Ajker Patrika

বাহরাইনে নিহত প্রবাসী তারেকের মরদেহ দেশে

বিশেষ প্রতিনিধি, ঢাকাউত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি 
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ২৩: ০২
বাহরাইনে নিহত প্রবাসী তারেকের মরদেহ দেশে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এস এম তারেকের মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে বাহরাইনে নিহত বাংলাদেশি এস এম তারেকের মরদেহ দেশে পৌঁছেছে। আজ শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গালফ এয়ারের একটি ফ্লাইটে মরদেহটি আনা হয়।

বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মরদেহ গ্রহণের পর মন্ত্রী গভীর শোক প্রকাশ করে জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। তিনি বলেন, প্রবাসী কল্যাণ, পররাষ্ট্র এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করে নিহত ব্যক্তিদের মরদেহ দ্রুত দেশে আনার প্রক্রিয়া জোরদার করেছে।

সরকারের পক্ষ থেকে নিহত ব্যক্তির পরিবারকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে দাফনের জন্য ৩৫ হাজার টাকা ও নগদ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। পাশাপাশি ৩ লাখ টাকা আর্থিক সহায়তা এবং ১০ লাখ টাকার বিমা সুবিধা দেওয়ার কথা জানানো হয়েছে। দীর্ঘ মেয়াদে পরিবারটিকে সহায়তা দেওয়ারও আশ্বাস দেন মন্ত্রী।

প্রতিমন্ত্রী মো. নুরুল হক জানান, এ পর্যন্ত তিনজন প্রবাসী বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে এবং প্রতিটি পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। তিনি মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে। ভিসার মেয়াদ বৃদ্ধি এবং সংকটকালীন সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। পাশাপাশি মানব পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

সরকার জানায়, সংঘাতপূর্ণ পরিস্থিতিতে প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করা এবং প্রয়োজনে দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত