
ঢাকা থেকে যশোর পর্যন্ত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের জন্য চীন থেকে ১০০টি বগি আনা হচ্ছে। ইতিমধ্যে ১৫টি বগি দেশে এসে পৌঁছেছে। বাকিগুলোও জুন-জুলাইয়ের মধ্যে দেশে এসে পৌঁছাবে। এসব বগি এতটাই অত্যাধুনিক ট্রেনে আগুন ধরার আগেই অ্যালার্ম (সতর্ক সংকেত) বাজবে। বগিতে যুক্ত থাকবে ওয়াইফাই, সিসি ক্যামেরা, টিভি মনিটর এবং পরিবেশবান্ধব বায়ো টয়লেট।
রেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা এস এম সলিমুল্লাহ বাহার আজকের পত্রিকাকে জানান, পদ্মা রেল সেতু প্রকল্পের বগিগুলোতে ওয়াইফাই রাউটার এমনভাবে যুক্ত, কেউ চাইলেও চুরি করতে পারবে না। আগের ট্রেনগুলোতে ওয়াইফাই যুক্ত থাকলেও ব্যবহার করা যায়নি। কারণ রাউটার বাইরে থাকায় চুরি হয়ে যেতো। কিন্তু পদ্মা সেতু প্রকল্পের জন্য আনা বগিগুলো ইন্টারবিল্ড ওয়াইফাই হওয়ায় (ভেতর থেকে সংযোগ), চুরি হওয়ার সম্ভাবনা নেই। যাত্রীরা অনায়াসে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, এই ১০০টি কোচ তৈরি করছে চীনের সিআরইসি তাংশান কোম্পানি লিমিটেড। কোচগুলোর মধ্যে রয়েছে চারটি শীতাতপ নিয়ন্ত্রিত স্লিপার কার, ১৬টি শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ার কার, ৫২টি শোভন চেয়ার কার, ১৮টি প্যান্ট্রি ও গার্ড ব্রেকসহ শোভন চেয়ার কার এবং ১০টি পাওয়ার কারসহ শোভন চেয়ার কার। ২০২৩ সালের জুন-জুলাইয়ের মধ্যে সব বগি দেশে এসে পৌঁছাবে।
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ১৫টি কোচ ইতিমধ্যে এসেছে। বাকিগুলোও জুন-জুলাইয়ের মধ্যে চলে আসবে। কোচগুলোর প্রতিটিতেই থাকবে সিসি ক্যামেরা। কোচগুলো প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে চলার উপযোগী করে তৈরি করা হয়েছে। তবে স্লিপার কোচে ক্যামেরা লাগানো থাকবে কোচের করিডরে। শারীরিকভাবে অক্ষম যাত্রীরা ট্রেনে ওঠার জন্য বিশেষ ব্যবস্থা, বিশেষ ধরনের টয়লেটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে বলে জানান তিনি।
আফজাল হোসেন বলেন, এই ট্রেনের বিশেষ আরেকটি দিক হলো অটো অ্যালার্ম। অর্থাৎ ট্রেনে কোনো কারণে আগুন ধরার আগেই বিশেষভাবে বসানো সেনসর অ্যালার্ম দিয়ে সতর্ক করবে।
২০২৪ সালের মধ্যে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ট্রেন চালানোর লক্ষ্য রয়েছে রেলওয়ের। সে অনুযায়ী প্রকল্পের কাজ এগিয়ে নিচ্ছে রেল কর্তৃপক্ষ। চীন থেকে আসা এসব কোচ সৈয়দপুরে নিয়ে যাওয়া হবে। তারপর কোচগুলো ফাইনাল ট্রায়াল দিয়ে ঠিকঠাকমতো পেলে বুঝে নেবে রেলওয়ে।
প্রকল্প পরিচালক আফজাল হোসেন বলেন, যেসব কোচ আনা হচ্ছে, ওইগুলো সব ট্রায়াল দেওয়া হবে। কোনো ত্রুটি থাকলে গ্রহণ করা হবে না।
জানা যায়, ২০১৬ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) অনুমোদিত হয় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। রেল সংযোগ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে ৩৯ হাজার ২৪৬ কোটি টাকা। এ প্রকল্পের মাধ্যমে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে নতুন চার জেলা (মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল) অতিক্রম করে যশোরের সঙ্গে রেল যোগাযোগ স্থাপিত হবে।
একই সঙ্গে বিদ্যমান ভাঙা-পাচুরিয়া-রাজবাড়ী পর্যন্ত রেলপথটি ব্যবহার করে এসব অঞ্চলের মানুষ ঢাকার সঙ্গে সহজেই যাতায়াত করতে পারবে। ২০২৪ সালের জুনে প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের আওতায় ঢাকা থেকে মাওয়া, সেখান থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার ব্রড গেজ রেলপথ নির্মাণ করা হচ্ছে। এর বাইরে ৪৩ দশমিক ২২ কিলোমিটার লুপ ও সাইডিং লাইন এবং তিন কিলোমিটার ডাবল লাইন নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় ১৪টি নতুন স্টেশন নির্মাণের পাশাপাশি ছয়টি স্টেশনের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে