Ajker Patrika

পাকিস্তানকে কোন কৌশলে ঘায়েল করতে যাচ্ছে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
পাকিস্তানকে কোন কৌশলে ঘায়েল করতে যাচ্ছে বাংলাদেশ
মিরপুরে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ছবি: ক্রিকইনফো

উইকেট কেমন আচরণ করবে—মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কোনো দ্বিপক্ষীয় সিরিজ শুরুর আগেই এটা নিয়ে আলাপ-আলোচনা হয় বেশি। ‘ধানখেতের উইকেট’ নামে পরিচিত মিরপুরকে কাঠগড়ায় তোলা হয়েছে অনেক বার। দরজায় যখন কড়া নাড়ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ, তখন মিরপুরের উইকেট নিয়ে শুরু হয়েছে অনেক কথাবার্তা।

বাংলাদেশ সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছে গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। মিরপুরে স্পিনবান্ধব উইকেটে উইন্ডিজকে ২-১ ব্যবধানে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। বাজে উইকেট নিয়ে ক্যারিবীয় অলরাউন্ডার আকিল হোসেন ব্যঙ্গ-বিদ্রুপ করেছিলেন। ব্যাটারদের বধ্যভূমি নামে পরিচিত এই উইকেটে সাময়িক সুবিধা পেলেও বড় মঞ্চে গিয়ে বারবার হোঁচট খায় বাংলাদেশ। তবে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের আশা, ট্রু উইকেটে খেলা হলে ব্যাটাররা তাঁদের আত্মবিশ্বাস ফিরে পাবেন।

মিরপুরে আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তার আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে এসেছেন মিরাজ। মিরপুরের উইকেট নিয়ে প্রশ্ন হলে উত্তরে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমরা অবশ্যই ট্রু উইকেটে খেলব। আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা যেটা করেছি, প্রত্যেক দলই ঘরের মাঠের সুবিধা নেয়। আপনি যদি দেখেন যে বিশ্বের যেকোনো দল খেলুক না কেন, সবাই চেষ্টা করে ঘরের মাঠের সুবিধা নেওয়ার জন্য। যেহেতু আমরা ঘরের মাঠের সুবিধা নেওয়ার চেষ্টা করেছি ও ওয়েস্ট ইন্ডিজ স্পিনে দুর্বল, সেটার জন্য আমরা চেষ্টা করেছি। এখন আমরা অবশ্যই চেষ্টা করব ট্রু উইকেটে খেলতে। ব্যাটাররা যেন আত্মবিশ্বাস পায় এবং অনেক রান করতে পারে, সেভাবেই আমরা চেষ্টা করব।’

বাংলাদেশের হয়ে সবশেষ আফিফ হোসেন ধ্রুব খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পাকিস্তান সিরিজ দিয়ে ১৫ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি। আর লিটন দাস সবশেষ ওয়ানডেতে খেলেছেন গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। এই সংস্করণে শেষ ছয় ইনিংসের মধ্যে চারটিতেই শূন্য রানে আউট হয়েছেন তিনি। বাজে ফর্মের কারণে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দলেও জায়গা পাননি তিনি।

মিরাজের মতে সেরা একাদশে জায়গা করে নিতে হলে পারফরম্যান্সের কোনো বিকল্প নেই। মিরপুরে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আশা অবশ্যই থাকে। দেখুন সেরা একাদশে যারা খেলে, সবাইকে আপনি তরুণ বলতে পারবেন না। দীর্ঘদিন ধরে বাংলাদেশ দলে খেলছে। যার সামর্থ্য আছে, সেই বাংলাদেশ দলে খেলছে।’

দলের স্বার্থে ক্রিকেটারদের নিজের দায়িত্ববোধ নিয়ে সচেতন থাকতে হবে বলে মনে করেন মিরাজ। পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমার কাছে মনে হয়, প্রত্যেক ক্রিকেটারের দায়িত্বের জায়গাটা গুরুত্বপূর্ণ। একটা সময় আমি চিন্তা করতাম হয়তো আমি মাত্র এসেছি। একটা ম্যাচ খেলেছি এবং অনেকে অনেক বছর খেলেছে। তাই সেরা একাদশে যারা খেলে, তারা পারফর্ম করার চেষ্টা করে। এখানে অজুহাত দেওয়ার কোনো সুযোগ নেই। আমার কাছে মনে হয় প্রত্যেক ক্রিকেটারের অবশ্যই পারফর্ম করতে হবে। বাংলাদেশ দলে খেলতে হলে সবারই পারফর্ম করে খেলতে হবে। ফল পেতে দায়িত্ব নিয়ে দলের স্বার্থে খেলতে হবে।’

৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে দলটি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে ৯ নম্বরে থাকতে হবে। মিরপুরে আগামীকাল পাকিস্তান সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার প্রথম পর্ব। ১৩ ও ১৫ মার্চ মিরপুরে বাকি দুই ওয়ানডে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সিঙ্গাপুর সফরের আগের দিন সাবেক গভর্নরের পিএস কামরুলসহ দুজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হওয়ার দাবি ইরানি গণমাধ্যমের, ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ইরান যুদ্ধ থেকে ‘প্রস্থানের পথ’ খুঁজছে ইসরায়েল

বাঁচা-মরার লড়াইয়ে সব ধ্বংসের পথ বেছে নেবে তেহরান

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত