১৯২৯ সালের ১০ জানুয়ারি বেলজিয়ামের সংবাদপত্র ল্য ভ্যানতিয়েম সিয়েক্লের কিশোর সাময়িকী ল্য পেতি ভ্যানতিয়েমে প্রথম প্রকাশিত হতে শুরু করে ‘টিনটিন ইন দ্য ল্যান্ড অব সোভিয়েটস’। পরে এটি বই আকারে প্রকাশিত হয়। সে হিসেবে বিখ্যাত এই কমিকস সিরিজ ও চরিত্রের বয়স এখন ৯৪। আর আজ টিনটিনের জন্মদিন।
ইংরেজিতে ‘দ্য অ্যাডভেঞ্চারস অব টিনটিন’ নামে পরিচিত সিরিজটির শুরু কিন্তু ফরাসি ভাষায়। প্রকাশের পর এটি কতটা সাড়া জাগিয়েছে তার প্রমাণ, প্রথম প্রকাশের পর এখন পর্যন্ত টিনটিনের ২৪টি বই অনূদিত হয়েছে পৃথিবীর ৭০টির মতো ভাষায়, বিক্রি হয়েছে ২৭ কোটি কপির বেশি। টিনটিন চরিত্রটির স্রষ্টা ও বইয়ের লেখক জর্জ রেমি, যিনি লিখতেন ‘হার্জ’ ছদ্মনামে। মূল চরিত্র টিনটিন একজন বেলজিয়ান সাংবাদিক। তার বয়স কত, এটা কোথাও বলা না হলেও তাকে একজন বালক বা কিশোর হিসেবেই মনে হবে পাঠকদের। টিনটিনের বইয়ের কথা বলতে গেলে সবার আগে চলে আসবে টিনটিনের কুকুর স্নোয়ি (কুট্টুস) এবং ক্যাপ্টেন হ্যাডক ও প্রোফেসর ক্যালকুলাসের কথা।
ক্র্যাব উইথ দ্য গোল্ডেন ক্লজ বইয়ের মাধ্যমে ক্যাপ্টেন হ্যাডকের আত্মপ্রকাশ। বাংলায় যেটি আনন্দ পাবলিশার্স রূপান্তর করে ‘কাঁকড়া রহস্য’ নামে। জাহাজের ক্যাপ্টেন হিসেবে পরিচয় করিয়ে দেওয়া চরিত্রটির সিরিজের অন্যতম জনপ্রিয় হয়ে উঠতে সময় লাগেনি। খিটখিটে মেজাজ ও অফুরন্ত গালির ভান্ডার যার মুখে, সেই ক্যাপ্টেন হ্যাডক আজও মাতিয়ে রেখেছে টিনটিন ভক্তদের।
অন্যদিকে প্রফেসর ক্যালকুলাস কানে খাটো, ভুলো মনের প্রতিভাবান এক পদার্থবিদ। নানা ধরনের হাস্যরসাত্মক কাণ্ডকীর্তির জন্ম দিয়ে যিনি মন কেড়ে নিয়েছেন পাঠকদের। তাঁর আত্মপ্রকাশ ‘রেড রেকহামস ট্রেজার’ বা ‘লাল বোম্বেটের গুপ্তধন’ বইয়ের মাধ্যমে।

এবার বরং টিনটিনের সঙ্গে আমার পরিচয়টা কীভাবে তা মনে করার চেষ্টা করি। তখন থাকতাম ব্রাহ্মণবাড়িয়ায়। ক্লাস সিক্সে পড়ি সম্ভবত। এক বন্ধুর কাছ থেকে পড়ার জন্য নিই টিনটিনের বাংলা রূপান্তর ‘বিপ্লবীদের দঙ্গলে’ (টিনটিন অ্যান্ড দ্য পিকারস)। এর আগে টিনটিনের ইংরেজি সংস্করণ পড়তে দেখেছিলাম খালাতো ভাইকে। তবে তখন ইংরেজি গল্পের বই পড়ার মতো জ্ঞানের কিছুটা ঘাটতি থাকায় পড়া হয়নি। সেদিন বাসায় এসে ক্লাসের পড়াটা কোনোমতে আম্মুকে দিয়েই বইটা নিয়ে বসলাম। রুদ্ধশ্বাসে শেষ করলাম দক্ষিণ আমেরিকার জঙ্গলের পটভূমিতে টানটান উত্তেজনার সেই কমিকস-অ্যাডভেঞ্চার কাহিনি। এক বইয়েই কিশোর সাংবাদিক-গোয়েন্দা টিনটিন, তার দুই পাগলাটে বন্ধু, গালির তুবড়ি ছুটানো ক্যাপ্টেন হ্যাডক, ভুলোমনা প্রফেসর ক্যালকুলাস আর ধবধবে সাদা লোমের ফক্স টেরিয়ার কুকুর স্নোয়ি বা কুট্টুসের ভক্ত বনে গেলাম।
আজ এত বছর পরেও টিনটিনের সবচেয়ে প্রিয় বই আমার কাছে বিপ্লবীদের দঙ্গলেই, আর সবচেয়ে নজরকাড়া প্রচ্ছদও আমার দৃষ্টিতে এটিই। এরপর টিনটিন পড়া শুরু করেছি যে আর থামিনি। আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত টিনটিনের গোটা বাংলা সংগ্রহটাই নিজের কাছে নিয়েছি। অবশ্য সংগ্রহের বেশির ভাগ এসেছে নীলক্ষেত থেকে। ওই বইগুলোর বেশ কিছু কিনি ঢাকা সিটি কলেজে উচ্চ মাধ্যমিকে পড়ার সময়। সব বইই এখনো সযতনে আমার সংগ্রহে আছে। দুঃখিত, একটা বাদে! অদ্ভুত ব্যাপার, এই আধবুড়ো বয়সেও টিনটিনের বইগুলো আমার আগের মতোই প্রিয়। কেন? লেখা আর আঁকা মিলিয়ে রোমাঞ্চ-অ্যাডভেঞ্চার আর কৌতুকের এমন চমৎকার ও সার্থক মিলমিশ আমি আর কোথাও পাইনি।
বিপ্লবীদের দঙ্গলের প্রতি টানটা বেশি থাকলেও তিব্বতে টিনটিন (টিনটিন ইন টিবেট), আমেরিকায় টিনটিন (টিনটিন ইন আমেরিকা), কঙ্গোয় টিনটিন (টিনটিন ইন দ্য কঙ্গো), ফারাওয়ের চুরুট (সিগারস অব দ্য ফারাও) রহস্য-রোমাঞ্চে কোনটা যে কোনটাকে ছাড়িয়ে যাচ্ছে বলা মুশকিল! টিনটিনের কোনো কোনো কাহিনি পাঁচ-ছয় বার পড়া হলেও দুই-তিনটা বই এখনো আমি পড়িনি, বহু বছর সংগ্রহে থাকার পরও। টিনটিন তো আর নতুন করে লেখার সুযোগ নেই তাই ওগুলো জমিয়ে রাখা! অবশ্য অনেক সিরিজের ক্ষেত্রেই আমার এটা করার অভ্যাস আছে।
এবার বরং এই অমর কমিক চরিত্র ও বই সম্পর্কে কিছু জানা-অজানা তথ্য দেওয়া যাক। নীল আর্মস্ট্রংদের ১৫ বছর আগে ১৯৫৪ সালে চাঁদে যায় টিনটিন। মজার ব্যাপার, টিনটিনকে পৃথিবীর নানা প্রান্তে অবলীলায় অ্যাডভেঞ্চারে পাঠিয়ে দিলেও ওসব জায়গার বেশির ভাগেই হার্জ নিজে পা রাখেননি মোটেই। টিনটিনের বই বলছে, টিনটিনের আবাস ছিল বেলজিয়ামের ব্রাসেলসের ল্যাব্রাডর স্ট্রিটের এক অ্যাপার্টমেন্টে। ঠিক এই ঠিকানাটার কোনো অস্তিত্ব না থাকলেও রাজধানী শহরের ট্যারে-ন্যুভে স্ট্রিট থেকে অনুপ্রাণিত হয়ে এর জন্ম বলে ধারণা করা হয়। টিনটিনের কুকুর স্নোয়ি বা কুট্টুসের নাম হার্জ মূল ফ্রেঞ্চ ভাষায় রেখেছিলেন মেলো, নিজের প্রথম বান্ধবীকে আদর করে এই নামে ডাকতেন হার্জ।
১৯৮৩ সালে হার্জ মারা যাওয়ার আগে আমাদের উপহার দিয়ে যান টিনটিনের ২৩টি জমজমাট অ্যাডভেঞ্চার কাহিনি। হার্জের রেখে যাওয়া আরেকটি অ্যাডভেঞ্চার কাহিনি প্রকাশিত হয় তাঁর মৃত্যুর পরে, ১৯৮৬ সালে। এভাবে সংখ্যাটা দাঁড়ায় ২৪। টিনটিন নিয়ে তাঁর অনেক অপ্রকাশিত ক্যারিকেচার, লেখা পাওয়া যায়। তিনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেই লেখাগুলোর আলোর মুখ দেখার সম্ভাবনা শেষ হয়ে যায়! যা হোক, ১৯২৯ সালের ১০ জানুয়ারি জন্মদিন ধরলে, এখন তার বয়স ৯৪। তবে আমাদের পাঠকদের কাছে সে ওই টগবগে কিশোরই।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া, উইকিপিডিয়া, টিনটিন ডটকম

সিসিটিভি ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে রাস্তার ধারে ময়লা ফেলতে পোষা কুকুরকে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে এক মালিকের বিরুদ্ধে। ইতালির সিসিলি দ্বীপের কাতানিয়া শহরের সান জর্জিও জেলায় এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসনে চলছে তোলপাড়, আলোচনায় মজেছে নেটিজেনরা।
৩ দিন আগে
একসময় সাম্রাজ্যের লোকজন গর্ব করে বলত, তাদের সাম্রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের ছোট শহর শেহোরের এক ভুলে যাওয়া কাগজ যেন অন্য গল্প বলে। সেখানে ইঙ্গিত আছে, সেই শক্তিশালী সাম্রাজ্যকেও একসময় ভোরের আলো দেখতে এক স্থানীয় ধনী ব্যবসায়ীর কাছ থেকে ঋণ নিতে হয়েছিল।
৫ দিন আগে
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে স্বীকৃত ইলন মাস্ক প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মালিক। ধারণা করা হচ্ছে, বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে তিনি সবার আগেই ট্রিলিয়ন ডলারের (১০০০ বিলিয়ন) মালিক হবেন। কিন্তু তাঁর আগেই কি না ৬৩ ‘কোয়াড্রিলিয়ন’ পাউন্ডের (৮০ কোয়াড্রিলিয়ন ডলারের বেশি) মালিক হয়ে গেলেন অখ্যাত এক নারী!
৮ দিন আগে
উত্তর মেসিডোনিয়ার প্রেপা হ্রদের মাঝখানে অবস্থিত এক নির্জন দ্বীপ গোলেম গ্রাদ। একসময় এই দ্বীপ কচ্ছপদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চলছে এক অদ্ভুত ও করুণ সংকট। গবেষকেরা জানিয়েছেন, দ্বীপের পুরুষ কচ্ছপদের মাত্রাতিরিক্ত যৌন আগ্রাসনের কারণে সেখানকার স্ত্রী কচ্ছপেরা বিলুপ্তির পথে।
৯ দিন আগে