
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় হেরোইনসহ একই পরিবারের তিনজনকে আটক করেছে পুলিশ। তাঁদের আটকের পর দীর্ঘদিনের ক্ষোভের জেরে বিক্ষুব্ধ স্থানীয় লোকজন অভিযুক্ত মাদক কারবারির বাড়ি ভাঙচুরের পর আগুন দিয়েছেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজ বুধবার (১৭ জুন) সকালে উপজেলার ঘিওর সদর ইউনিয়নের গোলাপনগর কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ঘিওর থানার পুলিশ গোলাপনগর কুঠিবাড়ি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কথিত মাদক কারবারি মমতাজ বেগম ওরফে মম (৪৫), তাঁর স্বামী শামছুল আলম খোকন (৫২) ও ছেলে রাহিম মিয়া মানিককে (২৫) আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৬৮ পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির ১৬ হাজার ৫৪০ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের আটকের খবর ছড়িয়ে পড়লে দুপুর ১২টার দিকে ক্ষুব্ধ এলাকাবাসী তাঁদের বাড়িতে ভাঙচুর চালায়। একপর্যায়ে বাড়ির একটি অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে রান্নাঘরসহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে ঘিওর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, হেরোইনসহ তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ মামলার আরও এক আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ওসি আরও জানান, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাটিও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

জামালপুরের ইসলামপুরে দৌলত এন্টারপ্রাইজের অধীনে তিনটি রাস্তার এইচবিবিকরণ কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ উঠেছে যুবদল নেতা হামিদুর রহমান মলিনের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর পিআইও কার্যালয় বলছে, নিম্নমানের ইট ব্যবহার করা হলে নতুন করে কাজ করানো হবে।
২ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রাজধানীর দুই স্কুলছাত্র মেরাজ হোসেন ও কায়েস ভূঁইয়ার মরদেহ চার ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বুধবার দুপুরে বন্ধুদের সঙ্গে নদীতে নামার পর তারা স্রোতে তলিয়ে যায়।
২৬ মিনিট আগে
জামালপুরের দেওয়ানগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে হত্যার মামলায় স্বামী আলাল সেককে (৫০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৭ জুন) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
২৮ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় পাঁচ বছরের শিশু মো. জায়ান নিখোঁজের ঘটনায় অপহরণের অভিযোগ উঠেছে। ২৪ ঘণ্টা পেরিয়েও তার খোঁজ মেলেনি। পুলিশ একটি চিরকুট উদ্ধার করেছে, যেখানে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি ও পুলিশে না যাওয়ার হুমকি দেওয়া হয়েছে।
৩৫ মিনিট আগে