
ঈদুল আজহার পরপরই রাজশাহীর লাউয়ের বাজারে ধস নেমেছে। জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, কৃষকের মাঠ ও সড়কের পাশের অস্থায়ী বাজারে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে মাত্র ৫ টাকা দরে। অথচ সেই একই লাউ ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে পৌঁছে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭৫ টাকায়। ফলে মধ্যস্বত্বভোগী ও পাইকারি ব্যবসায়ীরা বিপুল লাভ করলেও উৎপাদন খরচ তুলতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা।
কৃষকদের অভিযোগ, ঈদের আগে প্রতি পিস লাউ ৩৫ থেকে ৪০ টাকা দরে বিক্রি হলেও মাত্র কয়েক দিনের ব্যবধানে দাম নেমে এসেছে ৫ টাকায়। এ দামে বিক্রি করে উৎপাদন খরচও উঠছে না বলে দাবি তাঁদের।
রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবার জেলায় রেকর্ড পরিমাণ লাউ উৎপাদন হয়েছে। গত বছরের ৫২১ হেক্টরের পরিবর্তে এবার ৬৬৬ হেক্টর জমিতে লাউ চাষ হয়েছে। সবচেয়ে বেশি চাষ হয়েছে দুর্গাপুর, বাঘা, গোদাগাড়ী, পবা ও পুঠিয়া উপজেলায়।
সরেজমিনে দুর্গাপুর, পুঠিয়া ও বাগমারা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মাঠজুড়ে মাচায় ঝুলছে লাউ। রাস্তার মোড়, গ্রামীণ হাট ও জমির পাশেই চলছে কেনাবেচা। ঈদের আগে যে লাউ প্রতি পিস ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হয়েছে, সেটিই এখন নেমে এসেছে ৫ টাকায়।
স্থানীয় কৃষকেরা বলছেন, হঠাৎ সরবরাহ বেড়ে যাওয়া, পর্যাপ্ত সংরক্ষণ সুবিধার অভাব এবং বাজার নিয়ন্ত্রণে মধ্যস্বত্বভোগীদের আধিপত্য—এই তিন কারণে দাম পড়ে গেছে।
দুর্গাপুর উপজেলার লাউচাষি আনোয়ারুল ইসলাম বলেন, ‘১৫ কাঠা জমিতে লাউ চাষ করেছি। শুরুতে ৩২ টাকা করে বিক্রি করেছি। এখন ৫ টাকা বললেও ক্রেতা পাওয়া যায় না। এই দামে বিক্রি করলে খরচই উঠবে না।’
তবে কৃষকের কাছ থেকে কম দামে লাউ কিনলেও দেশের বিভিন্ন বাজারে এর চিত্র সম্পূর্ণ ভিন্ন। স্থানীয়দের অভিযোগ, ঈদ ও পরিবহন সংকটের অজুহাতে ব্যবসায়ীরা কম দামে লাউ কিনে পরে কয়েকগুণ বেশি দামে বিক্রি করছেন পাইকারেরা। স্থানীয় বাজার থেকে প্রতিদিন শত শত ট্রাক লাউ যাচ্ছে গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রামে।
ঢাকার মহাখালীতে বসবাসকারী নওপাড়া গ্রামের কামরুল হাসান বলেন, গ্রামে লাউয়ের কোনো দাম নেই। অথচ ঢাকার বাজারে সাধারণ মানুষকে কয়েকগুণ বেশি দামে কিনতে হচ্ছে। লাভের বড় অংশ চলে যাচ্ছে মধ্যস্বত্বভোগীদের হাতে।
তবে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। দুর্গাপুর সদর মোড়ে গতকাল রোববার সকালে লাউ কিনছিলেন পাইকার আবদুল আলীম। তিনি বলেন, ঈদের কারণে চালক-হেলপারের সংকট রয়েছে। পরিবহন ব্যয়ও বেড়েছে। মাঠে দাম কম হলেও পরিবহন ও ঝুঁকির কারণে খুব বেশি লাভ থাকে না।
এদিকে কৃষি বিভাগ বলছে, উৎপাদন বৃদ্ধি এবং সরবরাহব্যবস্থার দুর্বলতার কারণে বাজারে এ পরিস্থিতি তৈরি হয়েছে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নাসির উদ্দিন বলেন, গ্রাম ও শহরের বাজারে সবজির দামের বড় ব্যবধান অনেক সময় সিন্ডিকেটের কারণেও তৈরি হয়। বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়।
নাসির উদ্দিন আরও বলেন, আলু ও পেঁয়াজ তোলার পর একই জমিতে অনেক কৃষক লাউ চাষে ঝুঁকেছেন। এতে উৎপাদন বেড়েছে, কিন্তু সে অনুপাতে বাজার ব্যবস্থাপনা গড়ে ওঠেনি।

ঢাকার কেরানীগঞ্জের একজন ক্ষুদ্র ব্যবসায়ী প্রতিদিনের আয় থেকে ২০০-৩০০ টাকা করে জমিয়ে মাস শেষে ব্যাংকে রাখেন। রাজশাহীর এক কৃষিশ্রমিক মৌসুম শেষে কয়েক হাজার টাকা সঞ্চয় করে হিসাব খুলতে চান। ময়মনসিংহের এক গৃহকর্মী মেয়ের পড়াশোনার জন্য ছোট একটি ডিপিএস করতে চান।
১ ঘণ্টা আগে
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে...
৫ ঘণ্টা আগে
বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে গ্রাহকদের জন্য বিশেষ কুইজ ও রিচার্জভিত্তিক ক্যাম্পেইন নিয়ে এসেছে দেশের জনপ্রিয় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। বিশ্বকাপজুড়ে চলা এই আয়োজনের মাধ্যমে ফুটবলপ্রেমীরা জিততে পারবেন আকর্ষণীয় পুরস্কার এবং পেতে পারেন জাতীয় ফুটবল দলের একটি আন্তর্জাতিক...
১০ ঘণ্টা আগে
দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের ফ্লাইট। বাংলাদেশ ও জাপানের মধ্যে আকাশপথে যোগাযোগ জোরদার এবং যাত্রীসেবা সম্প্রসারণের লক্ষ্যে চলতি মাস থেকেই এ রুটে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১১ ঘণ্টা আগে