Ajker Patrika

‘পাকিস্তান কি এখন আইসিসি ট্রফি চুরি করবে’

ক্রীড়া ডেস্ক    
‘পাকিস্তান কি এখন আইসিসি ট্রফি চুরি করবে’
বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর বেকায়দায় পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। সামাজিক মাধ্যমে ক্রিকেটপ্রেমীদের ব্যঙ্গ-বিদ্রূপ তো রয়েছেই, দেশটির সাবেক ক্রিকেটাররাও ধুয়ে দিচ্ছেন শাহিন শাহ আফ্রিদি-সালমান আলী আগা-ফাহিম আশরাফদের। বিদ্রূপকে এখন অন্য মাত্রায় নিয়ে গেছেন কামরান আকমল।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখা যায়নি। তবে গতকাল সিরিজ নির্ধারণী ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানে। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচে ১১ রানে জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। দ্বিপক্ষীয় সিরিজই যদি পাকিস্তান জিততে না পারে, তাহলে বৈশ্বিক শিরোপা কীভাবে জিতবে—আকমল প্রশ্ন ছুড়ে দিয়েছেন শাহিন আফ্রিদি-সালমানদের কাছে। এক অনুষ্ঠানে পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটার বলেন, ‘সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল এটা। দ্বিপক্ষীয় সিরিজ যদি জিততে না পারেন, তাহলে কী করে হবে উন্নতি? আইসিসির কাছ থেকে কি ট্রফি চুরি করবে তারা?’

টস হেরে গতকাল আগে ব্যাটিং পেয়ে ৪০ ওভারে ৩ উইকেটে ২১৩ রান করেছিল বাংলাদেশ। উইকেটে তখন ছিলেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। হাতে ৭ উইকেট থাকলে বর্তমানে এমন পরিস্থিতিতে ৩২০-৩৩০ রান, এমনকি ৩৫০ রানও হয়, বাংলাদেশ সেখানে আটকে গেছে ২৯০ রানে। লিটনের ৫১ বলে ৪১ রানের ধীরগতির ইনিংসের ফলে সেটা সম্ভব হয়নি। তাওহীদ হৃদয় ৪৪ বলে ৪৮ রান করে অপরাজিত থাকলেও সেটা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী মানানসই ছিল না।

পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি কেন আগে ব্যাটিং নেননি, এটা বুঝতে পারছেন না আকমাল। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘টস জিতে কেন আগে ব্যাটিং নেওয়া হলো না? ভালো পিচ ছিল। বাংলাদেশ ৩৫০ রান করতে পারত। লিটন দাসের ধীরগতির ইনিংসের কারণে ২৯০ রান হয়েছে।’

বাংলাদেশ সিরিজে ছয় নতুন ক্রিকেটার নিয়ে এসেছিল পাকিস্তান। যাদের মধ্যে সাহিবজাদা ফারহানের আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। নতুন সেই ছয় ক্রিকেটারকেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান অভিষেক করেছে। পাকিস্তান ক্রিকেট যেভাবে পরিচালিত হচ্ছে, সেটা আকমলের কাছে ‘কমেডি শো’-এর চেয়ে কোনো অংশে কম নয়। শাহিন-সালমানদের খোঁচা দিয়ে সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘অভ্যাস হয়ে গেছে (পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স)। কমেডি শো এটা। ম্যানেজমেন্টকে ৩০ ক্রিকেটার দেওয়া হলে এই সিরিজে সবাইকে খেলাত পাকিস্তান। হার–জিত নয়, পরীক্ষা-নিরীক্ষার শখ কাজ করছে এখন পাকিস্তানের।’

পাকিস্তান সিরিজ শেষে এক মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১৭, ২০ ও ২৩ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে আর তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে। কিউইদের বিপক্ষে সিরিজটা মিরাজ-নাজমুল হোসেন শান্তদের জন্য র‍্যাঙ্কিংয়ে আরও এগিয়ে যাওয়ার সুযোগ। এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। আর দশে নেমে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭। সবার ওপরে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৯। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগে দেবে ইরান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত