
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের ওপর আদালতের নিষেধাজ্ঞার সুযোগে দলের ভেতর নতুন মেরুকরণ তৈরি হয়েছে। জিএম কাদের-বিরোধী অংশ গতকাল মঙ্গলবার এক সভায় দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে। একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে জিএম কাদের যাদের বহিষ্কার করেছিলেন, তাঁদের সবার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
এসব সিদ্ধান্তকে জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বেআইনি বলে মন্তব্য করেছেন। তাঁর মতে, আদালতের আদেশে শুধু জিএম কাদের ও দপ্তর সম্পাদকের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে কোনো নির্দেশনা ছিল না।
গত ৩০ জুলাই ঢাকার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম এক আদেশে জিএম কাদের এবং দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সব ধরনের সাংগঠনিক কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এই আদেশের পরিপ্রেক্ষিতেই আনিসুল ইসলাম মাহমুদ ও তাঁর অনুসারীরা গুলশানে এক সভায় মিলিত হন।
সভা শেষে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদালতের নিষেধাজ্ঞা থাকায় জিএম কাদের কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করতে পারছেন না। ফলে গঠনতন্ত্রের বিধান অনুযায়ী সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে, জি এম কাদেরের বহিষ্কারাদেশও আদালতের আদেশে অকার্যকর হয়ে গেছে বলে দাবি করেন তারা।
জিএম কাদের অংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি অবশ্য এই সিদ্ধান্তকে সম্পূর্ণ অবৈধ বলে উড়িয়ে দিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আইনগতভাবে শুধু চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানই প্রেসিডিয়ামের সভা ডাকতে পারেন। অন্য কারও পক্ষে এটি সম্ভব নয়।’ তিনি আরও বলেন, আদালতের আদেশে বহিষ্কারাদেশ পুনর্বহালের কোনো কথা বলা হয়নি।
আনিসুল ইসলাম মাহমুদসহ ১০ জন নেতা গত ১০ জুলাই জিএম কাদেরের বিরুদ্ধে মামলা করেছিলেন। তাঁদের অভিযোগ, জিএম কাদের অবৈধভাবে দলের চেয়ারম্যান হন এবং গঠনতন্ত্রের পরিপন্থী কাজ করেন। আদালত আবেদনকারীদের চারটি দাবির মধ্যে জিএম কাদেরের সাংগঠনিক কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করেন। তবে জ্যেষ্ঠতার ভিত্তিতে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার যে নির্দেশনা চাওয়া হয়েছিল, তা আদালত মঞ্জুর করেননি।
আনিসুল ইসলাম মাহমুদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার মধ্য দিয়ে জাপার অভ্যন্তরীণ কোন্দল আরও জটিল হলো। এখন জিএম কাদের এবং তাঁর অনুসারীরা কী পদক্ষেপ নেন, সেদিকেই সবার দৃষ্টি। দলের এই সংকট দলের ভবিষ্যৎ রাজনীতিতে কী প্রভাব ফেলবে, তা নিয়েও রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা।
আরও খবর পড়ুন:

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১২ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৫ ঘণ্টা আগে