
গ্রাহকদের কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা অর্জন ও মানি লন্ডারিংয়ের অপরাধে আল আকাবা বহুমুখী সমবায় সমিতির পরিচালকদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মানি লন্ডারিং আইনের প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়া গেলে গতকাল বুধবার মাদারগঞ্জ থানায় মামলা করা হয়।
সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বিষয়টি আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) নিশ্চিত করেছেন।
এক বিজ্ঞপ্তিতে জসীম উদ্দিন খান গণমাধ্যমকে জানিয়েছেন, ব্যাংকের চেয়ে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে প্রতারণা করে ৪০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ায় তাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে এ মামলা করে সিআইডি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের রেজিস্ট্রেশন নিয়ে গড়ে ওঠে বিভিন্ন নামের সমবায় সমিতি। এসব সমিতির মধ্যে অন্যতম মাদারগঞ্জ আল আকাবা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। সমিতিটি জামালপুর জেলার বিভিন্ন থানা ও পার্শ্ববর্তী এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কাছে স্বল্প সময়ে বেশি মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করত। ব্যাংকের চেয়ে বেশি সুদের প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৩ থেকে ১৪ হাজার গ্রাহকের কাছ থেকে বিপুল অর্থ সংগ্রহ করে। প্রতি লাখ টাকায় মাসে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা মুনাফা দেওয়ার আশ্বাস দেওয়া হতো। শুরুতে সীমিত পরিসরে গ্রাহকদের লাভ দিলেও কিছুদিন পর তা বন্ধ করে সমিতির মালিক ও কর্মকর্তারা অফিসে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে যান।
সিআইডির মানি লন্ডারিং তদন্তে উঠে আসে, প্রায় ১৩ থেকে ১৪ হাজার গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নেওয়া প্রায় ৪০০ কোটি টাকা পরিচালকেরা নিজেদের নামে ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে মানি লন্ডারিং করেন।
এই অর্থে তাঁরা ৩১১৩ শতাংশ জমি ও বিভিন্ন ধরনের সম্পত্তি ক্রয় করেন। এর মধ্যে জামালপুর সদর উপজেলার গহেরপাড়া মৌজায় প্রায় ১৫ একর জমির ওপর ‘আলফা অটো ব্রিকস’ নামে একটি ইটভাটা, গাজীপুরের দক্ষিণ সালনা মৌজায় প্রায় ৩৫০ শতাংশ জমির ওপর ‘আলফা ড্রেসওয়ার’ নামে একটি গার্মেন্টস কারখানা রয়েছে। তা ছাড়া বসুন্ধরা আবাসিক প্রকল্পে ‘আলফা ডেভেলপার’ ও ‘আলফা ড্রেসওয়ার’-এর নামে ৯টি প্লট রয়েছে। অন্য সম্পত্তিগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও জামালপুরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে।
মানি লন্ডারিং অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে জামালপুর দায়রা জজ আদালতের সিনিয়র স্পেশাল জজ সমিতির পরিচালকদের এসব স্থাবর সম্পত্তি, স্থাপনা, প্রতিষ্ঠান ও অবকাঠামোর ওপর ক্রোকাদেশ জারি করেছেন। এর আগে অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রোধেও আদালত আদেশ দেন।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট জানিয়েছে, নিবিড় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে