Ajker Patrika

দুর্নীতির মামলায় প্রশ্নফাঁস: সেই আবেদ আলীর ছেলে সিয়ামের বিচার শুরু

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৭ জুন ২০২৬, ১৫: ২৭
দুর্নীতির মামলায় প্রশ্নফাঁস: সেই আবেদ আলীর ছেলে সিয়ামের বিচার শুরু
সৈয়দ সোহানুর রহমান সিয়াম। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ বুধবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক বেগম শামীমা আফরোজ অভিযোগ গঠন করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আদালত পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগ গঠনের মধ্য দিয়ে সিয়ামের বিরুদ্ধে দুর্নীতির এই মামলায় বিচার শুরু হলো বলে তিনি জানান।

অভিযোগ গঠন শেষে আদালত আগামী ৯ জুলাই সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন।

শুনানির সময় আসামি সোহানুর রহমান সিয়ামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। আদালতের জিজ্ঞাসাবাদে আসামি নিজেকে নির্দোষ দাবি করেন।

গত বছরের ৫ জানুয়ারি আবেদ আলী, তাঁর স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে দুদক। একটি মামলায় আবেদ আলীর ছেলে ও ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। সম্প্রতি সোহানুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় দায়ের করা মামলায় অভিযোগপত্র দাখিল করে দুদক। ওই মামলায় বিচার শুরু হলো।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি সৈয়দ সোহানুর রহমানকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর পর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত