
পদ্মার তীব্র স্রোতে মানিকগঞ্জের পাটুরিয়া-রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আজ বৃহস্পতিবার ভোরে পাটুরিয়া ঘাটের ৪ নম্বর ফেরিঘাটটি পানিতে ডুবে অচল হয়ে পড়ে। আর সংস্কারকাজের জন্য বেলা দেড়টা পর্যন্ত বন্ধ রাখা হয় ৩ নম্বর ঘাট। এতে পাঁচটি ঘাটের মধ্যে সচল রয়েছে মাত্র দুটি।
ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগে দেখা দিয়েছে অচলাবস্থা। ঘাটে দীর্ঘ যানজট ও অপেক্ষায় ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী ও পণ্যবাহী পরিবহনশ্রমিকেরা।

দুপুরে ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ফেরি পারাপারের অপেক্ষায় দূরপাল্লার বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস ও পণ্যবোঝাই অসংখ্য যানবাহনের সারি টার্মিনাল ছাড়িয়ে মহাসড়কের কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়ে গেছে।
কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসচালক আমির হোসেন বলেন, ‘সকাল সাড়ে ১০টায় ঘাটে এসেছি। এখন বেলা আড়াইটা বাজলেও ফেরি পার হতে পারিনি। যাত্রীরা বিরক্ত হয়ে উঠছেন।’
নারায়ণগঞ্জ থেকে আসা ট্রাকচালক আফজাল হোসেন বলেন, ‘গতকাল রাতে ঘাটে এসেও ফেরি পার হতে পারিনি। মালামাল সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পারায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন। প্রায় প্রতিদিনই কোনো না কোনো ঘাট বন্ধ থাকে, কিন্তু এর স্থায়ী সমাধান নেই।’
ফেরি শাহ-পরানের মাস্টার ইনচার্জ কামাল হোসেন জানান, নদীতে প্রবল স্রোতের কারণে মূল চ্যানেলে ফেরি চালানো মারাত্মক কঠিন হয়ে পড়েছে। স্বাভাবিক সময়ের দ্বিগুণ সময় লাগছে প্রতিটি ট্রিপে। এতে ট্রিপ কমে গিয়ে যানজট আরও বাড়ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরির মধ্যে ১০টি চালু রয়েছে। এর মধ্যে আরিচা থেকে ধানসিঁড়ি ও শাহ-পরান নামের দুটি রো রো ফেরি যুক্ত করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম আব্দুস সালাম জানান, নিয়মিত মেরামতকাজ চলছে। তবে স্থায়ী সমাধান নির্ভর করছে নদীশাসন প্রকল্পের ওপর।

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীর ভাঙনরোধে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নে তীর সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হচ্ছে হালদা থেকেই অবৈধভাবে তোলা বালু।
৫ ঘণ্টা আগে
নাটোরের গুরুদাসপুরে প্রায় ১২ কোটি টাকার পাঁচ প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এ অবস্থায় গত ৯ জুন সংশ্লিষ্ট ঠিকাদারকে চিঠি দিয়ে কাজ বন্ধ ও নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ।
৫ ঘণ্টা আগে
১৫ জুন, বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এদিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
৬ ঘণ্টা আগে
রাজধানীর শাহবাগ এলাকায় বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী দোকান থেকে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
৯ ঘণ্টা আগে