
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একজন মায়ের ফোনকল ও অসহায় আবেদনে দ্রুত পদক্ষেপ নিয়ে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লার নাঙ্গলকোটে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার বিকেলে জাতীয় জরুরি সেবায় দায়িত্বরত (গণমাধ্যম ও জনসংযোগ) পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার যুবকেরা হলেন কুমিল্লার নাঙ্গলকোটের অষ্টগ্রাম এলাকার ফয়েজ আহমেদ (২৬) ও রিয়াজ মোল্লা (২১)।
আনোয়ার সাত্তার জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার একজন গৃহকর্মী বিধবা নারী ৯৯৯ নম্বরে কল দিয়ে অভিযোগ করে জানান, তাঁর ১৩ বছরের শিশুকন্যা উপজেলায় তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। গত সোমবার বাড়ি ফেরার কথা। কিন্তু সারা রাত গড়িয়েও না ফেরায় তিনি চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন। পরদিন মঙ্গলবার মুমূর্ষু অবস্থায় বাড়ি ফিরলে তিনি ঘটনার বিস্তারিত শুনে জানতে পারেন—ফেরার পথে ওই নারীর দূর-সম্পর্কের এক আত্মীয়সহ আরও দুজন তাঁর মেয়েকে পথ থেকে অজ্ঞাত স্থানে আটকে রেখে রাতভর পালাক্রমে ধর্ষণ করেন। ঘটনা জানার পর তিনি তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশের সাহায্য চান।
এ পুলিশ কর্মকর্তা আরও জানান, কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল শিল্পী এবং পুরো সময়ে উদ্ধারসংশ্লিষ্টদের সঙ্গে তদারকি ও সমন্বয় করেন জাতীয় জরুরি সেবায় কর্মরত পুলিশ ডিসপাচার এসআই আওলাদ হোসেন। এ ছাড়া তথ্য পাওয়ার পরপরই নাঙ্গলকোট থানা-পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, পরে নাঙ্গলকোট থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আলমগীরের নেতৃত্বে একটি দল আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ও স্থানীয় সোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত ফয়েজ আহমেদ ও রিয়াজ মোল্লাকে গ্রেপ্তার করে।
এ কর্মকর্তা জানান, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।
মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং ভুক্তভোগী কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সংসদকক্ষের ওই চেয়ারগুলোর পিন খোলা থাকায় এমপিদের হাত কেটে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন সরকারদলীয় সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক। আজ বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জয়নাল আবদিন ফারুক এ কথা বলেন...
৩ ঘণ্টা আগে
সিলেট নগরের সওদাগরটুলায় নিজ বাড়ির শোয়ার ঘর থেকে ২০১৫ সালের ১৮ মে ইব্রাহিম আবু খলিলের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। তিনি তাবলিগ জামাতের ধোপাদিঘিরপাড় আঞ্চলিক শাখার মুরব্বি (আমির) ছিলেন। ঘটনার পর খলিলের স্ত্রী ফাতিহাকে আটক করা হয়। ঘটনার পরদিন মামলা করে পুলিশ।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফরে ২১ জুন মালয়েশিয়া যাবেন। দেশটিতে দুদিনের সফর শেষে তিনি সেখান থেকেই চীনে পৌঁছাবেন। চীনে চার দিনের সফরে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযানে গত দেড় মাসে ১৫৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। গত ১ মে থেকে ১৭ জুন পর্যন্ত এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। আজ বুধবার পুলিশ সদর দপ্তরের প্রকাশিত এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।
৪ ঘণ্টা আগে