বর্ষাকাল শুরু হয়েছে। এখন আক্ষরিক অর্থেই ঝরবে ঝুম বৃষ্টি। এ সময় খিচুড়ি না খেলে কি চলে? বৃষ্টির দিনে খিচুড়ির সঙ্গে ইলিশ খাওয়ার চল আছে আমাদের দেশে। কিন্তু স্বাদ খানিক বদলে নেওয়া গেলে বৃষ্টির তোড়ে ভেসে আসা ঠান্ডা বাতাসে পাঁচফোড়ন বাগার দেওয়ার সুবাস খুব একটা খারাপ লাগবে না। বলতে চাইছি, পাঁচফোড়ন বাগার দিয়ে রেঁধে ফেলুন সবজি খিচুড়ি। সঙ্গে রাখুন গরুর মাংসের হাঁড়ি কাবাব। খুব সহজে এই কাবাব বাসায় তৈরি করে নেওয়া যায়। খিচুড়ি ও কাবাবের রেসিপি ও ছবি পাঠিয়েছেন আনিসা আক্তার নূপুর।
ঝটপট হাঁড়ি কাবাব
উপকরণ
হাড় ও চর্বি ছাড়া গরুর মাংস ১ কেজি, আদা-রসুনবাটা ২ টেবিল চামচ, পেঁপেবাটা ২ টেবিল চামচ, আস্ত কালো গোলমরিচ ৮ থেকে ১০টি, পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, ফালি করা পেঁয়াজ ৫ থেকে ৬টি, কাঁচা মরিচ ৭ থেকে ৮টি, লবণ স্বাদমতো, তেল আধা কাপ।

প্রণালি
মাংসের টুকরাগুলো খুব পাতলা করে কেটে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি হালকা ভেজে ঠান্ডা করে নিন। এবার মাংসগুলো সব বাটা ও আস্ত মসলা, তেলসহ ভেজে রাখা পেঁয়াজ, লবণ ও লেবুর রস দিয়ে মেখে রাখুন ৩ ঘণ্টা। তারপর হাঁড়ি গরম করে মাখানো মাংস দিয়ে ঢেকে রান্না করুন কম আঁচে। ৩০ মিনিট পর মাংস ভাজা ভাজা হলে ফালি করা পেঁয়াজ ও কাঁচা মরিচ কুচি করে দিয়ে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নামিয়ে পরিবেশন করুন।
পাঁচফোড়নের বাগারে সবজি খিচুড়ি
উপকরণ
পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, প্রায় সমপরিমাণ মসুর ডাল, পরিমাণমতো মৌসুমি সবজি, পেঁয়াজকুচি আধা কাপ, আদা ও রসুনবাটা ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, আস্ত কাঁচা মরিচ ৫ থেকে ৬টি, দারুচিনি, এলাচি, লবঙ্গ ৩ থেকে ৪ টুকরা, তেল আধা কাপ, পাঁচফোড়ন আস্ত ১ টেবিল চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, গরম পানি ১ লিটার।

প্রণালি
চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। তারপর হাঁড়িতে তেল গরম করে গোটা মসলা ও পেঁয়াজকুচি হালকা করে ভেজে নিতে হবে। তারপর বাটা ও গুঁড়া সব মসলা কষিয়ে চাল, ডাল ও সবজি দিয়ে নেড়েচেড়ে ভেজে নিন। এরপর তাতে গরম পানি দিয়ে দিন। এরপর পরিমাণমতো লবণ ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করুন পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপর অন্য একটি কড়াইয়ে তেল গরম করে পাঁচফোড়ন বাগার দিন। তাতে ধনেপাতা ছড়িয়ে নেড়েচেড়ে পুরো বাগার খিচুড়ির হাঁড়িতে ঢেলে দিন। তারপর মিনিট দশের ঢেকে রেখে নামিয়ে পরিবেশন করুন।

জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও।
৩ ঘণ্টা আগে
আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৪ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৫ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৫ ঘণ্টা আগে