
বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিগত আওয়ামী লীগ সরকারের তুলনায় বেশি নিরাপত্তা দিচ্ছে। যদিও জরিপের ফলাফলে মুসলিম ও অমুসলিমদের মধ্যে নিরাপত্তা নিয়ে ধারণায় কিছু পার্থক্য দেখা গেছে।
গত অক্টোবর মাসের শেষ দিকে ভয়েস অব আমেরিকা বাংলার পরিচালিত এই জরিপে ৬৪ দশমিক ১ শতাংশ উত্তরদাতা মনে করেন, আওয়ামী লীগ সরকারের তুলনায় অন্তর্বর্তী সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য বেশি নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে। মাত্র ১৫ দশমিক ৩ শতাংশ উত্তরদাতা মনে করেন, বর্তমান সরকারের সময় সংখ্যালঘুরা আগের চেয়ে কম নিরাপত্তা পাচ্ছে। ১৭ দশমিক ৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।
জরিপে আটটি বিভাগের ১ হাজার উত্তরদাতার মতামত নেওয়া হয়। জনমিতিক বৈচিত্র্য বজায় রাখতে সমানসংখ্যক নারী ও পুরুষের মতামত নেওয়া হয়, যাঁদের মধ্যে ৯২ দশমিক ৭ শতাংশ মুসলিম। অর্ধেকের বেশি উত্তরদাতার বয়স ছিল ৩৪ বছরের নিচে এবং এক-চতুর্থাংশ শহুরে অঞ্চলের বাসিন্দা।
সংখ্যালঘুদের পরিস্থিতি: অতীত থেকে বর্তমান
আওয়ামী লীগ সরকারের পতনের পর, বিশেষত ৫ আগস্টের পর, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ বেড়ে যায়। দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান এবং উপাসনালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মানবাধিকারকর্মী নূর খান জানান, এসব আক্রমণের পেছনে রাজনৈতিক ও ধর্মীয় উভয় কারণ কাজ করেছে। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের মতো ঘটনা এর উদাহরণ।
তবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরিস্থিতি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। স্থানীয় প্রশাসন, ধর্মীয় প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের উদ্যোগে সংখ্যালঘুদের উপাসনালয় পাহারা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়।
মুসলিম ও অমুসলিমদের দৃষ্টিভঙ্গির পার্থক্য
জরিপে দেখা গেছে, মুসলিম উত্তরদাতাদের মধ্যে ১৩ দশমিক ৯ শতাংশ মনে করেন, বর্তমান পরিস্থিতি আগের চেয়ে খারাপ। অন্যদিকে ধর্মীয় সংখ্যালঘুদের ৩৩ দশমিক ৯ শতাংশ মনে করেন, বর্তমান সরকার তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ।
ঢাকার বাসিন্দা জয়তী সরকার জানান, আগে কখনো তাঁর নিরাপত্তা নিয়ে শঙ্কা ছিল না, কিন্তু বর্তমানে তিনি পুরোপুরি নিশ্চিন্ত নন। তবে অনেক সংখ্যালঘু মনে করেন, আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনে ঘটে যাওয়া তাঁদের জমি দখল ও বিক্রির মতো ঘটনার অবসান হয়েছে, যা একটি স্বস্তির অনুভূতি এনে দিয়েছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
বাংলাদেশে সরকার পরিবর্তনের পর সংখ্যালঘুদের ওপর সহিংসতার মাত্রা বৃদ্ধিতে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলেছেন।
তবে অন্তর্বর্তী সরকার এসব আক্রমণকে বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করেছে এবং অভিযোগ অস্বীকার করেছে।
আস্থার সংকট
মানবাধিকারকর্মী নূর খান মনে করেন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আস্থার সংকট পুরোপুরি কাটেনি। তিনি বলেন, আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে সরকারের কার্যক্রমের ওপর নির্ভর করবে সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা কতটা মজবুত হবে।
সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য মানবাধিকারকর্মীরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৩ ঘণ্টা আগে