Ajker Patrika

বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানকে নতুন প্রস্তাব দেওয়ার আহ্বান

বিশেষ প্রতিনিধি, ঢাকা
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানকে নতুন প্রস্তাব দেওয়ার আহ্বান
আজ শুক্রবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়। ছবি: আজকের পত্রিকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ইস্যুতে জাপানের প্রতিনিধিদের বাংলাদেশের প্রস্তাব পুনর্বিবেচনা করে সংশোধিত প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার।

আজ শুক্রবার ঢাকায় এক উচ্চপর্যায়ের বৈঠকে এই আহ্বান জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে জাপানের পক্ষ থেকে উপস্থাপিত সংশোধিত প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং বিশেষভাবে গুরুত্ব পায় বিমানবন্দরের এমবার্কেশন ফি, আপফ্রন্ট পেমেন্ট ও রাজস্ব ভাগাভাগির বিষয়গুলো।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বার্থ বিবেচনায় জাপানকে নতুন করে প্রস্তাব সংশোধন করে জমা দিতে হবে। একই সঙ্গে তিনি নতুন সরকারের পক্ষ থেকে জাপানের সঙ্গে কাজ করার আগ্রহের কথাও তুলে ধরেন।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, দেশের স্বার্থ রক্ষায় সরকার বারবার আলোচনায় বসছে এবং দ্রুত সময়ের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর বিষয়ে তারা আশাবাদী।

এ বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাপানের প্রতিনিধিদলে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপানের ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের সহকারী ভাইস মিনিস্টার রিয়েকো নাকায়ামা।

বৈঠকে দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে পুনরায় আলোচনায় বসার ব্যাপারেও উভয় পক্ষ সম্মত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত