
সুনামগঞ্জের জগন্নাথপুরে কমিউনিটি ক্লিনিকগুলোতে প্রয়োজনীয় ওষুধ নেই। ফলে চিকিৎসাসেবা নিতে এসে ওষুধ না পেয়ে খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে রোগীদের।
গত সোমবার (২৯ সেপ্টেম্বর) পশ্চিম সৈয়দপুর কমিউনিটি ক্লিনিকে গিয়ে দেখা যায়, ওষুধ সরবরাহ না থাকায় কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) রোগীদের চাহিদামতো সেবা দিতে পারছেন না। ওষুধ না পেয়ে ফিরে যাচ্ছে অনেক রোগী।
ওষুধ নিতে আসা সৈয়দপুর হাঁড়িকোনা গ্রামের রুজিনা বেগম ক্ষোভ প্রকাশ করে আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির পাশে ক্লিনিক, কিন্তু লাভ কী হইল? আসলেই খালি ওষুধ নাই, ওষুধ নাই।’
একই এলাকার বৃদ্ধ সুজন মিয়া বলেন, ‘পেটের সমস্যা হওয়ায় ওষুধ নিতে এসেছিলাম। ওষুধ না থাকায় খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছি।’
ক্লিনিক সূত্রে জানা গেছে, গ্রামের দরিদ্র মানুষকে বিনা খরচে চিকিৎসাসেবা দিতে জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নে ২৫টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এখানে সর্দি, জ্বর, আমাশয়, ডায়রিয়া, উচ্চ রক্তচাপ, মাথাব্যথাসহ নানা রোগের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাসেবা দিতে প্রতিটি ক্লিনিকে একজন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নিয়োগ দেওয়া হয়েছে। এসব ক্লিনিকে রোগীদের জন্য প্যারাসিটামল, মেট্রোনিডাজল, অ্যান্টাসিড, হিস্টাসিন, খাওয়ার স্যালাইনসহ ২৭ প্রকারের ওষুধ সরবরাহ করা হয়। তবে অধিকাংশ সময়েই কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধ পাওয়া যায় না বলে অভিযোগ স্থানীয়দের।
সৈয়দপুর গ্রামের সৈয়দ ইনছাব আলীর স্ত্রী ছফেদুন নেছা বলেন, ‘ওষুধ নিতে আসলেই বলে ওষুধ নাই, শেষ হয়ে গেছে। তাহলে ওষুধ থাকে কখন?’
শেফালি বেগম নামের আরেকজন জানান, তিনি ডায়রিয়ার ওষুধ নিতে এসেছিলেন। ওষুধ না থাকায় তাঁকে শুধু খাওয়ার স্যালাইন দেওয়া হয়েছে।
সৈয়দপুর পশ্চিম কমিউনিটি ক্লিনিকের দায়িত্বে থাকা সিএইচসিপি মুকিত বলেন, ‘এই ক্লিনিকের আওতায় প্রায় ২০ হাজার মানুষ রয়েছে। প্রতিদিন গড়ে ৯০-১০০ জন রোগী চিকিৎসা নেয়। ২৭ প্রকারের যে পরিমাণ ওষুধ পাই, সেগুলো তিন-চার মাস পর পর আসে। তার মধ্যে সিরাপ, চোখের ড্রপ, মলম, ক্যালসিয়াম দেড় থেকে দুই মাসেই শেষ হয়ে যায়। এরপর হাত গুটিয়ে বসে থাকতে হয়।’
তিনি আরও বলেন, এখানে রোগীদের চাহিদামতো ওষুধ বিলি করা যাচ্ছে না। ওষুধের বরাদ্দের চেয়ে চাহিদা দ্বিগুণ।
এ ব্যাপারে জগন্নাথপুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায় বলেন, ‘ঢাকা থেকে তিন-চার মাস পর পর কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধ সরবরাহ করা হয়। অনেক ক্লিনিকে ওষুধ বেশি লাগে আবার অনেকটায় কম লাগে। এলাকাভেদে এটা কম-বেশি হয়। তখন নিজেদের মধ্যে সমন্বয় করে যাদের বেশি লাগে না, তাদেরটা যাদের বেশি লাগে তাদের দেওয়া হয়। তবে পশ্চিম সৈয়দপুর কমিউনিটি ক্লিনিকে ওষুধসংকটের কথা আমাকে জানানো হয়নি।’ আগামী কয়েক দিনের মধ্যে পরবর্তী শিডিউলের ওষুধ এলে এই সংকট থাকবে না বলে তিনি জানান।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৫ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে