
খেলা শুরুর আগে জাতীয় সংগীত চলাকালে নীরবতা পালন করায় দেশে ফিরলে নির্যাতনের শিকার হওয়ার আশঙ্কায় থাকা ইরানের পাঁচ নারী ফুটবলারকে মানবিক ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার ক্যানবেরায় এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘোষণা দেন। আলবানিজ বলেন, ‘এই সাহসী নারীদের দুর্দশা অস্ট্রেলীয়দের ব্যথিত করেছে। তাঁরা এখানে নিরাপদ এবং তাঁদের মনে করা উচিত এটি তাঁদেরই ঘর।’
এর এক দিন আগে পুলিশ তাঁদের ইরানি সরকারি তত্ত্বাবধায়কদের কাছ থেকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আলবানিজকে ধন্যবাদ জানিয়ে বলেন, অস্ট্রেলিয়া যদি তাঁদের থাকতে না দিত, তবে যুক্তরাষ্ট্র খেলোয়াড়দের গ্রহণ করতে প্রস্তুত ছিল।
অস্ট্রেলীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসা পাওয়া পাঁচ খেলোয়াড় হলেন জাহরা সারবালি আলিশাহ, মোনা হামৌদি, জাহরা গানবারি, ফাতেমেহ পাসানদিদেহ এবং আতেফেহ রামেজানিজাদেহ। কর্মকর্তারা জানান, বর্তমানে তাঁরা পুলিশের নিরাপত্তায় একটি গোপন স্থানে রয়েছেন।
আলবানিজ জানান, এশিয়ান কাপ খেলতে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থানরত ইরানের জাতীয় দলের অন্য খেলোয়াড়দের জন্যও এই সহায়তা উন্মুক্ত রয়েছে, তবে সেটি গ্রহণ করবেন কি না, সিদ্ধান্ত তাঁদের।
টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার বিকেলে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর গোল্ড কোস্টে একটি হোটেল থেকে কয়েকজন ইরানি খেলোয়াড় বাসে করে বের হয়ে যাচ্ছেন। তবে বাসে কারা ছিলেন বা তাঁরা কোথায় যাচ্ছিলেন, তা স্পষ্ট হয়নি।
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক তাঁর এক্স অ্যাকাউন্টে পাঁচ খেলোয়াড়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ভিসা দেওয়ার পর তাঁদের সঙ্গে ছবি তোলেন তিনি।
বার্ক জানান, সরকার কয়েক দিন ধরে গোপনে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা চালাচ্ছিল। তবে তিনি স্বীকার করেন, দেশ ছেড়ে আসার সিদ্ধান্তটি তাঁদের জন্য কঠিন ছিল। তিনি আরও বলেন, ‘দলের অন্য সদস্যদের জন্যও প্রস্তাবটি এখনো খোলা আছে। কিন্তু খুব সম্ভব এমনকি সম্ভাবনাই বেশি যে দলের প্রত্যেক নারী খেলোয়াড় অস্ট্রেলিয়ার দেওয়া সুযোগ গ্রহণের সিদ্ধান্ত নেবেন না।’
প্রথম দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছিলেন, খেলোয়াড়দের দেশে ফিরতে দেওয়া হলে অস্ট্রেলিয়া ‘একটি ভয়াবহ মানবিক ভুল’ করবে। তিনি আশঙ্কা করেছিলেন, ইরানে ফিরলে তাঁদের ‘হত্যা করা হতে পারে’। তবে পরে আলবানিজের সঙ্গে ফোনালাপের পর তিনি অস্ট্রেলিয়ার পদক্ষেপের প্রশংসা করেন। আলবানিজ জানান, সোমবার গভীর রাতে ট্রাম্পের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং সেখানে গত ৪৮ ঘণ্টার উদ্ধার অভিযানের বিস্তারিত জানানো হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সোমবার রাত প্রায় ২টার দিকে ট্রাম্প ফোন করেছিলেন। গত ৪৮ ঘণ্টায় আমরা যে পদক্ষেপ নিয়েছি, তা তাঁকে জানাতে পেরেছি। দলের পাঁচজন সদস্য সহায়তা চেয়েছিলেন, আমরা তা দিয়েছি এবং তাঁরা এখন নিরাপদ স্থানে আছেন।’
অস্ট্রেলিয়ায় চলমান এশিয়ান কাপ চলাকালে ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা শুরু হয়, যাতে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত হন।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জাতীয় সংগীত চলাকালে নীরবতা পালন করায় ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে এই নারী ফুটবলারদের ‘যুদ্ধকালীন বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করা হয়। ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের এক ভাষ্যকার খেলোয়াড়দের নীরবে দাঁড়িয়ে থাকার সিদ্ধান্তকে ‘চরম অসম্মানজনক’ বলে মন্তব্য করেন। এতে দলটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়।
পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামার আগে ইরানের খেলোয়াড়েরা জাতীয় সংগীত গেয়েছেন এবং সালাম জানিয়েছেন। এতে মানবাধিকারকর্মীদের মধ্যে আশঙ্কা তৈরি হয় যে সরকারি তত্ত্বাবধায়কদের চাপে ও ভয়ে তাঁরা সেটি করতে বাধ্য হয়েছিলেন। গত রোববার ফিলিপাইনের কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ইরান।
ইরান ফুটবল ফেডারেশনের নারী বিষয়ক ভাইস প্রেসিডেন্ট ফরিদেহ শোজাইকে উদ্ধৃত করে ইরানি গণমাধ্যম জানিয়েছে, ওই পাঁচ খেলোয়াড় পুলিশের সহায়তায় হোটেলের পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেছেন। এ নিয়ে খেলোয়াড়দের পরিবার ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন বলে জানান তিনি।
তিনি বলেন, ‘কী ঘটতে যাচ্ছে তা জানার জন্য আমরা দূতাবাস, ফুটবল ফেডারেশন, পররাষ্ট্র মন্ত্রণালয়—সব জায়গার যোগাযোগ করেছি। এমনকি এই পাঁচ খেলোয়াড়ের পরিবারের সঙ্গেও কথা বলেছি।’
বিশ্ব ফুটবলারদের সংগঠন ফিফপ্রো জানায়, তারা এখনো ইরানে থাকা দলের অন্য খেলোয়াড় ও তাঁদের পরিবারের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে উদ্বিগ্ন। ফিফপ্রো এশিয়া/ওশেনিয়া অঞ্চলের সভাপতি বো বুশ রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘সব খেলোয়াড় যেন নিজেদের সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা পান এবং নিজেদের অধিকার সম্পর্কে অবগত থাকেন, এ বিষয়টি নিশ্চিত করা জরুরি।’
ইরানি গণমাধ্যম জানিয়েছে, দলের অন্য সদস্যরা এখনো অস্ট্রেলিয়ায় আছেন। শোজায়ির উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, দলের বাকি সদস্যরা দুবাই হয়ে ইরানে ফিরতে চাইলেও সংযুক্ত আরব আমিরাত তাঁদের অনুমতি দেয়নি। এখন মালয়েশিয়া বা তুরস্ক হয়ে তাঁদের ইরানে পাঠানোর চেষ্টা চলছে।
এর আগে ২০২১ সালে তালেবানরা ক্ষমতা দখলের পর আফগানিস্তানে নারী ক্রীড়া নিষিদ্ধ করলে দেশটির নারী ক্রিকেট দলের ২০ জনের বেশি সদস্যকে জরুরি মানবিক ভিসা দিয়েছিল অস্ট্রেলিয়া।

ইরান ঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলাকালে উপসাগরীয় অঞ্চল থেকে এক ফোঁটা তেলও রপ্তানি হতে দেবে না তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছিলেন, যুদ্ধ প্রায় শেষের পথে, তখনই তেহরানের এই হুঁশিয়ারি ছিল তার বক্তব্যের সরাসরি জবাব। আজ মঙ্গলবার ইরান এই ঘোষণা দিয়েছে বলে
৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার দিকে নজর দিচ্ছেন। একই সময়ে তাঁর কিছু উপদেষ্টা ব্যক্তিগতভাবে তাঁকে একটি ‘এক্সিট র্যাম্প’ বা ‘প্রস্থানপথ’ খুঁজে দেখার পরামর্শ দিয়েছেন। কারণ, তেলের দাম দ্রুত বাড়ছে এবং দীর্ঘস্থায়ী সংঘাত রাজনৈতিক প্রতিক্রি
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান ইরানের মার্কিন–ইসরায়েলি আগ্রাসন তেল সরবরাহে বিঘ্ন ঘটানোয় এবং জ্বালানির দামে অস্থিরতা তৈরি হওয়ায় সরকারি কর্মীদের হোম অফিস বা ঘরে বসে কাজের আহ্বান জানিয়েছে থাইল্যান্ড ও ভিয়েতনাম। একই সঙ্গে শক্তি সাশ্রয়ের আরও নানা পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা
২ ঘণ্টা আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন—এমন জল্পনাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি গতকাল সোমবার এক প্রতিবেদনে এই দাবি করেছে। তবে এর পক্ষে কোনো শক্তিশালী প্রমাণ তারা দেয়নি।
৫ ঘণ্টা আগে