আর দশজনের মতো মেধাবী শিক্ষার্থী তৃষ্ণার স্বপ্ন ছিল পড়াশোনা করে একদিন বড় হবে। পরিবারের দুঃখ ঘোচাবে। কিন্তু এতে বাদ সাধে দারিদ্র্য। পিতা তুলসী রাজবংশী ওয়েল্ডিং মিস্ত্রির সহকারী। পরিবারের পাঁচ সদস্যের ঠিকমতো খাওয়ার জোগান দেওয়াতেই তাঁর হিমশিম অবস্থা। তাই অনেকটা বাধ্য হয়েই পড়ালেখায় থেমে যেতে হয় তৃষ্ণাকে। কিন্তু হার মানেনি সে।
গ্রামে কুটিরশিল্পের বাঁশের বানা (মাছ ধরার ফাঁদ) তৈরির কাজে যোগ দেয় সে। প্রথমে কষ্ট হলেও ধীরে ধীরে আয়ত্ত করে। প্রথম মাসে উপার্জন করে ৩ হাজার টাকা। তা দিয়ে চালিয়ে নেয় তার পড়াশোনা। তৃষ্ণা এখন জাবরা শহীদ স্মরণিকা বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। নিজের পড়াশোনার খরচ বাদে বাকি টাকা তুলে দেয় পরিবারের হাতে।
মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জাবরা মাঝিপাড়া গ্রাম। তৃষ্ণার বাড়ি এখানেই। এ গ্রামে গেলে এখন দেখা যায়, দুই শতাধিক নারী বাঁশের বানা তৈরি করছেন। বাঁশের এই বানায় তাঁরা খুঁজে পেয়েছেন নতুন চলার পথ। একসময় অভাব-অনটনের সংসার ছিল তাঁদের। এখন সন্তানদেরও উচ্চশিক্ষার পাশাপাশি কর্মজীবী হিসেবে গড়ে তুলছেন এই বানা তৈরি করে।
তৃষ্ণার মতো দেবী রাজবংশী, পূজা রাজবংশী, কামনা রানি, সনকা রাজবংশীদের অভাব কিছুটা হলেও দূর হয়েছে। তাঁরা এখন পরিবারের কাছে সোনায় সোহাগা। এই অর্থনৈতিক সচ্ছলতার কারণে গ্রামে বাড়ছে নারীশিক্ষার হার।
মাঝিপাড়া গ্রাম ঘুরে দেখা গেছে, প্রায় প্রতি পরিবারের সদস্যরা বাঁশের বানা তৈরিতে ব্যস্ত। বাড়ির বউ-ঝিরা বসে না থেকে ঘর-গৃহস্থালির কাজ শেষে যোগ দেন পুরুষদের সঙ্গে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামটিতে চলছে বানা তৈরির কাজ। এখানে স্বামীর রোজগারের পাশাপাশি গৃহবধূরা সংসার খরচের টাকা আয় করছেন। পাশাপাশি সন্তানদের শিক্ষিত করে তোলার কাজেও সহায়তা করছেন। এ শিল্পকে তাঁরা তাদের জীবন-জীবিকা নির্বাহের চালিকা শক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। গ্রামে এখন আর বেকার বলতে কেউ নেই, এমনটাই দাবি করেন ওই গ্রামের বাসিন্দারা।
জাবরা নয়াপাড়া গ্রামের গৃহবধূ ছালমা বেগম (৪৫) জানান, বিয়ের পর থেকে তিনি বানা তৈরি করছেন। প্রতিদিন ঘরের কাজের পাশাপাশি দুটি বানা তৈরি করা যায় বলে জানিয়েছেন ছালমা বেগম। এতে গড়ে দিনপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয়।
জাবরা গ্রামের তৈরি বাঁশের বানা ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, পাবনা, সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, নরসিংদীসহ প্রায় ১৪টি জেলায় পাইকারি বিক্রি হয়। জাবরা মাঝিপাড়া এলাকার বয়োবৃদ্ধ মাদারি রাজবংশী প্রায় তিন যুগ আগে ওই গ্রামে বাঁশ দিয়ে বানা তৈরির কাজ বাণিজ্যিকভাবে শুরু করেছিলেন। তাঁর সফলতা ও সম্ভাবনা দেখে বর্তমানে জাবরা গ্রামের প্রায় ২০০ পরিবার ধীরে ধীরে এ কাজে জড়িত হয়ে পড়ে।
বানা বিক্রির কেন্দ্র ভাই ভাই ট্রেডার্সের মালিক কমল রাজবংশী বলেন, দেড় থেকে দুই শ পরিবার এই বানা তৈরির কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এখানে স্কুল-কলেজের শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি এ কাজে মাসে গড়ে ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত উপার্জন করছে। এতে তারা পড়াশোনার খরচ ছাড়াও পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখছে।
স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মন্দিরা রাজবংশী জানায়, সংসারে অন্যান্য কাজ ও লেখাপড়া শেষে বানা তৈরির কাজ করে সে। তাতে তার মা-বাবার কষ্ট অনেকটা দূর হয়েছে এবং সেই সঙ্গে কিছু বাড়তি আয়ও হয়।
পাইকারি বাজারজাতকারী উজ্জ্বল কুমার রাজবংশী জানান, ৯ ফুট বাই ১৫ ফুট আয়তনের একটি বানা তৈরি করতে গড়ে ১ হাজার ৬০০ টাকা ব্যয় হয়। সেটি বিক্রি হয় ২ হাজার টাকায়।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুর রহমান বলেন, ‘জাবরা গ্রামের এই কুটিরশিল্পের সম্ভাবনা আমি সরেজমিনে পরিদর্শন করেছি। তাঁদের উৎপাদিত বাঁশশিল্পের প্রসার ঘটাতে সরকারি পর্যায়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্প্রতি ‘ফোর্বস’ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৫ দানবীরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার ২৫ জনের মধ্যে আছেন ছয়জন নারী। এই নারীরা কোনো আড়ম্বর ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার সমাজসংস্কারে ব্যয় করছেন।
৫ দিন আগে
বাসার বাইরে এটাই আমার প্রথম রোজা। আমি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি খুলনায়। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রমজান মাসে ক্লাস বন্ধ না দেওয়ার কারণে আমি বাড়িতে যেতে পারছি না। কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, মানসিকভাবে। কখনোই পরিবার ছাড়া এভাবে থাকা হয়নি কিংবা...
৬ দিন আগে
অষ্টম শ্রেণিতে পড়াশোনার সময় নুসরাত জাহান নুহার শরীরে আক্রমণ করে মরণব্যাধি ক্যানসার। যে বয়সে একজন কিশোরীর জীবন এগিয়ে যাওয়ার কথা, সেই সময়ে তাঁর জীবন থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু নিজের অদম্য মনোবল আর পরিবারের পাশে থাকার শক্তি তাঁকে ক্যানসারের সঙ্গে যুদ্ধে নেমে পড়ার শক্তি জোগায়।
৬ দিন আগে
১৩ দিন আগে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছিলেন রিজিয়া বেগম (৪০)। হাতে ছিল না পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র। চিনতে পারছিলেন না কাউকেই। অবশেষে ব্র্যাক অভিবাসন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রযুক্তির সহায়তায় মিলেছে তাঁর পরিচয়।
৬ দিন আগে