রাজবাড়ীতে পদ্মার পানি কমায় তীরবর্তী বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে দুই কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙনের কবলে নদীতে বিলীন হচ্ছে ফসলি জমি। ঝুঁকিতে রয়েছে বসতবাড়ি, বিদ্যালয়সহ নানা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে এখনো প্রশাসনের কেউ আসেনি। এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, পানি কমলেও জেলায় তেমন একটা ভাঙন নেই।
স্থানীয়রা জানান, জেলার ৮৫ কিলোমিটার এলাকাজুড়েই পদ্মা নদী। প্রতি বছরই নদী ভাঙনে বিলীন হয় ফসলি জমি, বসতবাড়িসহ নানা স্থাপনা। মূলত বর্ষার শুরু ও শেষে ভাঙনের তীব্রতা বাড়ে। ইতিমধ্যে গত কয়েক দিনের সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়চর বেনিনগর, মেছোঘাটা, মহাদেবপুর এলাকায় দুই কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে, মিজানপুর ইউনিয়নের বড়চর বেনিনগর, মেছোঘাটা এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। গত কয়েক দিনের ভাঙনে ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এ ছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভাঙন রোধে যেসব জায়গায় ফেলা হয়েছিল জিও ব্যাগ সেখানেও দেখা দিয়েছে ভাঙন। অব্যাহত ভাঙনে বড়চর বেনিনগর, মেছোঘাটা এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন।
মেছোঘাটা এলাকার বাসিন্দা আলেয়া বেগম বলেন, ‘ভাঙনের অবস্থা খুবই খারাপ। দুই-তিনবার নদীতে বাড়ি ভেঙে গেছে। গত দুই সপ্তাহ ধরে নদী ভাঙলেও কেউ আসে নাই। ঢ্যাঁড়স, উচ্ছে খেত নদীতে বিলীন হয়ে যাচ্ছে। নদীতে আগেই সব গেছে। যতটুকু ছিল তাও চলে যাচ্ছে।’
নদী পাড়ের বাসিন্দা আক্কাস আলী সরদার বলেন, ‘নদী ভাঙছে। গত কয়েক দিনে আধা কিলোমিটার এলাকা ভেঙে গেছে। আমাদের অবস্থা খুবই খারাপ। সবই তো ভেঙে যাচ্ছে। এই যে নদীতে যে বস্তা ফেলানো হয় তা যদি একটু ভালো করে ফেলায় তাহলে ভাঙত না। কিন্তু ভালো করে তো ফেলায় না কেউ।’
কৃষক দুলাল বিশ্বাস বলেন, ‘যে জমি আবাদ করে খাই, তা নদীতে ভেঙে যাচ্ছে। এখন আমরা কীভাবে চলব? সরকারের উচিত দ্রুত ভাঙন ঠেকাতে জিও ব্যাগ অথবা সিসিবক ফেলানো। নইলে রাজবাড়ী শহর থাকবে না।’
জালাল চৌধুরি বলেন, ‘নদীতে কয়েকবার বাড়িঘর ভেঙে গেছে। এখন আমার বাড়ি যেখানে সেখান থেকে নদী বেশি দূরে না। যেসব জমিতে ফসল আবাদ করতাম সে জমিতো নদীতে চলে যাচ্ছে। ভাঙনের সময় দুই-চারটে বস্তা ফেলে যায় ওই বস্তায় কোনো কাজই হয় না।’
নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেকবর আলী বলেন, ‘আমার স্থায়ী কোনো ব্যবস্থা না নেওয়ায় স্কুলটি এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। বিদ্যালয়ের বাউন্ডারি না থাকায় শিক্ষার্থীদের নিয়ে খুবই চিন্তায় থাকতে হয়। কারণ অনেক শিশু শিক্ষার্থী খেলাধুলা করতে নদীর পাড়ে যায়। হঠাৎ নদীতে পড়ে যেকোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। সব শিক্ষার্থী সাঁতার জানে না। এ জন্য বাউন্ডরি দেওয়া জরুরি। সেই সঙ্গে স্কুলটি ভাঙন থেকে রক্ষায় স্থায়ী কাজ করাটাও জরুরি।’
রাজবাড়ী পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী এম এ শামীম বলেন, ‘পদ্মার পানি কমতে শুরু করেছে। পানি কমলে কিছু কিছু এলাকায় ভাঙন দেখা দেয়। বর্তমানে রাজবাড়ী জেলায় তেমন একটা ভাঙন নেই। যেসব এলাকা ভাঙনের ঝুঁকিতে রয়েছে আমরা সে সব এলাকা নজরদারিতে রেখেছি। যদি ভাঙন দেখা দেয় আমরা সেখানে কাজ শুরু করব।’

প্রাগপুরের বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস সাব-পিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি অবৈধ পুশইনের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানায়।
১৭ মিনিট আগে
সুজন বড়ুয়া বলেন, ‘অভিযুক্তের সঙ্গে আর্থিক লেনদেন-সংক্রান্ত বিরোধ ছিল। প্রাথমিকভাবে পুলিশও ওই বিরোধকে তদন্তের অন্যতম বিষয় হিসেবে বিবেচনা করছে। তেজ বড়ুয়া গ্রেপ্তার হওয়ায় বিচারের পথ সুগম হলো। আমি কঠিন শাস্তি দাবি করছি।’
২৮ মিনিট আগে
মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ বলেন, ছাত্রশিবিরের এক নেতার বিরুদ্ধে নারী নির্যাতন ও ভ্রূণ হত্যার মতো গুরুতর অভিযোগ থাকলেও সেগুলো আড়াল করার উদ্দেশ্যে অপহরণের গল্প প্রচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ফজরের নামাজ পড়তে গিয়ে স্থানীয় মুসল্লিরা লতা ইউনিয়নের খালপাড়ে বিরিঞ্চী পদ মণ্ডলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা তাঁর মরদেহ শনাক্ত করে।
২ ঘণ্টা আগে