Ajker Patrika

পাকিস্তানের বিপক্ষে মিরাজ-লিটনের ‘স্মার্টনেসে’ মুগ্ধ বিসিবি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ২১: ২৩
পাকিস্তানের বিপক্ষে মিরাজ-লিটনের ‘স্মার্টনেসে’ মুগ্ধ বিসিবি
মেহেদী হাসান মিরাজ ও লিটন দাসের প্রশংসায় পঞ্চমুখ বিসিবি। ছবি: বিসিবি

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডেতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই দেখা যায়নি। তবে সিরিজ নির্ধারণী ম্যাচে লড়াই হয়েছে সমানে সমানে। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। জয় ছাপিয়ে আলোচনায় বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সেই ‘টেকনিক’। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমও প্রশংসায় ভাসিয়েছেন মিরাজকে।

২৯১ রানের লক্ষ্যে নেমে শেষ দুই বলে ১২ রান দরকার ছিল পাকিস্তানের। ওভারের পঞ্চম বলে রিশাদ হোসেনের বল লেগসাইডে ঘোরাতে যান শাহিন শাহ আফ্রিদি। আম্পায়ার সেই বল ওয়াইড দেওয়ার অনেকক্ষণ পর মিরাজ রিভিউ নিয়েছেন। ওয়াইড বলের বিপক্ষে রিভিউ নয়, এলবিডব্লিউ হয়েছে কি না সেটা যাচাই করতেই রিভিউ নিয়েছেন তিনি। শেষ পর্যন্ত এলবিডব্লিউ না হলেও বল প্যাডে লাগায় ওয়াইড বাতিল হয়ে যায়। তাতে এক বলে ১২ রানের সমীকরণের সামনে এসে পড়ে পাকিস্তান। যেটা আর শেষ পর্যন্ত বাস্তবায়ন করতে পারেনি সফরকারীরা।

মিরাজ-লিটন দাসের সঙ্গে আলোচনা করে রিশাদ যেভাবে একটা ওয়াইড বল বাতিল করতে অবদান রেখেছেন, সেটা দেখে মুগ্ধ ফাহিম। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘আমার মনে হয় রিশাদের শরীরী ভাষা দেখেও বোঝা গিয়েছিল যে কোথাও কিছু একটা লেগেছে। রিশাদ মনে হয় বুঝতে পেরেছিল। অতটা নিশ্চিত যদিও মনে হয়নি। তবে তার মধ্যে দেখেছিলাম যে কোথাও লাগতে পারে, সেটা অধিনায়ক বা উইকেটরক্ষকের সঙ্গে আলাপ করছিল। সেই পরিপ্রেক্ষিতেই বোধ হয় সিদ্ধান্ত নেওয়া। পরে বোঝা গেল যে সিদ্ধান্ত নিয়ে কতটা বুদ্ধিমানের কাজ তারা করেছিল। তাতেই বোঝা যায় আমাদের ক্রিকেটারদের ম্যাচ নিয়ে সচেতনতাও বেড়ে গেছে। চাপের মুখে তারা ঠিক সিদ্ধান্তটা নিতে পারে। ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারে।’

যদি সে সময় মিরাজ রিভিউ না নিতেন, তাহলে ওয়াইড হওয়ার পর শেষ দুই বলে ১১ রানের সমীকরণ তৈরি হতো পাকিস্তানের সামনে। শাহিন শাহ আফ্রিদি হয়তো ম্যাচটাকে সুপার ওভারে নিয়ে যেতে পারতেন। এমনকি দুই ছক্কায় ম্যাচটা বাংলাদেশের কাছ থেকে কেড়ে নিতে পারতেন। ওয়াইড বাতিল হওয়ার পর ইনিংসের শেষ বলে শাহিনকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন রিশাদ। তাতে বাংলাদেশ পেয়ে যায় ১১ রানের রুদ্ধশ্বাস জয়।

চাপের মুহূর্তে যেভাবে উপস্থিত বুদ্ধি খাটিয়ে বাংলাদেশ জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তানের কাছ থেকে, তাতে মুগ্ধ ফাহিম। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘সেটা খুবই কঠিন এক সময় ছিল। আমি বলব যে চাপের এক মুহূর্তে অনেকে হয়তো এটা খেয়াল করেনি যে বলটা ওয়াইড হয়েছে। কারণ, বলটা লেগ স্টাম্পে পিচিং করেছিল এবং অনেক ঘুরে বেরিয়ে যাচ্ছিল। বলটা ওয়াইড হবে এটাই স্বাভাবিকভাবে সবাই ধরে নিয়েছিল। আমি দূর থেকে যখন দেখেছিলাম, আমার মনে হয়েছিল সেটা ওয়াইড হবে। কিন্তু রিশাদ বা আশেপাশে যারা ছিল, তাদের হয়তো মাথায় এটা এসেছিল যে কেন সুযোগ নেওয়া হবে না। হতেও তো পারে যে কোথাও লেগেছে। আমাদের তো রিভিউটা হাতে রেখে বা জমিয়ে রেখে লাভ নেই। আমার মনে হয় সেটা মাথায় রেখেই কিন্তু এটা করা।’

গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ওয়ানডেতে স্থায়ী অধিনায়ক হয়েছেন মিরাজ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে দলের নেতৃত্বভার থাকছে তাঁর কাঁধে। তিনি অধিনায়ক হওয়ার পর শ্রীলঙ্কা, আফগানিস্তানের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। যার মধ্যে আফগানদের বিপক্ষে ধবলধোলাই হওয়ার সিরিজে একের পর এক বাজে রেকর্ডে নাম উঠেছে বাংলাদেশের। তবে উইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুই সিরিজ জিতে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দশ নম্বর থেকে ৯ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।

মিরাজের নেতৃত্বের মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন ফাহিম। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আজ সাংবাদিকদের বলেন, ‘হ্যাঁ, এক বছরের দায়িত্ব দেওয়া হয়েছে এবং এটা অবশ্যই বাড়তে পারে। মেয়াদ অবশ্যই বাড়ানো হতে পারে। যেভাবে সে খেলছে, তাতে হতে পারে। সময় হোক। তখন আমরা বলতে পারব। সে যেভাবে কাজ করছে, যথেষ্ট দায়িত্বশীল একজন অধিনায়ক হিসেবে কাজ করছে।’

পাকিস্তান সিরিজ শেষে এক মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১৭, ২০ ও ২৩ এপ্রিল নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে বাংলাদেশ। প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরে আর তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে। কিউইদের বিপক্ষে সিরিজটা মিরাজ-নাজমুল হোসেন শান্তদের জন্য র‍্যাঙ্কিংয়ে আরও এগিয়ে যাওয়ার সুযোগ। এখন বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। আর দশে নেমে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৭। সবার ওপরে থাকা ভারতের রেটিং পয়েন্ট ১১৯। ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নিউজিল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান

আটক ৩ ট্যাংকার ফেরত দিলে ভারতকে হরমুজে যাতায়াতের সুযোগে দেবে ইরান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত