
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের চকপাড়া গ্রামের ‘মোহাম্মদ আলী শিশু সদন’ নামের এতিমখানাটি আবার চালু হয়েছে। মাসখানেক আগেও এতিমখানাটিতে কোনো শিশু ছিল না। কার্যক্রমও বন্ধ ছিল। অথচ ভুয়া নথিপত্রের মাধ্যমে তিন অর্থবছরে প্রায় ১৩ লাখ টাকার বেশি সরকারি বরাদ্দ উত্তোলন করা হয়। এ নিয়ে গত ১৯ আগস্ট দৈনিক আজকের পত্রিকায় সংবাদ প্রকাশের পর এতিমখানাটি নতুন করে কার্যক্রম শুরু করে।
আজ রোববার সরেজমিনে গিয়ে দেখা গেছে, এতিমখানার কক্ষে শিশুদের আরবি পড়াচ্ছেন এক শিক্ষক। ১২-১৩ জন এতিম শিশু সেখানে অবস্থান করছে। তাদের খাবারের জন্য একজন নারী বাবুর্চিও নিয়োগ দেওয়া হয়েছে। তিনি নিবাসীর শিশুদের সকালের খাবারের জন্য মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছিলেন।
এতিমখানায় থাকা শিশুদের মধ্যে আরাফাত নামের একজন বলে, ‘আমরা প্রায় এক মাস হইল এখানে থাকি, নিয়মিত খাবার পাই। শিক্ষকরা আমাদের পড়ান।’
অন্যদিকে ইসমাইল নামের আরেক শিশু জানায়, ‘আমি এখানে থাকি। তিন বেলা মাছ, মাংস আর ডিম দিয়ে ভাত খাই।’
শিক্ষক মামুনুর রশিদ জানান, প্রায় এক মাস আগে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি প্রতিদিন সকালে শিশুদের আরবি পড়ান।
আবাসিক শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর জানান, তিনি ১ সেপ্টেম্বর থেকে এতিমখানায় শিশুদের দেখাশোনা করছেন। তাঁর মাসিক বেতন ১০ হাজার টাকা।
স্থানীয় বাসিন্দা আমজাদ হোসেন বলেন, ‘কিছুদিন বন্ধ ছিল এতিমখানা। এখন আবার চালু হয়েছে। শিক্ষক আছেন, শিশুরাও আছে। সব মিলিয়ে মন্দ নয়।’
এতিমখানার সাধারণ সম্পাদক ও কুনকুনিয়া আল-ফালাহ নূরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল হালিম বলেন, ‘মাদ্রাসা কমিটির দ্বন্দ্বের কারণে এতিমখানা বন্ধ ছিল। এখন আবার চালু করা হয়েছে। শিক্ষক, বাবুর্চি সব নিয়োগ দেওয়া হয়েছে।’
তবে এতিম না থাকা অবস্থায় বরাদ্দের টাকা কীভাবে উত্তোলন করা হয়েছিল জানতে চাইলে তিনি অভিযোগ করেন, ‘সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী আবুল কালাম আজাদ সব ব্যবস্থা করেছিলেন। আমরা শুধু স্বাক্ষর দিয়েছি। টাকা তিনিই নিয়েছেন। কয়েক মাস আগে তিনি মারা গেছেন।’
এতিমখানার সভাপতি জহুরুল ইসলাম দাবি করেন, ‘এতিমখানার হাজিরা খাতা ও জমির দলিল আলমারি থেকে চুরি হয়ে গেছে। তবে এতিমখানা আবার চালু করা হয়েছে।’
এ বিষয়ে কাজীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সোহেল রানা বলেন, ‘তদন্ত কমিটিতে যাঁরা ছিলেন, তাঁরাই বিস্তারিত বলতে পারবেন।’

তদন্ত কমিটির প্রধান ও কাজীপুর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ‘আমরা ইতিমধ্যে ইউএনওকে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি। অর্থের কিছু গরমিল ধরা পড়েছে।’
তবে এ বিষয়ে জানতে কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়াকে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
সিরাজগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান খান বলেন, ‘সংবাদ প্রকাশের পর আমরা নতুন কমিটি গঠন করেছিলাম। তদন্ত শেষ হয়েছে। তবে প্রতিবেদন হাতে পাইনি। দ্রুতই পাব বলে আশা করছি।’
উল্লেখ্য, গত তিন অর্থবছরে ভুয়া নথি ও ভাউচার দেখিয়ে মোহাম্মদ আলী শিশু সদনের নামে প্রায় ১৩ লাখ ২০ হাজার টাকা উত্তোলন করা হয়। এ ঘটনায় স্থানীয়রা ইউএনওর কাছে অভিযোগ করেন। পরে গত ১৯ আগস্ট আজকের পত্রিকার ছাপা সংস্করণে ‘এতিম নেই, ভুয়া নথিতে লাখ লাখ টাকা আত্মসাৎ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। পরে নড়েচড়ে বসেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অবশেষে এতিমখানাটি নতুন করে কার্যক্রম শুরু করল।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৬ ঘণ্টা আগে
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের প্রায় ১ হাজার কোটি টাকার কাজ দিতে উপাচার্য (ভিসি) ৯ শতাংশ টাকা ঘুষ চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। জেনিট করপোরেশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে এ নিয়ে দর-কষাকষি চলছিল। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটি কাজ নেবে না বলে জানিয়ে দিয়েছে।
৬ ঘণ্টা আগে
শিক্ষা-সংস্কৃতির নগরী ময়মনসিংহ এখন ছিনতাইয়ের জনপদে পরিণত হয়েছে বলে মনে করেন নগরবাসী। দিন কিংবা রাত কোনো সময়েই বাদ যাচ্ছে না ছিনতাই। অনেক সময় ছিনতাইয়ের কবলে পড়া প্রতিবাদকারীদের দিতে হচ্ছে প্রাণ। পুলিশ বলছে, ২০২৫ সালে জেলায় মোট ১১১টি খুনের ঘটনা ঘটেছে।
৭ ঘণ্টা আগে