Ajker Patrika

‎আইন না জানাও একটা অপরাধ: আইজিপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৪: ০৩
‎আইন না জানাও একটা অপরাধ: আইজিপি
রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আইজিপি। ছবি: আজকের পত্রিকা

‎আইন না জানাও একটা অপরাধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘প্রতিবছর ঈদযাত্রায় ঘরমুখী মানুষের অনেক সমস্যা হয়। বিশেষ করে সড়কে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। আবার দেখা যায়, অনেকে ঈদের আগের দিন রওনা দেয়, বাড়িতে পৌঁছে সঠিকভাবে ঈদটাও করতে পারে না। এ জন্য এ বছর আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের যাত্রীদের ঈদযাত্রায় যেন হয়রানি, টিকিটের মূল্য বেশি নেওয়া, সড়কে যানজট না হওয়া তা নিশ্চিত করার জন্য সব মহাসড়কে ব্যবস্থাপনা যাতে উন্নত করা যায়, সে জন্য গুরুত্বসহকারে কাজ করছি।’

‎আলী হোসেন ফকির আরও বলেন, ‘বড় বড় বাজার ও মোড়গুলোতে প্রচুর পরিমাণের যানজট সারা বছর লেগেই থাকে। সেগুলো দূর করার জন্য সেখানে পুলিশের উপস্থিতিতে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে ওই এলাকায় যাতে যানজট না হয়, তার নির্দেশ দিয়েছি। এ ছাড়া পরিবহন মালিক সমিতির লোকজনকে অনুরোধ করেছি, যাতে পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট যাঁরা চালক ও সহযোগী হিসেবে থাকেন, তাঁরা অনেক সময় ট্রাফিক আইনটাও জানেন না। ট্রাফিক আইন মেনে চলেন না। এতে যানজট তৈরি হয়, এসব ক্ষেত্রে একটু মেধা খাটালেই এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। এ জন্য তাঁদের অনুরোধ করেছি, তাঁদের মোটিভেশন ও ট্রাফিক আইন শিক্ষা দেওয়ার জন্য।’

‎গাবতলী বাস টার্মিনালে আইনশৃঙ্খলার তৎপরতার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এখানে মাদকসেবী, ছিনতাইকারী রয়েছে। সব ধরনের লোকই আছে। এ জন্য সারা দেশে ও পুলিশের সকল ইউনিটকে বলে দিয়েছি যেন ডিউটিতে থাকে। কোনো ধরনের হুমকি নাই। তারপরও জনগণকে বলতে চাই, বাংলাদেশ পুলিশ তৎপর রয়েছে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা, অন্যায় কোনো কিছুর সঙ্গে আপস করা হবে না।’ ‎

‎রাজধানীতে নানা স্থানে অবৈধ বাস কাউন্টারের বিষয়ে ‎আলী হোসেন ফকির বলেন, ‘আইজিপি হিসেবে যোগদানের পরই বলেছি, ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার কোনো বাস কাউন্টার থাকতে পারবে না। এটা দূর করার জন্য আমাদের সবার প্রচেষ্টা দরকার। আইনের মাধ্যমে আমরা এসব দূর করব। ’‎

এ সময় কাউন্টারের ডিসেন্ট্রালাইজেশনের কথাও উল্লেখ করেন তিনি। ‎

‎টিকিটের মূল্য বেশি নেওয়ার পরও অভিযোগ না করার বিষয়ে আইজিপি বলেন, ‘এটা আমাদের সমস্যা। আইন না জানাও একটা অপরাধ। জানার দায়িত্ব নিজের। প্রচলিত দেশের আইন জানা একজন নাগরিক হিসেবে দায়িত্ব। প্রধান দায়িত্ব আপনাকে আইন জানতে হবে। আপনি জানেন না, এসে বলবেন, আমি এটা জানতাম না, এই অজুহাত মানব না। প্রচলিত আইন জানাও আমাদের দায়িত্ব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুই বছরের কন্যাকে নিয়ে ২৩ তলা থেকে বাবার ঝাঁপ, দুজনেরই মৃত্যু

সব লঞ্চার ‘ধ্বংসের’ পরও এত ড্রোন-ক্ষেপণাস্ত্র কীভাবে ছুড়ছে ইরান, আর কত অবশিষ্ট

ইরান এতগুলো দেশে হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প

চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক মারা গেছেন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত