আগুন লেগেছে। ১৪ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মিরপুরের রূপনগরের এম এস আলম ট্রেডার্স নামের একটি রাসায়নিক গুদাম ও পাশের একটি পোশাক কারখানায়।
খবরটি দুই দিনে পুরোনো হয়ে গেলেও আহাজারি কমেনি এই আগুনে দগ্ধ ব্যক্তিদের স্বজনদের। ঠিক কোথায় আর কীভাবে এই আগুনের সূত্রপাত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যেমনটা নিশ্চিত হওয়া যায়নি কতজন প্রাণ দিয়েছেন এই অগ্নিকাণ্ডে।
রূপনগরের শিয়ালবাড়ীর ৩ নম্বর রোডে এখনো হয়তো কেউ দাঁড়িয়ে আছেন স্বজনের ছবি হাতে। সেই ছবি দেখে লাশ চেনার কোনো উপায় থাকবে বলে মনে হয় না। নারগিস আক্তারের মরদেহটি যেমন তাঁর বাবা শনাক্ত করেছেন পায়ের নূপুর দেখে। ফল বিক্রেতা বাবাকে একটু সাহায্যই তো করতে চেয়েছিলেন এইচএসসি পাস করা নারগিস। মরে গিয়ে হয়তো পরিবারের একজন সদস্যের ভার কমিয়ে দিলেন। তাতে কি তাঁর বাবার খুব সাহায্য হলো? বরং বাবার বুকটা ভারী হয়ে গেল আজীবনের জন্য।
এই সম্পাদকীয়টি লেখা পর্যন্ত একে একে যে ১৬টি লাশ উদ্ধার করা হলো, তাদের প্রত্যেকের এ রকম ভিন্ন ভিন্ন গল্প রয়েছে। তাঁদের জীবনপ্রদীপ নিভেছে, আগুনও নিভেছে, কিন্তু সম্পাদকীয় লেখা পর্যন্ত রাসায়নিক গুদাম থেকে ধোঁয়া বের হচ্ছে। গুদামে থাকা দাহ্য পদার্থ পুরোপুরি নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত ধোঁয়া উঠবে বলে জানায় ফায়ার সার্ভিস। রাসায়নিক গুদামে তাই উদ্ধারকাজ বেশ ঝুঁকিপূর্ণ। ফায়ার সার্ভিসের সদস্যরা বিশেষ পোশাক পরে প্রস্তুতি নিয়েছে এখানে প্রবেশের।
রূপনগরের এই ঘটনার সঙ্গে অনেকে হয়তো অনেক অগ্নিকাণ্ডের মিল পাবেন। আগুন লাগার এসব দৃশ্য আমাদের দেশে সাধারণ চিত্রে পরিণত হয়েছে। খানিকটা অতীতের দিকে তাকালে মনে পড়ে শুধু ঢাকা শহরেই ঘটে যাওয়া তাজরীন ফ্যাশনস অগ্নিকাণ্ড, নিমতলী ট্র্যাজেডি, চুড়িহাট্টা ট্র্যাজেডি কিংবা বঙ্গবাজার, বনানীর এফ আর টাওয়ার ও বেইলি রোড ট্র্যাজেডির কথা। এসব অগ্নিকাণ্ডের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। তবু আমাদের সতর্ক হতে যেন বয়েই গেছে!
আলম ট্রেডার্সের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এটি অনুমোদনহীন। পোশাক কারখানার মালিকের কোনো হদিস নেই। আপাতত সেদিকটা না ঘেঁটে নজর দিতে হয় আগুনের ওপর। একটা ভবনে আগুন কেন লাগে, কীভাবে লাগে আর লেগে গেলে করণীয় কী কিংবা অগ্নিকাণ্ড এড়াতে ভবনের নকশা কেমন হওয়া উচিত—এসব ব্যাপারে কোনো ভবনের মালিক ও ওই ভবন ব্যবহারকারীরা কস্মিনকালেও ভেবেছে কি না, এ নিয়ে সন্দেহ থেকে যায়। এখন তো কৃত্রিম বুদ্ধিমত্তাকে জিজ্ঞেস করলেও সে বলে দিতে পারে কী কী সতর্কতা অবলম্বন করতে হয়।
গ্যাস ও বিদ্যুতের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ, দাহ্য পদার্থের সঠিক সংরক্ষণ, আগুন নিয়ন্ত্রণে ভবনের সঠিক নকশা, ফায়ার অ্যালার্ম ও ফায়ার এক্সিটের ব্যবহারের পাশাপাশি অগ্নি সুরক্ষা প্রশিক্ষণ সম্পর্কে দেশের প্রতিটি নাগরিকের ধারণা থাকা উচিত। জনসচেতনতা তৈরি ও বাড়াতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরকেই কাজ করতে হবে জোরেশোরে।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও এস্থার ডাফলো তাঁদের যুগান্তকারী গবেষণায় দেখিয়েছেন যে ‘দারিদ্র্য বিমোচনের বড় পরিকল্পনা প্রায়ই ব্যর্থ হয়, যখন তা মাঠের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন থাকে।’ তাঁরা ‘পুওর ইকোনমিকস’ গ্রন্থে দেখিয়েছেন—দরিদ্র মানুষের আচরণগত...
৪ ঘণ্টা আগে
জাতীয় বাজেট কেবল একটি দেশের আয়-ব্যয়ের হিসাব নয়, এটি রাষ্ট্রের উন্নয়ন-দর্শন, অগ্রাধিকার এবং ভবিষ্যৎ পরিকল্পনার প্রতিচ্ছবি। কোন খাতকে রাষ্ট্র কতটা গুরুত্ব দিচ্ছে, তার সবচেয়ে স্পষ্ট প্রতিফলন ঘটে বাজেট বরাদ্দের মাধ্যমে।
৪ ঘণ্টা আগে
২০২৬ সালের ১১ জুন জাতীয় সংসদে উপস্থাপন করা হয় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট। তাতে মোট আকার ধরা হয়েছে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা ইতিহাসের বৃহত্তম বাজেট। এই বিপুল অঙ্কের বাজেট নিয়ে শুরু হয়েছে আলোচনা, সমালোচনা...
৪ ঘণ্টা আগে
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর করার ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করার পর চট্টগ্রামের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনার গুরুত্ব বুঝে ত্বরিত এই সিদ্ধান্ত নেওয়ায় কর্তৃপক্ষকে সাধুবাদ জানানো যেতেই পারে।
৪ ঘণ্টা আগে