
দেশের অর্থনীতিতে কৃষি খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষি খাতের অবদান প্রায় ১০ দশমিক ৯৪ শতাংশ। এ খাতে নিয়োজিত রয়েছেন দেশে ৪৪ দশমিক ৬৮ শতাংশ মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ফসল পরিসংখ্যান ও কৃষি শ্রমিক মজুরি বিষয়ক ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিবিএসের কৃষি উইংয়ের পরিসংখ্যান কর্মকর্তা ওয়াহিদুল ইসলাম ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে সেপ্টেম্বর- এই তিন মাসের প্রতিবেদনটি পরিকল্পনা মন্ত্রণালয়ে জমা দিয়েছেন, যা এরই মধ্যে বিবিএসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ত্রৈমাসিক ভিত্তিতে কৃষি পরিসংখ্যান প্রকাশের মাধ্যমে কৃষি খাতের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে দ্রুত ধারণা পাওয়া যাবে এবং তা ত্রৈমাসিক জিডিপি হিসাব তৈরিতেও সহায়ক হবে।
কৃষি উদ্যোক্তারা বলছেন, খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ডাল ও তেলবীজ উৎপাদনে প্রণোদনা বাড়ানো জরুরি। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনা ও সংরক্ষণ সুবিধা জোরদার করলে কৃষকেরা এসব ফসল চাষে আরও আগ্রহী হবেন।
প্রতিবেদনে বলা হয়, বেশির ভাগ ফল ও সবজির উৎপাদন গত বছরের তুলনায় বেড়েছে। ফলের মধ্যে আনারসের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে আনারসের উৎপাদন ছিল প্রায় ২ লাখ ৮ হাজার মেট্রিক টন, যা ২০২৫-২৬ অর্থবছরে বেড়ে প্রায় ৩ লাখ ৬১ হাজার মেট্রিক টনে দাঁড়িয়েছে। আমের উৎপাদনও বেড়েছে; আগের বছরের ১৮ লাখ ৭১ হাজার মেট্রিক টন থেকে বেড়ে তা প্রায় ১৯ লাখ ৫২ হাজার মেট্রিক টনে পৌঁছেছে।
৪৮ হাজার ৫০ টন থেকে বেড়ে কালোজাম উৎপাদন দাঁড়িয়েছে ৪৮ হাজার ৬২৯ টনে। জামরুল ১২ হাজার ১৪৮ থেকে ১২ হাজার ৫৮১ টনে, কাঁঠাল উৎপাদন ১০ লাখ ২০ হাজার ৮২১ থেকে ১১ লাখ ১২ হাজার ৫১৫ টনে দাঁড়িয়েছে। ড্রাগন উৎপাদন বেড়েছে দ্বিগুণ ১২ হাজার ৫২২ থেকে ২২ হাজার ৪৫৮ টনে দাঁড়িয়েছে। পেয়ারা উৎপাদন ২ লাখ ৬৬ হাজার ৪০৫ টন থেকে ২ লাখ ৭৮ হাজার ৮৩৪ টনে, বাতাবি লেবু ৭৪ হাজার ৫০ থেকে ৭৬ হাজার ৭৫২ টন এবং তেঁতুল ও লেবু উৎপাদন ১ লাখ ১১ হাজার ৯৫৯ টন থেকে ১ লাখ ১৮ হাজার ৪২৮ টনে উন্নীত হয়েছে।
সবজির মধ্যে বেগুন, করলা, শসা, কচু লতি এবং ঢ্যাঁড়সসহ বেশ কিছু ফসলের উৎপাদন বেড়েছে। এর মধ্যে গ্রীষ্মকালীন বেগুনের উৎপাদন ২ লাখ ৫৮ হাজার মেট্রিক টন থেকে বেড়ে প্রায় ৩ লাখ ২৬ হাজার মেট্রিক টনে দাঁড়িয়েছে। কচুর লতির উৎপাদন ৫১ হাজার ১০৫ থেকে ৭৭ হাজার ৬৬২ টনে, ঝিঙের উৎপাদন ৮০ হাজার ২৮৪ টন থেকে ৯৪ হাজার ৪৩২ টনে, করলা ৮৫ হাজার ৬৩২ থেকে ১ লাখ ৭ হাজার ৯৮১ টনে, কাঁচা পেঁপে ৩ লাখ ৪০ হাজার ৪৪৯ থেকে ৩ লাখ ৬৭ হাজার ৩৬৬ টনে, চিচিঙ্গা ৫৪ হাজার ৭৫৯ থেকে ৭২ হাজার ৩৪৩ টনে, শসা ১ লাখ ১৬ হাজার ৬৮১ থেকে ১ লাখ ৫২ হাজার ১৪৪ টনে উন্নীত হয়েছে।
এ ছাড়া চালকুমড়ার উৎপাদন ১ লাখ ৬ হাজার ৬৩৩ থেকে ১ লাখ ৩৯ হাজার ৪৬ টনে, পটল ১ লাখ ৪১ হাজার ২০০ থেকে ১ লাখ ৭১ হাজার ৩৫১ টনে, পুঁইশাক ১ লাখ ২২ হাজার ৩৬২ থেকে ২ লাখ ১৭ হাজার ১২০ টনে, ডাঁটা ৯৫ হাজার ৯১ থেকে ১ লাখ ২২ হাজার ৭৩২ টনে, কাঁকরোল ৪৫ হাজার ২০৮ থেকে ৫২ হাজার ২২২ টনে এবং ঢ্যাঁড়স উৎপাদন ১ লাখ ৫ হাজার ৭৮৩ থেকে ১ লাখ ৩৪ হাজার ২০০ টনে উন্নীত হয়েছে।
অন্যদিকে গ্রীষ্মকালীন ভুট্টার উৎপাদন কিছুটা কমেছে। গ্রীষ্মকালীন ভুট্টার আবাদি এলাকা ২০২৪-২৫ মৌসুমের প্রায় ২ লাখ ১৪ হাজার একর থেকে কমে ২০২৫–২৬ মৌসুমে প্রায় ১ লাখ ৮৫ হাজার একরে নেমে এসেছে। ফলে উৎপাদনও ৬ লাখ ৩২ হাজার মেট্রিক টন থেকে কমে প্রায় ৫ লাখ ৬৯ হাজার মেট্রিক টনে দাঁড়িয়েছে। খেজুর উৎপাদন ৩৭ হাজার ৮৬৪ টন থেকে ৩৬ হাজার ৯৯৩ টনে উৎপাদন নেমে এসেছে।
প্রতিবেদনে কৃষি শ্রমিকদের মজুরির ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা গেছে। জুলাই মাসে একবেলা খাবারসহ পুরুষ কৃষি শ্রমিকের মজুরি ছিল ৬৭৭ টাকা, যা সেপ্টেম্বর মাসে কমে ৫৩৪ টাকায় দাঁড়িয়েছে। একই সময়ে নারী শ্রমিকের মজুরি জুলাইয়ে ছিল ৪১৬ টাকা এবং সেপ্টেম্বর মাসে তা দাঁড়ায় ৪১৩ টাকা।
কৃষি অর্থনীতিবিদেরা বলেন, উন্নত জাতের বীজ ব্যবহার, সেচ সুবিধা ও বাজারমূল্য ভালো থাকায় ভুট্টা ও সবজিতে উৎপাদন বেড়েছে। তবে ডাল ও কিছু তেলবীজে উৎপাদন কমার পেছনে আবহাওয়া, জমির ব্যবহার পরিবর্তন এবং কৃষকের আগ্রহ কমে যাওয়ার বিষয়গুলো ভূমিকা রেখেছে।
জানতে চাইলে কৃষি অর্থনীতিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ফসলের উৎপাদন বৃদ্ধি গ্রামীণ অর্থনীতির জন্য ইতিবাচক। তবে জলবায়ু পরিবর্তন, মৌসুমি আবহাওয়া এবং বাজারদরের প্রভাবেও ফসলের উৎপাদনে ওঠানামা করছে বলে জানান তিনি
বিবিএস জানায়, কৃষি উৎপাদনের পরিসংখ্যান নির্ধারণে তারা দুটি পদ্ধতি ব্যবহার করে–বস্তুনিষ্ঠ পদ্ধতি ও ধারণাভিত্তিক পদ্ধতি। ধান, গম, আলু ও পাটের মতো প্রধান ফসলের ক্ষেত্রে মাঠ পর্যায়ে নমুনা জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। ত্রৈমাসিক ভিত্তিতে এসব কৃষি পরিসংখ্যান প্রকাশের উদ্দেশ্য হলো দেশের ত্রৈমাসিক জিডিপি হিসাব নির্ধারণে সহায়তা করা এবং নীতিনির্ধারকদের জন্য হালনাগাদ তথ্য সরবরাহ করা।

যোগাযোগব্যবস্থাকে আরও সহজ ও যানজটমুক্ত করতে সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে দেশজুড়ে ১৪টি গুরুত্বপূর্ণ সেতুর টোল প্লাজায় চালু হয়েছে স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা। ফলে, এখন গাড়ি ব্যবহারকারীরা টোল বুথে দীর্ঘ লাইন এড়িয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করতে পারছেন বিকাশ অ্যাকাউন্ট থেকেই।
৪ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশজুড়ে কেনাকাটার ধুম পড়েছে। পোশাক ও জুতার পাশাপাশি গৃহস্থালি ইলেকট্রনিকস পণ্য, বিশেষ করে রেফ্রিজারেটর বা ফ্রিজ কেনার প্রতি ক্রেতাদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে জ্বালানির দাম আকাশছোঁয়া হওয়ায় আগামী দুই মাসে ১ হাজার ১০০টি ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ডের জাতীয় বিমান সংস্থা এয়ার নিউজিল্যান্ড। এর আগে মঙ্গলবার সব রুটেই টিকিটের দাম বাড়িয়েছে এয়ারলাইনটি।
৬ ঘণ্টা আগে
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) সভাপতি নির্বাচিত হয়েছেন রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা। তিনি গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের স্থলাভিষিক্ত হলেন। তিনি আগামী ১ এপ্রিল থেকে দুই বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।
৭ ঘণ্টা আগে