
ঋতুচক্রে (আষাঢ়-শ্রাবণ) ভরা বর্ষাকাল, আষাঢ় পেরিয়ে শ্রাবণ শুরু হলেও উল্লেখযোগ্য হারে বৃষ্টির দেখা নেই এই অঞ্চলে। বর্তমানে আমনের চারা লাগানোর ভরা মৌসুম । এ অবস্থায় মাঝেমধ্যে দু-এক ফোঁটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেও ভারী বৃষ্টির দেখা নেই। আষাঢ় শেষ হলেও পানির অভাবে চারা রোপণ করতে পারছেন না কৃষকেরা। প্রকৃতির এই বিরূপ আচরণে দেশের শস্যভান্ডার খ্যাত দিনাজপুরের ফুলবাড়ীর কৃষকেরা পড়েছেন চরম বিপাকে। ইতিমধ্যে উপজেলায় কৃষকদের আমনখেত চাষ করতে গভীর ও অগভীর নলকূপ চালু করেছে।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে সাতটি ইউনিয়ন ও পৌর এলাকায় ১৮ হাজার ১৯০ হেক্টর জমিতে রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৬ হাজার ৭১৮ টন। কিন্তু বৃষ্টি না থাকায় জমিতে হালচাষ ও রোপণ ব্যাহত হচ্ছে।
মাঠ ঘুরে দেখা গেছে, কেউ কেউ জমির আইল কেটে প্রস্তুত করছেন, কেউ সেচ দিয়ে কোনোভাবে চারা রোপণের চেষ্টা করছেন। ডোবা-নালা থেকে শ্যালো মেশিনে পানি তুলে কাজ চালাচ্ছেন অনেকে। এতে জমিতে চাষ ও সেচে ব্যয় বেড়ে গেছে দ্বিগুণ।
খয়েরবাড়ী ইউনিয়নের কৃষক শাহিনুর ইসলাম বলেন, ‘এক একর জমিতে ধান লাগাব, কিন্তু পানির অভাবে পারছি না। সেচ দিয়ে লাগালে ১৬ হাজার টাকার বেশি খরচ হবে।’
আলাদীপুর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের কৃষক আমিনুল ইসলাম জানান, এবার সাড়ে তিন একর জমিতে তিনি আমন চাষ করবেন। বৃষ্টি না থাকায় দুই একর জমিতে শ্যালো মেশিন দিয়ে সেচ দিয়ে লাগানোর চিন্তা করছেন। তিনি বলেন, শ্রাবণের মাঝামাঝি রোপা আমনের চারা লাগানো যাবে, তবে কিছু ধানের জাত আছে দেরি করে লাগালে ফলন ভালো হবে না, তাই বাধ্য হয়ে সেচ দিয়ে লাগাব। চারা লাগানোর পরও যদি বৃষ্টি না হয়, তাহলে সেচ দিয়েই আবাদ করতে হবে। এতে খরচ বেড়ে যাবে।
উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী আহসান হাবিব জানান, ১১৩টি গভীর নলকূপের মধ্যে ৫৯টি সচল আছে। ঘণ্টাপ্রতি ১৩০ টাকায় এসব নলকূপ থেকে কৃষকদের পানি সরবরাহ করা হচ্ছে। কিছু এলাকায় ট্রান্সফরমার চুরি হওয়ায় নলকূপ বন্ধ আছে, প্রয়োজনে সেগুলোও চালু করা হবে।

আবহাওয়া অফিস জানায়, ২৫ জুলাইয়ের পর থেকে বৃষ্টিপাত বাড়তে পারে। তবে এর আগে তেমন উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই।
উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহানুর রহমান বলেন, ‘এই মৌসুমে পানি কম হওয়ায় কৃষকেরা জমিতে হালচাষ দিতে পারছেন না সত্য। তবে আমন রোপণের এখনো যথেষ্ট সময় আছে। সাধারণত ২০ জুলাই থেকে শুরু করে ১৫ আগস্ট পর্যন্ত আমন চাষাবাদ করা যায়। এ ছাড়া আমাদের এলাকায় ব্রি ৩৪ জাতের সুগন্ধি ধানের চাষ বেশি হয়, যা লাগানোর পর্যাপ্ত সময় রয়েছে।’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে
সুন্দরবনে গোলপাতা আহরণে গত বছর দুই দফায় ৫৬ দিনের অনুমতি দিয়েছিল বন বিভাগ। কিন্তু এবার এক দফায় মাত্র ২৮ দিনের অনুমতি দেওয়া হয়েছে। সুন্দরবনের ওপর চাপ কমাতেই সময় কমানো হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
৭ ঘণ্টা আগে