Ajker Patrika

ডিএসসিসিতে দুই খাল পুনরুদ্ধারে ১২ শ কোটির প্রকল্প

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ডিএসসিসিতে দুই খাল পুনরুদ্ধারে ১২ শ কোটির প্রকল্প

রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও খাল ব্যবস্থাপনা উন্নয়নে ১ হাজার ২০০ কোটি টাকার দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জিয়া সরণি খাল পুনরুদ্ধারে ৩০০ কোটি এবং শ্যামপুর খাল উন্নয়নে ৯০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থায় স্থায়ী সমাধান আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আজ শনিবার (১১ এপ্রিল) খালগুলোর বর্তমান অবস্থা ও পরিষ্কার কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম পরিদর্শন শেষে জানান, খালটিকে বুড়িগঙ্গা নদীর সঙ্গে সংযুক্ত করতে ৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আগামী জুলাই থেকে গাইডওয়াল নির্মাণ, ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু করা হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও জানান, শ্যামপুর খাল উন্নয়নে ৯০০ কোটি টাকার আরেকটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এই প্রকল্পের আওতায় আধুনিক নেটিং ব্যবস্থা ও খালের দুই পাশে হাঁটার পথ নির্মাণ করা হবে।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় জনস্বার্থ রক্ষায় ডিএসসিসি কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বিগত সরকার কেবল ‘জিয়া’ নামের কারণে জনগুরুত্বপূর্ণ এ খালটিকে অবহেলা করেছিল, যা অত্যন্ত দুঃখজনক।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম খাল পরিচ্ছন্ন রাখতে স্থানীয় নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘ময়লা সিটি করপোরেশনের নির্ধারিত ড্রামে ফেলুন। আমরা প্রতিটি ব্লকে সচেতন নাগরিক কমিটি গঠন করব, যারা ডিএসসিসির প্রশাসকের সঙ্গে সমন্বয় করে খালের রক্ষণাবেক্ষণ মনিটর করবে।

ডিএসসিসির প্রশাসক বলেন, পানিপ্রবাহের দিক পরিবর্তনের মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে, যা জলাবদ্ধতা নিরসনে কার্যকর ভূমিকা রাখবে। ইতিমধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও প্রাথমিক পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে।

খালগুলো দখলমুক্ত রাখতে সিএস পর্চা অনুযায়ী অভিযান পরিচালনার কথা জানিয়েছে ডিএসসিসি। প্রশাসক জানান, অবৈধ দখলদারদের তালিকা তৈরি করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও চলছে।

এদিকে শনিবার দুপুরে রাজধানীর হাজারীবাগ এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম।

কর্মসূচিতে শেখ রবিউল আলম বলেন, নাগরিকদের অংশগ্রহণ ছাড়া পরিচ্ছন্ন নগরী গড়ে তোলা সম্ভব নয়। সবাইকে সপ্তাহে অন্তত ১ ঘণ্টা স্বেচ্ছাশ্রমে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

যানজট নিরসনে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল এলাকায় টানা তৃতীয় দিনের মতো শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ডিএসসিসি। এ সময় আরও ৩০টি অবৈধ কাউন্টার উচ্ছেদ করে সিলগালা করা হয়। তিন দিনে ১৩০টির বেশি অবৈধ বাস কাউন্টার বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে ডিএসসিসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা

কুষ্টিয়ায় ‘পীরের’ আস্তানায় হামলা-আগুন, আস্তানাপ্রধান নিহত

ঘণ্টায় ২৫০০০ মাইল বেগ, ৫০০০ ডিগ্রি তাপ সহ্য করে যেভাবে নিরাপদে অবতরণ নভোচারীদের

লিভার সুস্থ রাখতে এসব অভ্যাস বাদ দিন

খলিলুর রহমান-জয়শঙ্কর বৈঠক: শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত