Ajker Patrika

পাকিস্তান-ম্যাচের আগে মাঠ নিয়ে বাংলাদেশের অভিযোগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৩ মার্চ ২০২৬, ২২: ৪৭
পাকিস্তান-ম্যাচের আগে মাঠ নিয়ে বাংলাদেশের অভিযোগ
ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফে একবারই শিরোপা জিতেছে বাংলাদেশ। ছবি: বাফুফে

বয়সভিত্তিক সাফে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে দুটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তবে টুর্নামেন্টের অভিযান শুরুর আগে ট্রেনিংয়ের সুযোগ-সুবিধা নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের টিম ম্যানেজার সামিদ কাসিম।

ছবির মতো আঁকা মালদ্বীপে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। আগামীকাল পাকিস্তানের বিপক্ষে নামার আগে আজ অনুশীলন সেশন করিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ মার্ক কক্স। টিম ম্যানেজার সামিদ কাসিম হোটেল ও আশপাশের পরিবেশের প্রশংসা করেছেন। তবে তাঁর শিষ্যরা অনুশীলনের সময় পর্যাপ্ত সুযোগ-সুবিধা পায়নি বলে উল্লেখ করেছেন তিনি। বাফুফের ভিডিও বার্তায় টিম ম্যানেজার বলেন, ‘হোটেলটা খুব ভালো। পরিবেশও ভালো। কিন্তু আমরা অনুশীলনের জন্য আন্তর্জাতিক মানের সুবিধা পাচ্ছি না। আমরা এখন টেরেসে অনুশীলন করছি। আমাদের খেলা তো হবে ঘাসের মাঠে। টেরেসে ঘাসের মাঠের মতো প্রস্তুতি তো নেওয়া যায় না। তার ওপর ট্রেসের মানটাও নিম্নমানের। মনে হয়েছে কার্পেট বসিয়ে বসিয়ে ঠিক করা হয়েছে। অনেক জায়গায় ঘাসও নেই। প্লাস্টিকের চারকোল বসানো।’

অনুশীলনে পর্যাপ্ত সুবিধা না পেলেও সেটাকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চান না কাসিম। টিম ম্যানেজার জানিয়েছেন, তাঁর শিষ্যরা বয়সভিত্তিক সাফের শিরোপা জিততে উন্মুখ হয়ে আছেন। বাফুফের ভিডিও বার্তায় কাসিম বলেন,‘অনুশীলনে পর্যাপ্ত সুবিধা নেই। কিন্তু আমাদের প্রত্যেক খেলোয়াড় এই মানসিকতা নিয়ে নামছে, সুযোগ-সুবিধা যতই কম হোক, আমরা এখানে এসেছি জিততে। আমাদের ফুটবলাররা অনেক বেশি অনুপ্রাণিত। তাদের লক্ষ্য শিরোপার চেয়ে কোনো কম কিছুই নয়।’ ফুটবলারদেরও অনুশীলনের সময় প্রাণবন্ত লেগেছে। ভিডিও বার্তায় তাঁরা পাকিস্তানের বিপক্ষে জয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

ছেলেদের জাতীয় ফুটবল দল ভিয়েতনামে, অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল থাইল্যান্ডে, মালদ্বীপে ছেলেদের অনূর্ধ্ব-২০ দল অবস্থান করছে। ঈদের আগের রাতে দেশ ছেড়ে পরশু ভিয়েতনামে পৌঁছেছেন জামাল ভূঁইয়া-শমিত শোমরা। আর পুরুষ ও নারীদের বয়সভিত্তিক দল পরশু ঈদের দিন সকালে পৌঁছেছে মালদ্বীপ ও থাইল্যান্ডে।

ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফে বাংলাদেশ এখন পর্যন্ত একবার শিরোপা জিতেছে। ২০২৪ সালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবার মালদ্বীপে ২৪ ও ২৮ মার্চ পাকিস্তান ও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।

ঈদের ছুটির পর বাংলাদেশ ফুটবল দলের ছুটি

বাংলাদেশ জাতীয় দল

তারিখ প্রতিপক্ষ

২৬ মার্চ ভিয়েতনাম

৩১ মার্চ সিঙ্গাপুর

ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফ

তারিখ প্রতিপক্ষ

২৪ মার্চ পাকিস্তান

২৮ মার্চ ভারত

মেয়েদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ

তারিখ প্রতিপক্ষ

১ এপ্রিল থাইল্যান্ড

৪ এপ্রিল চীন

৭ এপ্রিল ভিয়েতনাম

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত