
দেশে চলতি অর্থবছরের শুরু থেকেই সঞ্চয়পত্র বিক্রি ইতিবাচক ধারায় ছিল। কিন্তু গত নভেম্বরে হঠাৎ এ খাতে বিনিয়োগ কমিয়ে দেন সাধারণ মানুষ। সঞ্চয়পত্র ক্রয় বা নবায়নের চেয়ে আগের সঞ্চয়পত্র ভেঙে টাকা তুলে নেওয়ার প্রবণতা বেড়ে যায়। এ পরিস্থিতিতে সরকার সুদের হার বাড়িয়েও সঞ্চয়পত্র বিক্রিতে খরা ঠেকাতে পারছে না।
মানুষ সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানো বাড়িয়ে দিলে সরকারের দিক থেকে নিট বিক্রি ‘ঋণাত্মক’ বলা হয়। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত ডিসেম্বরে সঞ্চয়পত্রের নিট বিক্রি ৩ হাজার ৯২১ কোটি টাকা ঋণাত্মক হয়েছে। এর আগের মাস নভেম্বরেও নিট বিক্রি ৩ হাজার ৪৩০ কোটি টাকা ঋণাত্মক ছিল। অর্থাৎ ওই দুই মাসে সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙানোর চাপ ছিল বেশি।
তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরে সঞ্চয়পত্রে নিট বিক্রি ঋণাত্মক ছিল ১ হাজার ২০৪ কোটি টাকা। ২০২৪ সালের একই সময় তা বেড়ে হয়েছে ৩ হাজার ৯২১ কোটি টাকা। অর্থাৎ এক বছরের নিট বিক্রির ঋণাত্মক অঙ্ক বেড়েছে ১ হাজার ৮১৭ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২ হাজার ১৮৭ কোটি, দ্বিতীয় মাস আগস্টে ২ হাজার ৩৬ কোটি এবং তৃতীয় মাস সেপ্টেম্বরে ৪ হাজার ১০৯ কোটি টাকা ইতিবাচক নিট বিক্রি ছিল। তবে নভেম্বরে থেকে তা নেতিবাচক হতে শুরু করে।
খাতসংশ্লিষ্টরা বলেছেন, গত নভেম্বরে উচ্চ মূল্যস্ফীতি ছিল। নিম্ন ও মধ্যবিত্তদের জীবনযাত্রার ব্যয় বাড়ার কারণে তাঁরা সঞ্চয় করতে পারেননি। আবার গত জুলাই-আগস্টের আন্দোলনে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বিগত সরকারের সুবিধাভোগী ধনী গোষ্ঠীর অনেকে আত্মগোপনে চলে গেছেন। এ ছাড়া ব্যাংক আমানত ও সরকারের বিল-বন্ডের সুদের হার বেড়ে যাওয়ায় প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিপর্যায়ের বিনিয়োগের একটি বড় অংশ ব্যাংক ও বিল-বন্ডে স্থানান্তর হয়েছে। এসব কারণে সঞ্চয়পত্রের বিক্রিতে কিছুটা ভাটা পড়েছে। চাপ সামলাতে সঞ্চয়পত্রে সুদহার বৃদ্ধি করা হয়। এতে সঞ্চয়পত্রের ভাঙানোর গতি খানিকটা কমেছে। তবে সবকিছু ঠিক থাকলে আগামীতে সঞ্চয়পত্র বিক্রির খরা কেটে যাবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে। হাতিয়ার হিসেবে নীতিসুদহার বাড়িয়েছে। এতে ঋণ ও আমানতের সুদহারও বেড়ে যায়। আবার মূল্যস্ফীতি বেশি থাকায় অনেকে সঞ্চয়পত্র ভেঙে ফেলছেন। কিন্তু সম্প্রতি মূল্যস্ফীতি কিছুটা কমেছে এবং সঞ্চয়পত্রের সুদহার বৃদ্ধি করা হয়েছে। আশা করা যায়, সামনে সঞ্চয়পত্র বিক্রি বাড়বে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি থেকে সরকার ১৫ হাজার ৪০০ কোটি টাকার নিট ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সঞ্চয়পত্রের নিট বিক্রি (বিনিয়োগ) সরকারের ঋণ হিসেবে গণ্য হয়, যা বাজেট ঘাটতি অর্থায়নে ব্যবহার হয়ে থাকে। গত অর্থবছরের সঞ্চয়পত্র বিক্রি থেকে সরকারের নিট ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৮ হাজার কোটি টাকা।
জানা গেছে, সরকারি ট্রেজারি বিল-বন্ড ও আমানতের সুদ বাড়ার কারণে গত জানুয়ারি থেকে সব ধরনের সঞ্চয়পত্রের সুদহার বাড়ানো হয়েছে। পরিবার সঞ্চয়পত্রে মেয়াদপূর্তিতে মুনাফার হার ১১ দশমিক ৫২ শতাংশ থাকলেও এখন এই সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা মিলবে সাড়ে ১২ শতাংশ। আর সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা আসবে ১২ দশমিক ৩৭ শতাংশ। পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদপূর্তিতে মুনাফা মিলবে ১২ দশমিক ৫৫ শতাংশ। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা মিলবে ১২ দশমিক ৩৭ শতাংশ। এই সঞ্চয়পত্র কিনলে এত দিনে মেয়াদপূর্তিতে মুনাফার হার ছিল ১১ দশমিক ৭৬ শতাংশ। পাঁচ বছরমেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মেয়াদপূর্তির আগে মুনাফা ছিল ১১ দশমিক ২৮ শতাংশ। জানুয়ারি থেকে এই সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদপূর্তিতে মুনাফা মিলবে ১২ দশমিক ৪০ শতাংশ। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা মিলবে ১২ দশমিক ৩৭ শতাংশ। আর তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মেয়াদপূর্তির বছরে মুনাফা ছিল ১১ দশমিক শূন্য ৪ শতাংশ। জানুয়ারি থেকে এই সঞ্চয়পত্রে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা মিলবে ১২ দশমিক ৩০ শতাংশ। সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা হবে ১২ দশমিক ২৫ শতাংশ। অন্যদিকে ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাবে সাড়ে ৭ লাখ টাকার কম বিনিয়োগে মুনাফা আসবে ১২ দশমিক ৩০ শতাংশ এবং সাড়ে ৭ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফা মিলবে ১২ দশমিক ২৫ শতাংশ।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৩ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
৪ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
৫ ঘণ্টা আগে