Ajker Patrika

বদলে যেতে পারে আর্জেন্টিনার ম্যাচের ভেন্যু

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ১৭: ২৩
বদলে যেতে পারে আর্জেন্টিনার ম্যাচের ভেন্যু
লুসাইলে ২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে লিওনেল মেসি তাঁর আজন্মলালিত স্বপ্নপূরণ করেছেন। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমার ভেন্যু, সময় সব নির্ধারিত ছিল আগে থেকেই। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়েছে খেলাধুলার ওপরও। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে এই দুই দলের ম্যাচ হওয়ার কথা থাকলেও সেটা না হওয়ার সম্ভাবনা বেশি। কোথায় হবে ফিনালিসিমা, তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এটার পরিপ্রেক্ষিতে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ঘরোয়া ফুটবল টুর্নামেন্ট স্থগিত করে দেয়। তাতে করে লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা-স্পেন হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, কাতার যে করেই হোক দোহায় ম্যাচটি আয়োজন করতে চাইছে। কারণ, তারা এই ম্যাচ আয়োজন করতে বিপুল অর্থ বিনিয়োগ করেছে। ভেন্যু পরিবর্তন করতে হলে স্পেনের ফুটবল ফেডারেশন, উয়েফা, কনমেবল, ফিফা ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতার দরকার।

ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিৎসিও রোমানোর মতে ফিনালিসিমা হতে পারে সান্তিয়াগো বার্নাব্যুতে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার বরাত দিয়ে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে আজ লিখেছেন, ‘আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা ম্যাচটি সম্ভবত সান্তিয়াগো বার্নাব্যুতে হবে। আগে কাতারে হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ম্যাচটি সেখানে হচ্ছে না। মার্কার প্রতিবেদন অনুযায়ী সান্তিয়াগো বার্নাব্যু নিয়ে আলোচনা বেশি চলছে।’

আর্জেন্টিনা-স্পেন ফিনালিসিমা নিয়ে উয়েফার বক্তব্য অবশ্য ভিন্ন। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় আয়োজকদের সঙ্গে আলোচনা চলছে। আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে ধারণা করা হচ্ছে। এই মুহূর্তে কোনো বিকল্প ভেন্যু বিবেচনা করা হচ্ছে না।

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডার যৌথ আয়োজনে হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারই প্রথমবার বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করছে ৪৮ দল। যার একটি হচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে সংঘাত যেভাবে ছড়িয়ে পড়েছে, তাতে চিন্তিত পুরো বিশ্ববাসী। যুদ্ধ পরিস্থিতির কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সম্প্রতি বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ। তবে ইরান বিশ্বকাপে অংশগ্রহণ করল কি করল না, তাতে কিছু যায় আসে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

কাতারের লুসাইয়ে ফ্রান্সের বিপক্ষে ধ্রুপদী ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপখরা ঘুচেছিল। মেসিও তাঁর আজন্মলালিত স্বপ্নপূরণ করেছেন এই বিশ্বকাপ জিতে। ২৭ মার্চ বাংলাদেশ সময় রাত ১২টায় হওয়ার কথা আর্জেন্টিনা-স্পেন ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত