ে পড়ছে। ধারণা করা হচ্ছে, এই মাংস থেকে অ্যানথ্রাক্স রোগের জীবাণু ছড়াতে পারে। রোগ ঠেকাতে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। অসুস্থ পশু জবাই না করার জন্যও সতর্ক করে দেওয়া হচ্ছে।
বিচিত্র এ দেশ আমাদের। এখানে এমনিতেই সাধারণ মানুষের আয় কম বলে তারা মাছ, মাংস, ডিম, দুধ কিনে খেতে পারে না। চাল আর ডাল কিনতেই তাদের ট্যাঁকে টান পড়ে। পেট ভরে সাদা ভাত খেতে পারলেই তাদের মন ভরে। তাই বিজ্ঞানীরা যতই প্রোটিনের প্রয়োজনীয়তার কথা বলুন না কেন, মরিচ ডলে বড় এক থালা ভাত খেতে পারলেই যেন তৃপ্তির সন্ধান পাওয়া যায়। অর্থনৈতিক কারণেই মাছ-মাংসের দিকে হাত বাড়াতে পারে না দরিদ্র মানুষ। তাই উচ্চমানের প্রোটিন থেকে যায় অধরা। এ কারণেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা মাত্রার নিচে রয়েছে আমাদের প্রোটিন গ্রহণের পরিমাণ। এসব কারণেই হয়তো সুন্দরগঞ্জের মানুষের জীবনে অসুন্দর এক রোগ নেমে এসেছে।
বক্তৃতা বা নীতিকথা দিয়ে দারিদ্র্য দূর হবে না। জনকল্যাণমুখী রাজনীতি, গ্রামীণ জীবনের চাহিদা-জোগানে সামঞ্জস্য রাখা, উৎপাদিত খাদ্য বা পণ্যের ন্যায্য দাম নির্ধারণ করা, প্রয়োজনে দরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ানো—এ ধরনের পরিকল্পনা নেওয়া হলে দরিদ্র মানুষ বাঁচবে। তখন তাকে যদি বলা হয়, দিনে কতটা প্রোটিন খাওয়া উচিত, তবেই সে ব্যাপারটা বুঝতে পারবে। প্রোটিন কেনার মুরোদ যখন নেই, তখন শরীরে প্রোটিনের প্রয়োজনীয়তার পরামর্শ যদি কেউ দেয়, তাহলে তা হবে অরণ্যে রোদন।
অচিরেই যেন অসুস্থ গরু জবাই করা নিষিদ্ধ হয়, এ জন্য সুন্দরগঞ্জে প্রচারণা চালাতে হবে। কেউ যেন এ রকম মাংস না কেনেন, সে ব্যাপারেও এলাকাবাসীকে সতর্ক করে দিতে হবে। যারা ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে, সরকারি উদ্যোগেই তাদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যাঁরা অবৈধভাবে অসুস্থ গবাদিপশু বিক্রি করছেন, তাঁদের শাস্তির আওতায় আনতে হবে। এ বিপদ থেকে রক্ষা পাক সুন্দরগঞ্জের মানুষ—এই আমাদের প্রত্যাশা।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি হলো, বিশ্বের কোনো দেশের রাষ্ট্রপ্রধান তাদের আনুগত্য না মানলে সেখানে যেকোনো উপায়ে তাঁকে উৎখাত করা। যুক্তরাষ্ট্রের অতীত ইতিহাস তা-ই বলে। সেই
৪ ঘণ্টা আগে
দায়িত্ব নেওয়ার পর নতুন সরকারের মধ্যে দুটি ধারা দেখা যাচ্ছে। প্রথমটি—প্রধানমন্ত্রী তারেক রহমানের ব্যক্তিগত কিছু কর্মকাণ্ড, আচার-আচরণ। আর দ্বিতীয়টি হচ্ছে, বিএনপি ও তার নেতাদের গতানুগতিক কাজকর্ম। এই দুই ধারার মধ্যে মিলের চেয়ে যেন অমিলই বেশি। ফলে সাধারণ মানুষ বুঝে উঠতে পারছেন না, আগামী দিনগুলোতে ঠিক...
৪ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। বিশ্বজুড়ে চোখ মধ্যপ্রাচ্যের ওপর। প্রশ্ন একটাই, এখন কী হবে? যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের দীর্ঘদিনের লক্ষ্যবস্তু ইরানের ইসলামি শাসকগোষ্ঠীর পতন হবে কি? হলে কী হবে সেই ইরানের চেহারা! মুহুর্মুহু হামলার মুখে কতক্ষণ...
৪ ঘণ্টা আগে
আলতাফ পারভেজ লেখক ও গবেষক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে স্নাতকোত্তর। ডাকসুর নির্বাচিত সদস্য ছিলেন। ‘মুজিব বাহিনী থেকে গণবাহিনী: ইতিহাসের পুনঃপাঠ’, ‘বার্মা: জাতিগত সংঘাতের সাত দশক’, ‘শ্রীলঙ্কার তামিল ইলম’, ‘গ্রামসি ও তাঁর রাষ্ট্রচিন্তা’ প্রভৃতি তাঁর গুরুত্বপূর্ণ বই।
১ দিন আগে