ইউক্রেন ও পোল্যান্ডের প্রতিবেশী দেশ স্লোভাকিয়ার জাতীয় নির্বাচনে জয়ী হয়েছে মস্কোপন্থী স্মের পার্টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রগ্রেসিভ স্লোভাকিয়ার চেয়ে দলটি স্পষ্ট ব্যবধানে এগিয়ে আছে। জয়ী হলেও পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর দল স্মের পার্টি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে দেশটির প্রায় শতভাগ জেলার নির্বাচনী ব্যালট গণনা করা হয়েছে। প্রাথমিক ফলাফল অনুসারে স্লোভাকিয়ার সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর স্মের পার্টি ২৩.৪ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থানে রয়েছে। ১৭ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রগ্রেসিভ স্লোভাকিয়া এবং ভয়েস-সোশ্যাল ডেমোক্রেসি বা হ্লাস পার্টি ১৫ শতাংশ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।
বিশ্লেষকেরা অনুমান করছেন, ফিকোর দল ক্ষমতায় এলে দেশটির পররাষ্ট্রনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। কারণ ৫৯ বছর বয়সী ফিকো নির্বাচনের আগে এরই মধ্যে ঘোষণা করেছেন, তিনি ইউক্রেনে সহায়তা দেওয়া বন্ধ করবেন। তিনি শুরু থেকেই রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা আরোপের কড়া সমালোচনা করে আসছেন। এ ছাড়া স্লোভাকিয়ায় এলজিবিটিকিউ অধিকারের বিপক্ষে তিনি।
নির্বাচনের পর বুথ-ফেরত জরিপে দেখা গিয়েছিল, প্রগ্রেসিভ স্লোভাকিয়া হয়তো এগিয়ে থাকবে। কিন্তু ভোট গণনার পর ফলাফল প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সেই আশাও দূরীভূত হয়েছে।
এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় স্লোভাকিয়ার পরবর্তী সরকার গঠন নিয়ে এখনো ধোঁয়াশা রয়ে গেছে। তবে এটি স্পষ্ট যে, সরকার গঠন করতে হলে প্রধান দুই দলের পিটার পেলেগ্রিনির হ্লাস পার্টি ও ইগর মতোভিচের ওলানো পার্টির মতো দলগুলোর সঙ্গ প্রয়োজন হবে। এ ক্ষেত্রে ফিকোর সাবেক সহকর্মী পিটার পেলেগ্রিনি কিংমেকার হিসেবে আবির্ভূত হতে পারেন।
স্লোভাকিয়ার রাজনৈতিক প্রথা অনুসারে নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া দলটি ১৫০ আসনবিশিষ্ট পার্লামেন্টে সরকার গঠনের সুযোগ পায়। তবে এবার স্মের পার্টির জন্য বিষয়টি খুব একটা সহজ হবে না। কারণ রবার্ট ফিকোর ফিরে আসার সম্ভাবনা থাকলেও তাঁকে জোট সরকার গঠন করতে হতে পারে। এবং সেখানেই কিংমেকার হিসেবে আবির্ভূত হতে পারেন পিটার পেলেগ্রিনি।
উল্লেখ্য, পিটার পেলেগ্রিনি রবার্ট ফিকোর সঙ্গে বিরোধের জের ধরে স্মের পার্টি থেকে বেরিয়ে এসে ২০২১ সালে হ্লাস পার্টি গঠন করেন।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
২২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে