ধানমন্ডি লেকে হাত বাড়ালে এখন পাওয়া যায় বই। পার্কে বসে বই পড়ার এমন সুযোগ করে দিয়েছেন জাকিয়া রায়হানা রুপা। তাঁর এই ব্যতিক্রমী আয়োজনের গল্প লিখেছেন মুহাম্মদ শফিকুর রহমান।

চীন, রাশিয়া কিংবা ইউরোপের গণপরিবহনে পাঠকদের প্রায়ই মগ্ন দেখা যায়। জার্মানিতে রাস্তাঘাট ও পার্কে আছে ছোট ছোট লাইব্রেরি। সেখান থেকে যে কেউ বই নিয়ে পড়তে পারেন। জার্মানির এমন দৃশ্যের মনোজ্ঞ বর্ণনা নিজের ফেসবুক পেজে লিখেছিলেন বাংলাদেশি যুবক মানো বিশ্বাস। তাঁর সেই লেখা থেকে রুপা এক নতুন ভুবন তৈরি করে ফেললেন নিজের চৌহদ্দিতে, ঢাকায় বসে। ভাবলেন, বাড়ির কাছেই ধানমন্ডি লেক। সেখানে ছোট ছোট বুককেস স্থাপন করলে কেমন হয়? সকালে বা বিকেলে লেকের ধারে হাঁটতে আসা মানুষ বই পড়তে পারবেন। ভাবনামতোই কাজ শুরু করলেন তিনি।
শুরু হলো কাজ
রুপাকে সহযোগিতা করলেন বন্ধু রাশেদুল ইসলাম রানা। প্রথম বুককেসটা ১৬ নভেম্বর ধানমন্ডি ৭ নম্বর রোডের লেকের মসজিদের পেছনের রাস্তায় বসানো হলো। প্রথমটির ডিজাইন ইন্টারনেট থেকে নিলেও পরেরগুলোর নকশা করেন রুপা।
প্রথম বুককেসটি তৈরি করেছে সিমবায়োসিস আইটি নামের একটি প্রতিষ্ঠান। সেই বুককেসে ছিল রুপার প্রিয় লেখক মহিউদ্দিন মোহাম্মদের ৫টি বই। পরে হুমায়ুন আজাদ, আহমদ ছফা, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, বার্ট্রান্ড রাসেলসহ বিভিন্ন লেখকের বই বুককেসে রাখা হয়।
মাইক্রো লাইব্রেরি
পার্কে বা সুবিধামতো জায়গায় রাখা ছোট ছোট বুককেসকে মাইক্রো লাইব্রেরি কিংবা উন্মুক্ত পাঠাগারও বলেন অনেকে। এরই মধ্যে ধানমন্ডি লেকে ৪টি মিনি বুককেস বসানো হয়েছে। দু-এক দিনের মধ্যে আরও ৭টি বুককেস বসানো হবে। প্রতি কেসে ৬-৭টি বই থাকে। এই বুককেসগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে বৃষ্টি হলেও সমস্যা হবে না।

ধানমন্ডি লেকের এই উন্মুক্ত বা মাইক্রো লাইব্রেরিতে শিক্ষার্থীরাই আসেন বেশি। প্রতিদিন একবার রুপা বুককেসগুলো দেখে আসেন।
আদতে গৃহিণী তিনি
আদতে গৃহিণী হলেও রুপা একজন মানবিক মানুষ। অন্যের জন্য কিছু করতে তাঁর ভালো লাগে। তিনি এরই মধ্যে মরণোত্তর চক্ষু ও দেহ দান করেছেন। রুপা জানিয়েছেন, নিয়ে নয়, দিয়ে সুখী হন তিনি। এ গুণ তিনি পেয়েছেন তাঁর মায়ের কাছ থেকে। তাঁর মা ছিলেন একজন সমাজসেবক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা বিষয়ে লেখাপড়া শেষ করা রুপা স্বামী, দুই মেয়েসহ থাকেন ধানমন্ডি এলাকাতেই। গৃহিণী হলেও তিনি মানসিক স্বাস্থ্য, সেক্স এডুকেশন এবং প্যারেন্টিং নিয়েও কাজ করেন। রাস্তার প্রাণীদের অধিকার সম্পর্কে মানুষকে সচেতন করার কাজও করেন তিনি।
ছড়িয়ে দেওয়া যায় দেশব্যাপী
বুককেস বসানোর উদ্যোগ রুপা একা শুরু করলেও এখন অনেকে পাশে দাঁড়িয়েছেন। তাঁদের কেউ কেউ নগদ অর্থ আবার কেউ বই দিয়ে সাহায্য করছেন। বুককেস বসানোর এই উদ্যোগ শুধু ঢাকায় নয়, পুরো দেশে ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করেন রুপা।

হাতের মুঠোয় বিশ্ব
এই মাইক্রো লাইব্রেরিগুলো মানুষের পড়ার অভ্যাস বাড়িয়ে দেবে। রুপা জানান, এতে মানুষ হাতের নাগালে পাবে বই। যানজটের শহরে কষ্ট করতে
হবে না।
এই ধারণা কি কিছুটা সত্যি? ধানমন্ডি লেকে গিয়ে দেখা গেল, বুককেস থেকে বই নিয়ে পড়ছেন অনেকে। নানান বয়স ও পেশার মানুষ আছেন এই পাঠক দলে। বই হাতে যুগলেরা ঝগড়া করছেন
চরিত্র আর ঘটনা নিয়ে কিংবা একজন আসতে দেরি করায় অন্যজন বইয়ের দুনিয়ায় দিয়েছেন ডুব, এমন দৃশ্যও দেখা গেল।
ইচ্ছা সংক্রামক
জাকিয়া রায়হানা রুপার এমন উদ্যোগ দেখার পর অনেকে নিজেদের বাড়ি, অফিস কিংবা আশপাশের পার্কে উন্মুক্ত পাঠাগার তৈরির ইচ্ছা প্রকাশ করেছেন। এরই মধ্যে মিরপুর ৬০ ফিটে নিজ বাড়ির নিচে একটি শেলফ স্থাপন করেছেন নাজমুল রোমেন। সেখান থেকে ফেরত দেওয়ার শর্তে যে কেউ বই পড়তে নিয়ে যেতে পারেন।
রুপা কিংবা রোমেনদের বই পড়ানোর এমন ইচ্ছা ছড়িয়ে পড়ুক পুরো দেশে। মানুষ মেতে উঠুক বই নিয়ে। পার্কের ছায়াময় সবুজ জমিনে দেখা মিলুক মগ্ন পাঠকদের।

সম্প্রতি ‘ফোর্বস’ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ২৫ দানবীরের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকার ২৫ জনের মধ্যে আছেন ছয়জন নারী। এই নারীরা কোনো আড়ম্বর ছাড়াই বিলিয়ন বিলিয়ন ডলার সমাজসংস্কারে ব্যয় করছেন।
৫ দিন আগে
বাসার বাইরে এটাই আমার প্রথম রোজা। আমি এ বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আমার গ্রামের বাড়ি খুলনায়। ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রমজান মাসে ক্লাস বন্ধ না দেওয়ার কারণে আমি বাড়িতে যেতে পারছি না। কিন্তু আমার অনেক কষ্ট হচ্ছে, মানসিকভাবে। কখনোই পরিবার ছাড়া এভাবে থাকা হয়নি কিংবা...
৫ দিন আগে
অষ্টম শ্রেণিতে পড়াশোনার সময় নুসরাত জাহান নুহার শরীরে আক্রমণ করে মরণব্যাধি ক্যানসার। যে বয়সে একজন কিশোরীর জীবন এগিয়ে যাওয়ার কথা, সেই সময়ে তাঁর জীবন থেমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। কিন্তু নিজের অদম্য মনোবল আর পরিবারের পাশে থাকার শক্তি তাঁকে ক্যানসারের সঙ্গে যুদ্ধে নেমে পড়ার শক্তি জোগায়।
৫ দিন আগে
১৩ দিন আগে সৌদি আরব থেকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেশে ফিরেছিলেন রিজিয়া বেগম (৪০)। হাতে ছিল না পাসপোর্ট বা কোনো পরিচয়পত্র। চিনতে পারছিলেন না কাউকেই। অবশেষে ব্র্যাক অভিবাসন ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রযুক্তির সহায়তায় মিলেছে তাঁর পরিচয়।
৬ দিন আগে