
জমে উঠেছে বিশ্বকাপ ফুটবলের আসর। পথে-ঘাটে গাড়ি থামিয়ে বড় স্ক্রিনে খেলা দেখতেও ভুল হচ্ছে না এতটুকু। আর রাত জেগে প্রিয় দলের খেলা দেখার ব্যাপারটি তো আছেই। তবে বিশ্বকাপের আমেজ এখানেই সীমাবদ্ধ নয়। এই উন্মাদনা জার্সি ছাড়িয়ে উঠে এসেছে রোজকার পরিধেয়তেও। দাঁড়ান দাঁড়ান, এখানে শুধু প্রিয় দলের জার্সি পরে ঘুরে বেড়ানোর কথা হচ্ছে না কিন্তু। রোজকার পরিধেয় কুর্তি, শার্ট, শ্রাগ কিংবা চাদরে থাকে প্রিয় দলের জার্সির রঙের ছাপা! আমাদের দেশের ফ্যাশন হাউসগুলো উপযোগিতার কথা ভেবে নিয়ে এসেছে বিশ্বকাপের জনপ্রিয় দলগুলোর থিমভিত্তিক পোশাক।
প্রতিটি বিশ্বকাপে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের বেশির ভাগ আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে মেতে ওঠেন পুরোদস্তুর। হইহুল্লোড় করেন ফ্রান্স, জার্মানি আর ইল্যান্ডের সমর্থকেরাও। কিন্তু যা-ই বলুন না কেন, আমাদের দেশে অন্য দলগুলোর চেয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি। তাঁদের মধ্য়কার খুনসুটিও থাকে চরম পর্যায়ে। আর সেই উন্মাদনা আরেকটু উসকে দিতে চলতি ঘরানার ফ্যাশন ব্র্যান্ডগুলোও এবার উঠেপড়ে লেগেছে। টি-শার্ট ও টপসের পাশাপাশি তারা তৈরি করেছে শাড়িও। ফলে যাঁরা টি-শার্ট কিংবা জার্সি বা টপস পরে অভ্যস্ত নন, তাঁদেরও চিন্তা নেই। শাড়ি আর হাই হিল পরে এবার তাঁরাও কাঁপাচ্ছেন মাঠ, ছাদ, রেস্তোঁরা আর বসার ঘর।
অনলাইন উদ্য়োগ হরিতকী এবারের ফুটবল বিশ্বকাপের সময়টায় নিয়ে এসেছে বিশ্বকাপ থিমের শাড়ি। ব্রাজিল, আর্জেন্টিনা ও জার্মানির পাশাপাশি এনেছে ফুটবল ডিজিটাল প্রিন্টের শাড়ি। এ ছাড়া আর্টিফিশিয়াল সিল্কের এই শাড়িগুলো বর্ষা মৌসুমেও পরার উপযোগী। ফিউশন আর রানওয়ের আমেজে তরুণ প্রজন্মের ফ্যাশনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এসব শাড়িকে দারুণভাবে ভাবা যায়। আর তা স্টাইলিংও করা যায় নানাভাবে, যার কোনো শেষ নেই, সীমা নেই। আর এখন সে কাজটাই করছেন বিশ্ববিদ্য়ালয়পড়ুয়া তরুণীরা। স্পোর্টি লুক ফুটিয়ে তুলতে শার্ট, ক্রপ টপ, জার্সি, ক্রপ টি-শার্ট দিয়ে এই শাড়িগুলো পরিধান করছেন তাঁরা। অনুষঙ্গ হিসেবে থাকছে স্নিকার, ঘড়ি ইত্যাদি। এখানেই শেষ নয়, পিন্টারেস্ট ঘেঁটে তাঁরা ব্রাজিলিয়ান, আর্জেন্টাইনসহ প্রিয় দেশগুলোর স্থানীয় হেয়ারস্টাইল আর মেকআপও জেনে নিচ্ছেন। ফলে প্রিয় দলের থিমেটিক শাড়ি, সেই দেশের হেয়ারস্টাইল ও মেকআপ—সবটা মিলিয়ে এক অপরূপ স্টাইলিশ লুকে তাঁরা আভা ছড়াচ্ছেন। ফ্যাশন বলতে এখন শুধু নিজের কমফোর্ট বা ভালো লাগাই নয়; বরং তা হয়ে উঠেছে সমসাময়িক ঘটনার সঙ্গে কতটা নিজের মতো করে তাল মেলানো যাচ্ছে, সেটিও। হরিতকী ছাড়াও কইন্যা, রঙ বাংলাদেশ এনেছে বিশ্বকাপের থিমভিত্তিক শাড়ি।
দেশীয় ফ্যাশন হাউস কইন্যা জনপ্রিয় ফুটবল টিম ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকার রং ফুটিয়ে তুলেছে শার্ট ও কুর্তিতে। এসব পোশাকে সাদার ওপর হলুদ, সবুজ আর নেভি ব্লু ফুলের ছাপ দিয়ে অন্যদিকে সাদা জমিনের ওপর নীল নকশা করে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকার আমেজ এনেছেন কইন্যার ডিজাইনাররা। এসব পোশাকের দামও রাখা হয়েছে ক্রয়ক্ষমতার মধ্যে।
বিশ্বকাপ উদ্যাপনের কথা বিবেচনায় রেখে সাতকাহন নিয়ে এসেছে নারীদের জন্য শার্ট ও শ্রাগ আইটেম। ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকার আমেজ রয়েছে তাদের এসব পোশাকেও।

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার কথা বিবেচনায় রেখে তরুণদের জন্য মেসি, নেইমার বা রোনালদোর মতো জনপ্রিয় ফুটবল তারকার প্রতিকৃতি দিয়ে চাবির রিং এবং লকেট তৈরি করেছে গয়নার অনলাইন পেজ আরুণিকা। কাঠের ওপর স্ক্রিনপ্রিন্ট করে রঙের আঁচড় দেওয়া হয়েছে এসব অনুষঙ্গে। এ ছাড়া বিভিন্ন দলের জার্সির কাটআউট লকেট পাওয়া যাবে আরুণিকার অনলাইন শপে। চাইলে কাস্টমাইজ করে নেওয়া যাবে। এ ছাড়া আংটি, দুল ও চাবির রিংয়ে প্রিয় তারকার ছবি পেতে পারেন আরুণিকার ফেসবুক পেজ থেকে।
এই প্রজন্ম জার্সিকে ব্যক্তিগত স্টাইলের অংশ হিসেবে দেখছে। ইউনিভার্সিটি, গেট-টুগেদার বা বন্ধুদের সঙ্গে খেলা দেখা—সবখানেই জার্সিভিত্তিক নানান স্টাইলিং দেখা যায়, যা কয়েক বছর আগেও খুব একটা পরিচিত ছিল না। জার্সিকে লং-স্লিভ টি-শার্টের ওপর লেয়ারিং করছেন অনেকে। সঙ্গে পরছেন বুটকাট ডেনিম প্যান্ট ও স্নিকার। চুলটা অনেকে হাফ বান করে বাঁধছেন। ক্যাজুয়াল স্টাইলিংয়ে জার্সিকে ইন করে হালকা রঙের বটমের সঙ্গে পরা হচ্ছে। চোখে সানগ্লাস পুরো লুকটাই বদলে দিচ্ছে। জার্সিকে অনেকে টাইটস ও মিনিস্কার্টের সঙ্গে যুগলবন্দী করছেন। সঙ্গে পরছেন লেদার বুট দিয়ে। আবার একই জার্সি ক্রপ টপ স্টাইলে পরছেন লুজ ব্যাগি প্যান্টের সঙ্গে। আর এভাবেই জার্সি পরা শুধু প্রিয় দলকে সমর্থনের একটিমাত্র উপায়ই নয়, বরং হয়ে উঠেছে ডেইলি ফ্যাশন স্টেটমেন্ট।

আমাদের মুখমণ্ডলের অন্যান্য অংশের ত্বকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি পাতলা হয় চোখের চারপাশের ত্বক। তাই রোজ যে ক্লিনজার স্ক্রাব বা ময়শ্চারাইজার আমরা মুখে ব্যবহার করি, তা চোখের চারপাশের ত্বকের জন্য সমান কার্যকর নয়।
৩ ঘণ্টা আগে
ভ্যাপসা গরমে যাঁরা রোজ অফিস করছেন বা যাঁরা বাড়িতে রয়েছেন, তাঁদের সবারই নাজেহাল অবস্থা। কখন বৃষ্টি নামবে, এই ক্ষণ গুনতে গুনতেই চলে এল বর্ষা। তপ্ত রোদ থেকে এবার একটু রেহাই পাওয়ার আশা করা যায়। বর্ষার প্রথম দিনেই আলমারিতে নীল শাড়ির খোঁজ পড়ে।
৩ ঘণ্টা আগে
আষাঢ় মানে বাহারি স্বাদের খিচুড়ির আয়োজন। ঝুম বৃষ্টিতে গরম-গরম সুস্বাদু খিচুড়ি বাঙালির রসনাবিলাসের দারুণ এক উপকরণ। আজ আষাঢ়ের প্রথম দিন, খিচুড়িপ্রেমীদের জন্য আজ থাকছে মুখরোচক মুগ ডালের খিচুড়ির রেসিপি। সবজি, আচার এবং মাংস কষা দিয়ে খাওয়ার জন্য এই খিচুড়ির রেসিপি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৪ ঘণ্টা আগে
আমার মুখের ত্বকে দু-একটা ব্রণের দাগ ছাড়া তেমন কোনো দাগ নেই। তবে প্রতিবার ফেয়ার পলিশ করার পর চিকবোনের কাছে কালচে ছোপ দেখা যায়। কয়েক দিন পর আবার আবছা লাগে দাগটা। এটা কী? আমার কি মেছতা হতে যাচ্ছে?
৪ ঘণ্টা আগে